পুরান ঢাকায় দেয়াল ধসে নিহত ২
পুরান ঢাকার গেণ্ডারিয়ায় নির্মাণাধীন একটি বাড়ির দেয়াল ধসে দুই পথচারী নিহত হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার দুপুরে সতীশ সরকার সড়কে গেণ্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের কাছে ওই দেয়াল ধসের পর দুজন চাপা পড়েন।
ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী জানান, চাপা পড়া দুজনের দেহ ছিল নিসাড়। তাদের মাথার দিক থেকে রক্ত বের হচ্ছিল।
ধসের পর স্থানীয়রা দুজনকে মিটফোর্ড হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত একজনের নাম আবদুর রশীদ। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো বোরকা।
