Published : 08 Apr 2025, 06:36 PM
চুল স্টাইলিং বা সজ্জার আগ্রহ থাকলেও সঠিকভাবে করা কিন্তু বাস্তবে বেশ কঠিন কাজ।
চুলের স্টাইল সঠিকভাবে না করলে ক্ষতি হতে পারে। এ সময়ে টিকটক বা ইউটিউবের টিউটোরিয়াল দেখে অনেকেই চুলের স্টাইলিং করতে চেষ্টা করেন। তারপরও ঠিকভাবে হয় না।
এর কারণ দক্ষতার অভাব নয় বরং ভুল যন্ত্রের ব্যবহার। বিশেষ করে চুল সোজা করার জন্য স্ট্রেইটনার, কার্লিং ওয়ান্ড বা হেয়ার ড্রায়ার ব্যবহার করার সময় প্রায়ই কিছু ভুল হয়ে যায়।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক কেশ পরিচর্যার ব্র্যান্ড ‘ক্যালিস্টা’ -এর প্রতিষ্ঠাতা ও কেশসজ্জাবিদ মারিয়া ম্যাককুল বলেন, “পেশাদার উষ্ম যন্ত্র ব্যবহার করার সময় যে সাধারণ ভুলগুলো করা হয়, তা হল চুলে ভুল যন্ত্র ব্যবহার। অর্থাৎ যে যন্ত্রটি সেই নিদিষ্ট ধরনের চুলের জন্য তৈরি হয়নি এবং এর ব্যবহার পদ্ধতিও পেশাদাররাই জানেন।”
ম্যাককুল আরও বলেন, “এই সমস্যাটি মূলত ১৯৮০-এর দশক থেকে শুরু হয়েছে, যখন মানুষ স্যালন থেকে যন্ত্র কিনে তা নিজেই ব্যবহার শুরু করে। তবে তারা কখনই সঠিকভাবে যন্ত্র ব্যবহার করার পদ্ধতি শেখেনি। সেগুলো মূলত স্যালনের পেশাদারদের জন্য ডিজাইন করা ছিল।”
তবে যেহেতু চুলের সৌন্দর্য বাড়াতে উষ্ম যন্ত্র বা ‘হট টুল’য়ের ব্যবহার বেড়েছে, তাই ঘরে বসেই ব্যবহারের নিয়ম জানতে হবে। না হলে চুলের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে।
চুলে উষ্ণ যন্ত্র ব্যবহারের সাধারণ কিছু ভুল এবং সমাধান নিয়ে পরামর্শ দিয়েছেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি।
সঠিক তাপমাত্রা ব্যবহার না করা
অনেকেই চুলের ধরন অনুযায়ী তাপমাত্রা ঠিক করেন না। ‘ফ্ল্যাট আয়রন’ বা ‘কার্লিং ওয়ান্ড’য়ের তাপমাত্রা যদি খুব বেশি হয়, তবে চুলে শুষ্কতা এবং ভঙ্গুরতা সৃষ্টি করতে পারে। যাদের চুল খুব সূক্ষ্ম বা দুর্বল, তাদের জন্য বেশি তাপমাত্রা অত্যন্ত ক্ষতিকর। আবার যারা ঘন বা কোঁকড়া চুলের অধিকারী, তাদের জন্য তাপমাত্রা কম রাখা উচিত নয়।
সমাধান: চুলের ধরন অনুযায়ী তাপমাত্রা নির্বাচন করতে হবে। যদি চুল দুর্বল বা সূক্ষ্ম হয়, তবে তাপমাত্রা ১৫০-১৮০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখাই ভালো। ঘন এবং কোঁকড়া চুলের জন্য তাপমাত্রা ২০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা যেতে পারে।
চুল শুষ্ক অবস্থায় যন্ত্র ব্যবহার
অনেকেই উষ্ম যন্ত্র ব্যবহার করার আগে চুল ভালোভাবে শুকাতে দেন না। কিংবা যথেষ্ট তেল বা ‘প্রোটেকটিভ স্প্রে’ ব্যবহার করেন না। চুল শুকনা হলে এবং সঠিক সুরক্ষা ছাড়া উষ্ণ যন্ত্র ব্যবহার করলে চুল সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে।
সমাধান: চুলের সুরক্ষার জন্য ‘হিট প্রোটেকটিভ স্প্রে’ ব্যবহার করতে হবে। আর উষ্ম যন্ত্র বা ‘হট টুল’ ব্যবহার করার আগে চুলে ময়েশ্চারাইজার ব্যবহার খুবই গুরত্বপূর্ণ। এছাড়া চুল সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই উষ্ম যন্ত্র ব্যবহার করতে হবে।
একই জায়গায় দীর্ঘ সময় ধরে রাখা
‘ফ্ল্যাট আয়রন’ বা ‘কার্লিং ওয়ান্ড’ এক জায়গায় দীর্ঘ সময় ধরে রাখলে চুলের প্রোটিন ভেঙে যায়। আর চুলের শাখা ফাটতে পারে। অনেকেই দ্রুত ফলাফল পেতে এক জায়গায় বেশি সময় ধরে যন্ত্র ব্যবহার করেন।
সমাধান: উষ্ম যন্ত্র ব্যবহার করার সময় এক জায়গায় পাঁচ থেকে ১০ সেকেন্ডের বেশি রাখা যাবে না কোনোভাবেই। একে একে প্রতিটি ভাগে যন্ত্র ব্যবহার করতে হবে। যন্ত্রের তাপমাত্রা একটু কম রাখলে চুলের ভঙ্গুরতা বাড়বে না।
ভুল পণ্য ব্যবহার করা
অনেকেই স্যালন স্টাইলের জন্য উষ্ম যন্ত্র ব্যবহার করার সময় ভুল পণ্য ব্যবহার করে থাকেন। যেমন- সোজা চুলের জন্য যে ধরনের যন্ত্র কাজ করে, তা হয়ত কোঁকড়া চুলে ঠিকভাবে কাজ নাও করতে পারে।
একইভাবে, সোজা চুলের জন্য ব্যবহার করা উষ্ম যন্ত্র কোঁকড়া চুলে কাজ নাও করতে পারে।
সমাধান: চুলের ধরন অনুযায়ী উপযুক্ত যন্ত্র এবং পণ্য নির্বাচন করতে হবে। যেমন- কোঁকড়া চুলের জন্য উষ্ণ যন্ত্রে অনেক বেশি তাপমাত্রা বা শক্তি দরকার হতে পারে। তবে সোজা চুলের জন্য তাপমাত্রা কম রাখতে হয়।
অনেক বেশি তেল বা পণ্য ব্যবহার করা
চুলে তেল বা পণ্য বেশি লাগালে সেগুলো গরম হয়ে যায় এবং চুলের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তেলের অতিরিক্ত ব্যবহার চুলকে চিপচিপে করে এবং স্টাইলিংয়ের সময় সমস্যার সৃষ্টি করতে পারে।
সমাধান: খুব বেশি তেল বা পণ্য ব্যবহার না করে, পরিমাণ মতো ময়েশ্চারাইজার বা ‘প্রোটেকটিভ স্প্রে’ ব্যবহার করা উচিত। এতে চুলও সুস্থ থাকে এবং স্টাইলিংয়ের সময় অতিরিক্ত তেল এবং পণ্য ব্যবহারের ফলে সমস্যাও হবে না।
যন্ত্রের ভুল আকার
অনেক সময় যন্ত্রের আকার বা ডিজাইন এমনভাবে হয় যে, সেটা সঠিকভাবে ব্যবহার করা যায় না এবং স্টাইলিং প্রক্রিয়া খুবই জটিল হয়ে ওঠে।
সমাধান: পেশাদারদের যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ থাকে। তাই খুব জটিন ও ভারী আকারের যন্ত্র না কেনাই ভালো। ওজনে হালকা ও ব্যবহারের নিয়ম সহজ এমন যন্ত্র চুলে ব্যবহার করতে হবে যেন চুলের কোনো ক্ষতি না হয়ে যায়।
আরও পড়ুন
তাপ থেকে চুলের ক্ষয়, প্রতিকারের আছে উপায়