Published : 13 Nov 2025, 04:16 PM
ব্যস্ত জীবনে সকালে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করার সময় যেন ক্রমেই কমে আসছে। অফিস, অনলাইন মিটিং কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা— সব জায়গায় নিজেকে পরিপাটি রাখার ইচ্ছা থাকলেও সময়ের অভাব-ই সবচেয়ে বড় বাধা।
তাই আজকের সৌন্দর্যচর্চায় গুরুত্ব পাচ্ছে এমন সব উপকরণ, যা একসঙ্গে একাধিক কাজে লাগে, সময় বাঁচায় এবং যত্নে আনে পেশাদার ছোঁয়া।
রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন “বর্তমানের সৌন্দর্যধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম সময়ে সর্বোচ্চ ফল। আর আধুনিক সময়ে ত্বকের যত্ন ও মেইকআপ— দুই ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। অর্থাৎ সময় বাঁচিয়ে কার্যকরভাবে সাজগোজ সম্পন্ন করা এখন অনেকটা শিল্প। বিভিন্ন সরঞ্জাম বহুমুখী কাজে ব্যবহার করা যায়।"
বহুমুখী মেইকআপ প্রয়োগ ‘পাফ’
অনেকেই আলাদা আলাদা ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করেন। তবে আধুনিক এক ধরনের পাফ আছে যা একই সঙ্গে তরল ও গুঁড়া দুই ধরনের প্রসাধনী প্রয়োগে সক্ষম।
এক পাশে ব্যবহার করা যায় তরল মিশ্রণ যেমন- ফাউন্ডেশন বা কনসিলার, আর অন্য পাশে গুঁড়া-ধর্মী উপকরণ. যেমন- সেটিংস পাউডার। এটি সময় ও জায়গা দুটোই বাঁচায়।
ত্বক ঠাণ্ডা রাখার রোলার
এই বিশেষ রোলারটি ঠাণ্ডা পদ্ধতিতে ত্বকের ফোলাভাব কমায়, রক্তসঞ্চালন বাড়ায় এবং ছিদ্র সংকুচিত করে।
রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন, “এই রোলার নিয়মিত ব্যবহার করলে মুখের পেশি টানটান থাকে এবং ত্বকে উজ্জ্বলতা আসে।”
চুল সাজানোর ক্লিপ
মেইকআপের সময় বা মুখ ধোয়ার আগে চুল মুখে এসে বাধা সৃষ্টি করে। এজন্য বিশেষ ধরনের ক্লিপ ব্যবহার করলে মুখের ওপর এসে পড়ে না চুল। আবার কোনো দাগ বা ভাঁজ ফেলে না। এটি চুলের সাজ অক্ষুণ্ণ রাখে এবং কাজের সময়ও স্বস্তি দেয়।
হাতে মুক্ত তোয়ালে
বিশেষভাবে নকশা করা মাইক্রোফাইবার তোয়ালে চুলের আর্দ্রতা ধরে রেখে জট-ভাব কমায়। বোতাম ও লুপের মাধ্যমে এটি মাথায় স্থির থাকে, ফলে হাত ফাঁকা রেখে একাধিক কাজ একসঙ্গে করা যায়।
চুল সাজানোর সেট
চুল ধোয়া না থাকলে বা দ্রুত বাইরে যেতে হলে এই ধরনের সেট বেশ কার্যকর। এতে এমন উপাদান থাকে যা চুলকে চকচকে, পরিপাটি এবং সুশৃঙ্খল রাখে।
এই সেটে থাকা উপাদান ব্যবহারে চুলে আলাদা উজ্জ্বলতা আসে, কিন্তু ধোয়ার ঝামেলা লাগে না।
মুখ ধোয়ার আগে ব্যবহারযোগ্য ব্যান্ড
নরম তোয়ালে ধরনের উপাদানে তৈরি এই ব্যান্ড মুখ ধোয়া বা সাজগোজের সময় চুলকে পেছনে সরিয়ে রাখে। এটি মাথার আকার অনুযায়ী প্রসারিত হয় এবং আরামদায়কভাবে বসে থাকে।
চুলে তরঙ্গ তৈরি করার গরম যন্ত্র
এই যন্ত্রে একসঙ্গে তিনটি নল থাকে যা চুলে প্রাকৃতিক ঢেউ তৈরি করে। কম সময়েই মৃদু তরঙ্গ তৈরি হয়, ফলে সাজে সহজ সৌন্দর্য আসে। প্রচলিত ‘কার্লিং’ যন্ত্রের তুলনায় এটি সময় বাঁচায় এবং চুলের ক্ষতিও কম হয়। বিভিন্ন অনলাইনে এমন যন্ত্র সহজেই পাওয়া যায়।
ব্রাশসহ হেয়ার ড্রায়ার
একই সঙ্গে ব্রাশ ও ড্রায়ারের কাজ করা যন্ত্রটি ঘরে বসেই চুল শুকানো ও সাজানোর সুবিধা দেয়। বিভিন্ন মাত্রার তাপ ও গতির মাধ্যমে এটি চুলে ঘনত্ব ও মসৃণতা এনে দেয়।
ত্বক পরিচর্যার হালকা ক্রিম
এই ধরনের ক্রিমে এমন উপাদান থাকে যা একসঙ্গে ত্বক আর্দ্র রাখে, রং সমান করে এবং সূর্যালোকের ক্ষতি থেকে রক্ষা করে। এতে থাকা প্রাকৃতিক নির্যাস ত্বককে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যবান রাখে। অর্থাৎ এই এক পণ্যেই সকালবেলার সব যত্ন সম্পন্ন করা যায়।
মেইকআপ স্থায়ী রাখার স্প্রে
দিনভর সাজ অক্ষুণ্ণ রাখতে এই স্প্রে ব্যবহার করলে ত্বক সজীব থাকে এবং মেইকআপ গলে যায় না। এতে প্রাকৃতিক নির্যাস যেমন চা, শসা ও অ্যালোভেরা থাকলে তা ত্বকে আরামও দেয়।
উন্নত স্ট্রেইটনার
উন্নত প্রযুক্তিতে তৈরি এক ধরনের যন্ত্র এখন একই সঙ্গে শুকানো ও চুল সোজা করার কাজ করে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে, ফলে অতিরিক্ত তাপে চুলের ক্ষতি হয় না। চুল হয়ে ওঠে মসৃণ, চকচকে ও সহজে আঁচড়ানো যায়।
গাল ও ঠোঁটের জন্য একসঙ্গে ব্যবহৃত রং
বিশেষ ধরনের স্টিক এখন একসঙ্গে ঠোঁট ও গালে ব্যবহার করা যায়। এতে ত্বক সুন্দর থাকে, একই সঙ্গে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। বিভিন্ন ত্বকের সঙ্গে মানিয়ে যায় এমন রংয়ে পাওয়া যায় এই পণ্যটি।
ঘরে বসে নখ সাজানোর কিট
এতে থাকে নখ কাটা, ঘষা, চকচকে করার সরঞ্জাম ও কৃত্রিম নখ বসানোর উপকরণ। ঘরে বসেই সহজে সুন্দর নখ তৈরি করা যায়। সঠিক যত্নে ঘরে তৈরি নখ পেশাদার সৌন্দর্য সেবার সমান ফল দেয়।
চোখের সাজে দ্বৈত ব্যবহারযোগ্য রং
চোখের সাজগোজে সময় লাগে সবচেয়ে বেশি। আলাদা করে ছায়া (শ্যাডো), রেখা (লাইনার) ও হাইলাইট দিতে হয়— যা অনেকের কাছেই জটিল মনে হয়।
তবে এখন এমন আধুনিক উপাদান এসেছে, যা দিয়ে একই রং দুভাবে ব্যবহার করা যায়— চোখের পাতা ও রেখা দু’জায়গাতেই।
এই দ্বৈত ব্যবহারযোগ্য রং শুধু সময় বাঁচায় না, বরং চোখে গভীরতা এনে মুখের সামগ্রিক সৌন্দর্য বাড়ায়। যারা প্রতিদিন মেইকআপ করেন না, তাদের জন্য এটি সবচেয়ে কার্যকর সমাধান।
আবার অনেক রংয়ে ভিটামিন ‘সি’ এবং ‘ই’-এর মতো উপাদান থাকে, যা চোখের চারপাশের নরম ত্বককে পুষ্টি দেয় ও শুষ্কতা কমায়। তবে এ ধরনের পণ্য দেখে বুঝে কেনা উচিত।
আবার স্টিক আকারে তৈরি হওয়ায় এটি ব্যাগে রাখা ও প্রয়োগ— দুটাই সহজ। সকালে অফিসে যাওয়ার আগে বা সন্ধ্যার কোনো অনুষ্ঠানের আগে কয়েক সেকেন্ডেই চোখে প্রাণবন্ততা আনা সম্ভব।
আরও পড়ুন
রিমুভার ছাড়াও মেইকআপ তোলার উপায়