০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সঙ্গীর সঙ্গে ঝগড়াতে যে ভুলগুলো এড়ানো উচিত

ঝগড়াঝাঁটি তর্ক-বিতর্ক চলবে- তবে সম্পর্ক রক্ষায় কটু কথা বলা এড়াতেই হবে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 07:06 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

দাম্পত্য জীবনে মতবিরোধ বা ঝগড়া অস্বাভাবিক নয়। ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে।

তবে রাগের মাথায় নিয়ন্ত্রণ হারালে সেই ঝগড়া তীব্র আকার নেয় এবং সম্পর্কের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে।

উত্তেজনার কয়েক মুহূর্তই দীর্ঘদিনের সাজানো সংসারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “ঝগড়ার সময় নিজেকে সামলে নেওয়া সম্পর্কের স্থায়িত্ব রক্ষার জন্য অত্যন্ত জরুরি।”

এ বিষয়ে তিনি বেশ কয়েকটা পরামর্শ দিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবেন না

রাগের মাথায় সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলে কথাবার্তা আরও তিক্ত হয়। উত্তেজিত হয়ে বলা কথা, পরে আফসোসের কারণ হয়।

কয়েক সেকেন্ড থেমে গভীর শ্বাস নিন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।

মনোযোগ দিয়ে শুনুন

অনেক ঝগড়ার মূল কারণ একে অপরের কথা না শোনা।

সঙ্গী রাগের আড়ালে কষ্ট বা অভিমান প্রকাশ করতে পারেন। মাঝখানে কথা না থামিয়ে পুরোটা শুনুন। এতে তিনি গুরুত্ব পাওয়ার অনুভূতি পাবেন এবং আপনার রাগও কমবে।

আরও পড়তে পারেন

ঝগড়া শেষ করতে

সম্পর্কে ভাঙনের সঙ্কেত

আবেগ নিয়ন্ত্রণে রাখুন

গলা চড়ানো, ব্যঙ্গ করা বা পুরানো ভুল তুলে আনা পরিস্থিতি আরও খারাপ করে।

নিজেকে মনে করিয়ে দিন— এই মানুষটিকে আপনি ভালোবাসেন। শ্বাস-প্রশ্বাসে মন দিন, মনে মনে ১০ পর্যন্ত গুনুন বা এক গ্লাস পানি পান করুন।

বিরতি নিতে দ্বিধা করবেন না

ঝগড়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিছু সময়ের জন্য সরে যান। এটি দুর্বলতা নয়, বরং সম্পর্ক রক্ষার বুদ্ধিমানের কাজ।

বিরতি দুজনকেই ঠাণ্ডা মাথায় ভাবার সুযোগ দেয়।

জয়ের পরিবর্তে সমাধানের দিকে মনোযোগ দিন

কে ঠিক আর কে ভুল— এই প্রতিযোগিতায় নামলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। নজর দিন সমস্যা সমাধানে।

শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করুন, অভিযোগের সুরে নয়।

দোষারোপ করবেন না

একে অপরকে দোষী সাব্যস্ত করলে ভুল বোঝাবুঝি বাড়ে এবং মানসিক দূরত্ব সৃষ্টি হয়। সঙ্গী আক্রান্ত বোধ করেন, ফলে মন খুলে কথা বলতে চান না।

বাজে বা আক্রমণাত্মক শব্দ ব্যবহার করবেন না

রাগের বশে বলা কটু কথা সম্পর্কে গভীর ক্ষত তৈরি করে। সংযত ভাষায় অনুভূতি প্রকাশ করুন।

ঝগড়া সম্পর্কের অংশ হলেও এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শান্ত মন, মনোযোগী শ্রবণ এবং সমাধানের মানসিকতা দাম্পত্য সুখ বজায় রাখে।

প্রয়োজনে পেশাদার কাউন্সেলিং নিন। সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সচেতনতাই প্রধান চাবিকাঠি।

আরও পড়ুন

আপনি কি ঝগড়াটে?

ঘুমের অভাবে সংসারে বিবাদ

সবসময় ঝগড়া বাধানোর কারণ