‘ব’য়ে বন্ধু, ‘ব’য়ে বাবা
এই সময়ের বাবাকে রাশভারী হলে চলবে না। শাসন তো থাকবেই, পাশাপাশি হতে হবে বন্ধু।
বলি বলি করেও বাবাকে কথাগুলো বলতে পারছে না অরিত্রা (প্রকৃত নাম নয়)। অথচ এতদিন পর্যন্ত বাবা ছিল তার সেরা বন্ধু। কলেজ থেকে ফিরে বাবাকে সব কথা না বলা পর্যন্ত স্বস্তি পেত না সে। অরিত্রা এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। এখন মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছে। এই কোচিং ক্লাসেই অনীক নামের ছেলেটির সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব। অনীক যতদিন সাধারণ বন্ধু ছিল ততোদিন কোনো সমস্যা হয়নি। বাবার সঙ্গেও পরিচয় হয়েছে অনীকের, ওদের বাসায়ও এসেছে সে। মাত্র গত সপ্তাহে সম্পর্কটা মোড় নিয়েছে অন্যদিকে। অনীকের ফেইসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে ‘ইন আ রিলেশনশিপ’। কিন্তু এই ঘোষণাটা জোরেশোরে দিতে পারছে না অরিত্রা। বাবাও যে তার ফ্রেন্ডলিস্টে রয়েছেন। বাবাকে না জানিয়ে এমন একটি ঘোষণা দিলে তিনি নিশ্চয়ই কষ্ট পাবেন। আবার কথাটা বলতেও সংকোচ বোধ করছে সে। অন্যদিকে একটু অভিমানই করছে অনীক। সব মিলিয়ে বেশ সংকটেই পড়েছে অরিত্রা।
অরিত্রার মতো সংকটে পড়ছে আজকাল অনেকেই। গত দশ-পনেরো বছরে বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক অনেক বদলে গেছে। আজ থেকে ত্রিশ বা চল্লিশ বছর আগে আমাদের সমাজে বাবারা ছিলেন রাশভারী। ছেলে-মেয়েরা বাবার সঙ্গে খোলামেলা কথা বলতে ভয় পেত। পরিবারের কর্তাসুলভ এক বিশাল দূরত্বে ছিল তাদের অবস্থান। এমনকি বয়সে একটু বড় হলে ভাইবোনরাও কেমন যেন মাপা দূরত্বে অবস্থান করতো। বিশেষ করে মনের কথা পরিবারের কারও কাছেই তেমনভাবে খুলে বলা সহজ ছিল না।
কিন্তু অবস্থাটা পাল্টে গেছে ধীরে ধীরে। এখন বাবা-মা হয়ে উঠছেন সন্তানের বন্ধু। এখন হয়তো দেখা যায়, ফেইসবুকে কিংবা সামাজিক যোগাযোগের অন্য মাধ্যমগুলোতে বন্ধুর তালিকায় বাবা-মাও রয়েছেন। তখন আবার সৃষ্টি হতে পারে অন্য সংকটের। বাবা যেন বন্ধু হয়েও ঠিক বন্ধু নন, এমন একটি অবস্থার সৃষ্টি হতে পারে। তবে বাবা-মা যত বেশি বন্ধু হয়ে উঠবেন সন্তানের পক্ষে ততোই সহজ হবে জীবনের কঠিন পথে হাঁটা।
বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ষোল বছর বয়স হলে পুত্রের সঙ্গে বাবাকে ‘মিত্রবৎ’ অর্থাৎ বন্ধুর মতো আচরণ করতে হবে। বর্তমান যুগে ছেলেমেয়ে দুজনেরই বন্ধু হয়ে উঠতে পারলে বাবা-সন্তান দুজনের জন্যই সম্পর্কটা সহজ হয়।
রাফসান আহমেদ একজন একক বাবা হিসেবে ছেলেকে বড় করছেন আজ তিন বছর ধরে। স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে। স্ত্রী এখন অস্ট্রেলিয়ায়। রাফসানের ছেলে অর্ক এই বছর ও লেভেল দিচ্ছে।
অর্ক বললো, “বাবা আমার সেরা বন্ধু। মায়ের সঙ্গে যোগাযোগ রয়েছে। কিন্তু মা পিএইচডি করছেন, তাই সময় দিতে পারছেন না। আমি আমার সব কথা বাবার সঙ্গে শেয়ার করি। বাবার সঙ্গে ছুটির দিনগুলোতে ক্রিকেট খেলি।”
রাফসানও মনে করেন ছেলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুললে তাকে বোঝা ও তার সমস্যাগুলো মোকাবেলা করা অনেক সহজ হবে।
মাকসুদ সোবাহানি একজন ব্যাংকার। বর্তমানে হংকংয়ে পোস্টিং। তার স্ত্রী উজবেকিস্তানের নারী। তাদের দুই ছেলে ইসা ও হানিফ। মাকসুদ দুই ছেলেকে যত্ন করে বাংলা ভাষা শেখাচ্ছেন। ছেলেদের সঙ্গে তিনি প্রায়ই আউটিংযে যান, যান পাহাড়ে চড়তে কিংবা সমুদ্র সৈকতে।
মাকসুদ বললেন, “দুই ছেলেকে নিয়ে আমার জগৎ। ওদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চাই|”
ছেলে বা মেয়ের কাছে বাবা সব সময়েই আদর্শ। বাবার কাছে শিশু পায় নিরাপত্তা। সে হতে চায় বাবার মতো শক্তিশালী| বড় হয়ে বাবার মতো হতে চায় অনেকেই। তাই বাবাকেও হতে হবে সন্তানের জন্য আইডল।
তিনি যদি নিজেকে ‘সঠিক মানুষ’ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে সন্তানের কাছে তার অবস্থানটা ঠিক থাকে। আর তা না পারলেও অন্তত সন্তানের কাছে ভান করা চলবে না। শিশুরা সবচেয়ে অপছন্দ করে ভান বা ভণ্ডামি। বাবার কাছ থেকে অন্তত তারা এটা আশা করে না। বাবা সবজান্তা না হতে পারেন তবে তিনি যেন অন্তত স্বীকার করেন যে তিনি কোনো একটি বিষয়ে জানেন না। তাহলে সন্তানের সঙ্গে তার সম্পর্কটা হয়ে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্বের।
বাবা-সন্তানের বন্ধুত্ব বিষয়ে ক্লিনিকাল সাইকোলজিস্ট ও লেখক সেলিনা শিকদার বললেন, “বাবা-সন্তানের সম্পর্কের মধ্যে যত বেশি আলো-হাওয়া খেলা করবে ততো তা হবে সুস্থ ও স্বচ্ছ। বিশেষ করে যে সন্তানের সঙ্গে বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তারা বয়োসন্ধিকালীন অস্থিরতা ও সমস্যায় অনেক কম ভোগে। আর বন্ধুত্বের ক্ষেত্রে প্রথম হাতটি বাড়িয়ে দিতে হবে বাবাকেই। একেবারে শৈশব থেকেই সন্তানকে সময় দিতে হবে, দিতে হবে বন্ধুত্বপূর্ণ সঙ্গ।”
বাবা দিবসে সকল বাবার প্রতি শ্রদ্ধা। বাবা দিবসটি হোক সন্তান ও বাবার মধ্যে সুন্দর সম্পর্কের দ্যূতিতে আলোকিত।
