২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখি আয়োজন ৪

নববর্ষে খাবার টেবিলে রাখতে পারেন লেবু-কলার লাচ্ছি, তরমুজের ঠান্ডাই, ইলিশ পোলাও আর কাঁচাপেঁপের ঝাল সালাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 05:42 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

ইলিশের ঝোল, সরষে ইলিশ, ভাজা ইলিশ ইত্যাদি তো খাওয়াই হয় সবসময়। এবার না হয় ইলিশ পোলাও তৈরি করে নববর্ষ উৎযাপন করা যাক। সবাই এই পদ খুব ভালো করে রান্না করতে পারেন না। আনিসা হোসেইনের রেসিপি দেখে না হয় এবার চেষ্টা করে দেখুন।

পোলাওয়ের সঙ্গে তো সালাদ চাই-ই চাই। এজন্য তিনি দিয়েছেন কাঁচাপেঁপের ঝাল সালাদ। আর গরমে গলা ভেজানোর জন্য রয়েছে ঠাণ্ডা ঠাণ্ডা তরমুজের ঠাণ্ডাই আর লেবু কলার চমৎকার একটা লাচ্ছি।

লেবু-কলার লাচ্ছি

Image
লেবু-কলার লাচ্ছি

লেবু-কলার লাচ্ছি

উপকরণ: কলা ২টি। টক দই ১ কাপ। মধু ৪ টেবিল-চামচ। কাজুবাদাম-বাটা ২ টেবিল-চামচ। লেবুর রস ১ টেবিল-চামচ। লবণ এক চিমটি। বরফ কুচি। প্রয়োজনমতো পানি৷

পদ্ধতি: কলা ছোট ছোট টুকরা করে নিতে হবে৷ ব্লেন্ডারে কলা, টক দই, লেবুর রস, মধু, কাজু বাদাম ও লবণ প্রয়োজনমতো পানি দিয়ে ব্লেন্ড করে নিন৷ গ্লাসে বরফকুচি দিয়ে লেবু-কলার লাচ্ছি ঢেলে পরিবেশন করুন৷

কাঁচাপেঁপের ঝাল সালাদ

উপকরণ: মাঝারি আকারের ১টি পেঁপে (চিকন লম্বা স্লাইস করে কাটা অথবা গ্রেইট করা)। টমেটো ১টি (ভিতরের দানা ফেলে টুকরা করা)। রসুন ৩ বা ৪ কোয়া (বড়)। কাঁচামরিচ অথবা লালমরিচ ৭ বা ৮টি। চিংড়ি শুটকি ১০ বা ১২টি (মাঝারি আকারের)। ফিশ সস্ ২ টেবিল-চামচ। লেবুর রস ৪ টেবিল-চামচ। আখের গুড় বা লাল চিনি ৩ টেবিল-চামচ। চিনা বাদাম ১ কাপ। তেঁতুল পানি ২ টেবিল-চামচ। ধনেপাতার কুচি। লবণ সামান্য।

পদ্ধতি: চিংড়ি শুটকি ধুয়ে সামান্য তেলে ভেজে নিন৷ এখন রসুন, কাঁচামরিচ দিয়ে ভাজা চিংড়ি শুটকি ছেঁচে ভর্তা করতে হবে।

Image
কাঁচাপেঁপের ঝাল সালাদ

কাঁচাপেঁপের ঝাল সালাদ

তারপর  অর্ধেক কাপ বাদাম দিয়ে আবার ভর্তা করুন। এমনভাবে ছেঁচতে হবে যাতে বাদামগুলো অর্ধেক ভাঙা হয়৷

এখন ফিশ সস, লেবুর সস, লবণ সামান্য এবং গুড় দিয়ে আলতোভাবে ছেঁচে সব মিশিয়ে নিন। ঝুরি করা কাঁচাপেঁপের সঙ্গে টমাটো দিয়ে আর তেঁতুল পানি দিয়ে সব একসঙ্গে আলতোভাবে ছেঁচে মিশিয়ে নিন।

শেষে ছেঁচে তৈরি করা সালাদ, ধনেপাতা দিয়ে মেখে বাকি বাদাম ছিটিয়ে পরিবেশন করতে হবে৷ ফিশ সস অনেক লবণাক্ত। তাই লবণ দেওয়ার সময় টেস্ট করে তারপর লবণ দিন।

ফিশ সসের পরির্বতে সাদা ভিনিগার ১ টেবিল-চামচ ব্যবহার করতে পারেন৷

তরমুজের ঠান্ডাই

Image
তরমুজের ঠান্ডাই

তরমুজের ঠান্ডাই

উপকরণ: তরমুজ ২ কাপ। মধু ৪ টেবিল-চামচ অথবা চিনি। লেবুর রস ১ টেবিল-চামচ। পুদিনাপাতার কুচি প্রয়োজানমতো। পানি ও বরফ কুচি৷

পদ্ধতি: ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন৷ গ্লাসে বরফকুচি দিয়ে তরমুজের ঠান্ডাই ঢেলে পরিবেশন করুন৷

ইলিশ পোলাও

উপকরণ: ইলিশ মাছ ৬ টুকরা (বড় আকার)। পোলাওয়ের চাল ৪ কাপ। সরিষার তেল ১/৪ কাপ। টক দই ২ টেবিল-চামচ। নারিকেলের দুধ ৩ কাপ । পেঁয়াজকুচি আধা কাপ। পেঁয়াজ বেরেস্তা আধা কাপ। আদাবাটা আধা টেবিল-চামচ। রসুনবাটা আধা টেবিল-চামচ। মরিচগুঁড়া আধা টেবিল-চামচ। ঘি ১/৪ কাপ। কাঁচামরিচ ১০টি(আস্ত)। তেজ পাতা ২টি। এলাচ ৩টি। পানি ৫ কাপ।

প্রয়োজনীয় কিছু তথ্য

১। একটি বড় ছড়ানো হাঁড়ি লাগবে যাতে মাছগুলো সমানভাবে বিছিয়ে রান্না করা যায় আর মাছ ভেঙে যাওয়ার সম্ভবনা না থাকে৷

২। পোলাও যখন পানিতে থাকবে, তখন লবণ চেখে যদি ঠিক মনে হয় তাহলে রান্নার পর পোলাওতে লবণ কম হবে। আর যদি পানির মধ্যে লবণ সামান্য বেশি মনে হয় তাহলে রান্নার পর পোলাওয়ে লবণ ঠিক হয়ে যাবে৷

Image
ইলিশ পোলাও

ইলিশ পোলাও

পদ্ধতি: রান্নার ৩০ মিনিট আগে চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন (বাসমতি চাল হলে ৩০ মিনিট আর পোলাওয়ের চাল হলে  ২০  মিনিট)। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

পানি ৬ কাপ ও নারিকেল দুধ ২ কাপ তেজপাতা, এলাচ দিয়ে একসঙ্গে গরম করে নিন৷ তেল গরম করে পেঁয়াজ হালকা ভেজে এর সঙ্গে আদাবাটা, রসুনবাটা, লবণ দিয়ে সঙ্গে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে৷

এখন মরিচগুঁড়া আর দই দিয়ে পাঁচ মিনিট আরও কষাণো হলে মাছগুলো বিছিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করতে হবে। তারপর ১ কাপ নারিকেল দুধ আর কাঁচামরিচ দিয়ে আরও সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করুন।

মাছের ঝোল কমে গিয়ে তেলের উপর উঠলে নামিয়ে ফেলুন৷ হাঁড়ি থেকে শুধু রান্না করা মাছগুলো তুলে রাখুন৷ হাঁড়ির মসলার সঙ্গে চাল দিয়ে তিন থেকে পাঁচ মিনিট ভেজে নিন। তাপপর নারিকেল দুধ সঙ্গে গরম করে রাখা পানি দিয়ে লবণ, অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, আধা টেবিল-চামচ চিনি, ঘি দিয়ে কিছুক্ষণ পর চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিন।

২০ মিনিট রান্না করুন। তারপর পোলাও হয়ে গেলে হাঁড়ি থেকে অর্ধেক পোলাও অন্য একটা পাত্রে তুলে রেখে, হাঁড়িতে রাখা পোলাওয়ের উপরে মাছ ও কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিন। এর উপরে পাশে তুলে রাখা পোলাও দিয়ে তার উপর বাকি পেঁয়াজ বেরেস্তা ঢেকে দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট আঁচে রেখে দিন। আঁচটা মাঝারি থেকে একটু কম হবে।

হয়ে গেল মজাদার ইলিশ পোলাও। পরিবেশনের সময় ডিশে পোলাওয়ের উপর মাছ সাজিয়ে পরিবেশন করুন৷

বৈশাখি আয়োজন ১

বৈশাখি আয়োজন ২

বৈশাখি আয়োজন ৩