উৎসবের রংয়ে ফুল বিজু
প্রতিবছরের মতো খবং পরিয়ার পাড়ায় আয়োজন করা হয় এই ফুল ভাসানোর উৎসব।
খাগড়াছড়ির ভোর, আলো তখনও ভালো করে ফোটেনি। ঘুম ভাঙা পাখির কোলাহলে মুখরিত চারপাশ। পাহাড়ের গাঁ বেয়ে উঠছে ভোরের কুয়াশা। সাদা আবরণে জড়ানো ন্যাড়া পাহাড়। চৈত্রের ভোরের কুয়াশার হাত ধরে তরুণ-তরুণী, কিশোর-কিশোরী এমনকি শিশু— সকালে জড়ো হয় খাগড়াছড়ির চেঙ্গী নদীতে।
প্রতিবছরের মতো এবারও জেলা স্বনির্ভর এলাকায় খবং পরিয়ার পাড়ায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ফুল বিজুর। ‘উৎসব-ঐতিহ্যের বন্ধনের সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ করুন’ এই স্লোগানে সাবর্জনীন বৈসাবী উদযাপন কমিটি আয়োজন করে ফুল ভাসানোর (ফুল বিজু)।
এই উপলক্ষ্যে সকাল ৬টা থেকে ফুল হাতে নদীর পাড়ে আসতে থাকে শত শত আদিবাসী। বিজু ফুল, মাধবী, জবা, গাঁথা, রংগন, অলাকান্দসহ নানান বর্ণের ফুল-পাতায় সবুজ কলা পত্র করে ভাসানোর হয় নদীর জলে। পুরানোর বছরের গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাতেই এই ঐতিহ্যবাহী আয়োজন।
পিনন, থামি, গলায় মালা- হাতে ফুল নিয়ে আদিবাসী তরুণী সকালে থেকেই নদীর পাড়ে ভিড় করে। গায়ে ধুতি-মাথায় ঐতিহ্যবাহী কাপড় বেঁধে তরুণেরাও ফুল ভাসাতে আসে। ফুলের মালা গলায় দিয়ে বাবা-মায়ের হাত ধরে শিশুরাও আসে ফুল বিজুতে যোগ দিতে।
বাঙলা নতুন বছর স্বাগত জানানোর এই আয়োজনে এসে আদিবাসী তরুণী আদিতী খীসা বলেন, ‘প্রতিবছরের মতো এবছরও বন্ধুরা মিলে দলবেঁধে ফুল নিয়ে সকালেই নদীর পাড়ে এসেছি ফুল ভাসাতে, অতীতের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরের আগমনকে স্বাগত জানাতেই এই ফুল বিজু।”
ঐতিহ্যবাহী বৈসাবী বরণ করতেই এমন আয়োজন প্রতি বছরেই করা হয়।
ফুল বিজুর পাশাপাশি ঐতিহ্যবাহী আদিবাসী খেলা, নৃত্য, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বৈসাবী বরণ করতে নানান প্রস্তুতি নেওয়া হয় পাবর্ত্য জেলা খাগড়াছড়িতে।
