মিরপুরে সিগ্রি
সিগ্রি, একটি ভারতীয় চেইন রেস্তোরাঁ। বাংলাদেশে এটিই তাদের প্রথম শাখা।
মিরপুর ১০ নম্বর থেকে ১১ নম্বরের দিকে যেতে বাঁ-দিকে পড়বে ডাইনেস্টি টাওয়ার। লিফটে চড়ে উপরে উঠলেই রেস্তোরাঁর দরজা।
রেস্তোরাঁয় ঢুকেই চোখ পড়বে আলোক ছটা। ছাদে টিউব লাইটের আদলে রয়েছে আলোক প্রক্ষেপন ব্যবস্থা। এই লাইটিং এদের একেবারে সিগনেচার ব্যাপার।
খাবার টেবিলেই বসেই ভোজন রসিকরা দেখবে রসুই ঘরের কীর্তি
চেয়ার, টেবিল, কাটা-চামচ বেশ ঝকঝকে-তকতকে। সহকারী ব্যবস্থাপক জাকারিয়া সম্রাট জানান, তিনি এই প্রতিষ্ঠানের অন্য একটি রেস্তোরাঁতে অনেকদিন কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে ভালো করেই জানেন অতিথি সেবার বিষয় তারা অনেক গুরুত্বের সঙ্গে দেখেন।
আর সার্বিক তত্ত্বাবধানে থাকা এমদাদুল হক জানান, ‘‘এখানকার সব কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে কোম্পানির নির্দেশনা অনুযায়ী।’’
হক আরও জানান খাবার সরবরাহকারী সবাইকে পুরো মেন্যুর খাবার সম্বন্ধে সম্যক ধারণা দেওয়া হয়েছে।
এই ভারতীয় খাবারের রেস্তোরাঁয় পাচক হিসেবে আছেন ভারতেরই তিনজন। খাবারে ‘খাঁটি’ স্বাদ বজায় রাখাই তাদের মূল উদ্দেশ্য।
খাবারের পরিপাটি উপস্থাপন
অন্দরমহলের রয়েছে কাঠের কারুকার্য
অন্দরমহলের রয়েছে শিল্পের ছোয়া
আর এদের ‘সর্দার’ মো. ওয়ারিশ। তার আছে কলকাতার সিগ্রি রেস্তোরাঁয় সাড়ে তিন বছরের অভিজ্ঞতা।
দিলওয়ালি টিক্কি স্টার্টার হিসেবে দারুণ লাগবে! এটি একটি ভেজিটেরিয়ান খাবার। মসলাদার আলুর টিক্কার উপরে দইয়ের গন্ধ বেশ ভালোলাগে। আর মুখে দিলে দইয়ের উপরে ছিটিয়ে দেওয়া কাঁচাধনিয়া পাতার স্বাদও টের পাবে জিভ!
এখানে পানীয় আছে বেশ কয়েকরকম, লাসসি ভারতীয় ঘরানায় তৈরি। মানে ঘন দই, বরফের আধিক্য কম আর দইয়ের আসল গন্ধও এসে ধাক্কা দিবে নাকে। একটি চেরি আর খানিকটা পুদিনা পাতায় গার্নিশ করা এই লাসসি পরিবেশনাও ভালো বলতে হয়।
জালজিরা মোহিতো— পানীয়র ফিউশন বলাই শ্রেয়। ভারতীয় ঘরানার জালজিরার সঙ্গে কিউবান ছোঁয়া বেশ ভালোই আবেশ আনে।
গরম গুলাব জামুন ।
খাসির সিনার মাংসের সঙ্গে খাঁটি গমের নান
কাকরি কাবাব তৈরি হয় খাসির মাংসে। হেড শেফ ওয়ারিশ জানান, এই কাবাব মেরিনেইট করা হয় চার ঘণ্টারও বেশি সময় ধরে। আর এই রেস্তোরাঁয় কাবাব বানানো হয় কয়লায়, গ্যাসের আগুনে নয়। আর তাই ‘স্মোকি’ ফ্লেইবার থাকে অটুট।
ডাল সিগ্রি বানানো হয় মাসকালাই ডাল দিয়ে। ১৭ ঘণ্টা ধরে রান্না করা হয় এই ডাল!
তান্দুরি চিকেনের রং লাল নয় বরং কিছুটা হলদে। শেফের বক্তব্য, হালকা মসলা ব্যবহারেই এই রং। তবে এর স্বাদ নিয়ে কোনো গবেষণারই দরকার পড়বে না! একেবারে সঠিক মাত্রায় পোড়ানো এই মুরগির মাংস।
চাম্প কা সালান হচ্ছে ‘ল্যাম চপ’ দিয়ে বানানো খাবার। অর্থাৎ ভেড়ার ‘সিনা’র মাংস কয়লায় পুড়িয়ে পরে ঝোল করা হয়। সঙ্গে রুটি বেশ মানাবে। খাসির রোগান জোশও ভালো লাগবে।
গার্লিক নান যেমন আছে, তেমনি আছে ‘স্বাস্থ্যকর’ বাদামি আটার নানরুটি। আর এই দুইপদের রুটিতে খাবার সোডা ব্যবহার করে অযথা ফোলানোর চেষ্টা হয়েছে বলে মনে হয়নি।
মিঠাই হিসেবে গুলাব জামুন বা কুলফির পাশাপাশি সিজলিং ব্রাউনি বেছে নেওয়ার জন্য আদর্শ হতে পারে।
রেস্তোরাঁর ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা।
ভারতীয় তিন শেফ।
অন্দরসজ্জা, খাবার পরিবেশন, খাবারের স্বাদ— সবমিলিয়ে বেশ ভালোই লাগবে সিগ্রি রেস্তোরাঁ। কিছু খাবারের দাম আর একটু সহনীয় করতে পারলে আরও ভালো বলা যাবে! যেমন: লাসসির দাম ১৭৫ টাকাকে কম বলা যায় কি!
বাকি খাবারের দাম কেমন হবে আশা করি আন্দাজ করে নওয়া যায়।
মিরপুরে এখন বিশ্বের নামীদামি ব্যাংকের যেমন শাখা আছে তেমনি আছে দেশীয় স্বনামধন্য ফ্যাশন হাউজের আউটলেট। সেই তুলনায় এখানে সিগ্রির আঙ্গিক ও মানের রেস্তোরাঁর বোধহয় অভাবই আছে।
সিগ্রি এই ব্যাপারে বিশেষ ধন্যবাদ পেতেই পারে।
ছবি: তানজিল আহমেদ জনি।
