ডাল মাখনি
উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম উৎস ডাল। বিভিন্ন রকম ডাল মিলিয়ে তৈরি করা যায় মজার ব্যঞ্জন। সেরকম একটি তরকারি রান্নার পদ্ধতি বাতলিয়েছেন রন্ধনশিল্পী শাহনাজ শিমুল।
উপকরণ
তিন রকমের ডাল সব মিলিয়ে ১ ১/২ কাপ (সারারাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে)। পেঁয়াজ বাটা আধা কাপ। কাঁচামরিচ কয়েকটা। শুকনামরিচের গুঁড়া ২ টেবিল-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। ধনেগুঁড়া ১ চা-চামচ। আদা ও রসুন বাটা ১ টেবিল-চামচ।
গরমমসলা-গুঁড়া ১ চা-চামচ। টমেটো কুচি ১ কাপ। বাটার ৩ টেবিল-চামচ। লবণ পরিমানমতো।
পরিবেশনের জন্য: বাটার ও ধনেপাতার কুচি।
পদ্ধতি
প্যানে বাটার গলিয়ে তাতে পেঁয়াজবাটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। রং পরিবর্তন হলে টমেটো দিয়ে আরো কিছুক্ষণ ভাজতে হবে।
টমেটো নরম হলে অল্প পানি দিয়ে একে একে সব বাটা আর গুঁড়ামসলা দিয়ে কষাতে হবে। এরপর আধা কাপ গরম পানির সঙ্গে সিদ্ধ ডাল দিয়ে আরো ১০ থেকে ১২ মিনিট রান্না করতে হবে।
মাখামাখা হয়ে গেলে নামিয়ে বাটার ও ধনেপাতার কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
ভাত, নান বা রুটি দিয়ে খেতে ভালো লাগবে।
