২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেড কার্পেট শো

১৫ ফেব্রুয়ারি দেশীয় ব্র্যান্ড পোশাকের প্রতিষ্ঠান ক্যাটস আইয়ের ফ্যাশন শো অনুষ্ঠিত হল। ‘রেড কার্পেট শো’ নামের ‘ক্যাটওয়াক’ চলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে, তাদের নতুন বিক্রয়কেন্দ্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 08:37 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

প্রায় ৮ হাজার বর্গফুটের ফ্ল্যাগশীপ আউটলেটের দুয়ার খোলার এই উৎসবে বর্ণিল আলোর বর্ণচ্ছটা, সংগীত আর গ্ল্যামারের মিশ্রণে পূর্ণতা পায় ক্যাটস আইয়ের শনিবারের আয়োজন। ।

সীমিত পরিসরে মডেলেদের ‘দোদুল্যমান হন্টন’ মুগ্ধতার স্মৃতি এঁকে দেয় আগতদের মাঝে!

‘ফরমাল’ বা ‘ক্যাজুয়াল আউটফিট’, ‘ফাংকি’ কিংবা ‘আপকামিং সামার লুক’— সব কিছুই প্রদর্শিত হয়েছে এই শো’তে।

পাশাপাশি আন্তর্জাতিক ও ক্যাটস আইয়ের ব্র্যান্ড মডেল আসিফ আজিমের অংশগ্রহনে নতুন ফটোশুটের আলোকচিত্রগুলো বোর্ডকার্ড ও প্রিন্টেড ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয় পুরো ফ্ল্যাগসিপ শোরুম জুড়ে।

এছাড়া ক্যাটস আইয়ের চেয়ারম্যানের বিভিন্ন সময়ে তোলা আরও কিছু আলোকচিত্র দিয়ে তৈরি করা হয় ফটোবুথ।

মডেল অন্তু করীম ও অর্চির উপস্থাপনায় পুরো ফ্যাশন ক্যাট ওয়াকের কোরিওগ্রাফি করেন সৈয়দ রুমা।

পুরুষের ফ্যাশন নিয়ে এখন ভাবনাচিন্তা চললেও ১৯৮০ সালে বাংলাদেশে ছেলেদের ফ্যাশন ব্র্যান্ড নিয়ে অতোটা মাথাব্যাথা শুরু হয়নি। কাজ-পাগল এক দম্পতি, সাইদ সিদ্দীকি রুমি এবং আশরাফুন সিদ্দিকী ডোরা মিলে শুরু করলেন বাংলাদেশের প্রথম পুরুষের ব্র্যান্ড ক্যাটস আই।

আপাত দৃষ্টিতে প্রচলিত ধারার বিপরীতে ক্যাটস আইয়ের যাত্রা শুরু হলেও, পরে তা হয়ে উঠে এদেশের পুরুষের অন্যতম ব্র্যান্ড পোশাকের আউটলেট।

এভাবেই কেটেছে তাদের ৩৪ বছর। ক্যাটস আই ৩৭টিরও বেশি শাখা খুলেছেন সারাদেশে। সবধরনের পোশাক দিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রি জয় করতে প্রতিষ্ঠা করেছে ‘মনসুন রেইন’ ও ‘আনলিমিটেড’ নামে আরও দুটি পোশাক প্রতিষ্ঠান।

পুরুষের পোশাকের পাশাপাশি মেয়েদের জন্যও আছে ক্যাটসে আইয়ের আয়োজন। গত কয়েক বছর ধরে তারা মেয়েদের পোশাকের একাধিক শোরুম করেছে। নানান ডিজাইনের ইস্টার্ন ও ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম আনুষঙ্গিক উপকরণ।

ছবি : সাকিব-উল-ইসলাম