২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাডেল মেরে পৌঁছে বাড়ি

প্রথম প্রথম অবাক লাগলেও, এখন অনেকেই সাইকেল চালিয়ে যাতায়াত করেন। তবে সেটা আগের আমলের কালো বড় ভারতীয় সাইকেল নয়। এখনকার দ্বিচক্রযানগুলো বেশ আধুনিক আর স্টাইলিশ। তরুণদের পায়ের স্পর্শের কারণেই এখন দুই চাকার বাহনের বেশ চাহিদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 03:19 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

একসময় বিএমএক্স সাইকেলের খুব কদর ছিল এ দেশে। বিদেশ থেকে আমদানি করার কারণে দাম বেশি পড়ত। তাই সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে ছিল সেসব সাইকেল।

এসব ভেবেই বছর দুই আগে মেঘনা গ্রুপ দেশে নতুন ডিজাইনের সাইকেল প্রস্তুত করতে শুরু করে। আর বিক্রির জন্য চালু করে ‘সাইকেল লাইফ এক্সক্লুসিভ’। ঢাকার ২২২ তেজগাঁও লিংক রোডের এই দোকানটিতে রয়েছে নানান ধরনের দুই চাকার বাহন।

শুধু দেশেই বিক্রি নয়, সাইকেলগুলো রপ্তানিও করা হয় ইউরোপ, আমেরিকারসহ বিভিন্ন দেশে।

দোকানটির নামও ফ্র্যানচাইজি নিয়ে করা। এই দোকানে আছে বাচ্চা, মেয়ে ও ছেলেদের জন্য ৪টি ভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের সাইকেল।

সাইকেল লাইফ এক্সক্লুসিভের বিপণন ব্যবস্থাপক মাইনুল ইসলাম রাহাত বলেন “সত্যি কথা বলতে, সাইকেলের প্রচুর চাহিদা এখন।”

তিনি আরও জানান, সাইকেলের প্রতি তরুণদেরই ঝোঁক বেশি। ইদানিং কর্পোরেট চাকুরিজীবীদের মাঝেও আগ্রহ দেখা যাচ্ছে। অবাক হওয়ার মতো বিষয় হলেও সিটিবাইকের চাইতে মাউন্টেইনবাইকের চাহিদাই সবচেয়ে বেশি।

মেয়েদের সাইকেল কেনার চাহিদা কিছুটা কম থাকলেও এখন আগ্রহ বাড়ছে। অনেক মেয়েই এই দোকানে এসে সাইকেল দেখছেন। এতে বোঝা যায় সামাজিক কিছু বাধা-বিপত্তি থাকার পরও আগ্রহের মাত্রা বেড়েই চলছে।

মাইনুল আরও বলেন, “পঞ্চাশোর্ধ ব্যক্তিও আসছেন আমাদের শোরুমে। ডায়াবেটিক রোগীদের অনেকেই শরীরচর্চার জন্য সাইকেল চালাচ্ছেন। এছাড়া অনেকেই আছেন, যাদের গাড়ি আছে, তারাও সাইকেল ব্যবহার করে যানজট এড়ানোর পাশাপাশি ব্যায়াম করার সুযোগের সদ্ব্যবহার করছেন।

মাইনুল ইসলাম রাহাতেরও সাইকেলের প্রতি সাংঘাতিক আগ্রহ। সাইকেলভিত্তিক সংগঠন ‘বিডিসাইক্লিস্ট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। কয়েক বছর আগে এক বন্ধুর উৎসাহে শুরু হয় এই সাইকেল যাত্রা। খুব অল্পসময়ে এই উৎসাহ রূপ নেয় ভালো লাগায়। এখনও চাকরিতে যাওয়ার সময় নিয়মিত তার সঙ্গী সাইকেল।

সাইকেল লাইফ এক্সক্লুসিভে যা আছে

৪টি ব্র্যান্ডের সাইকেল পাওয়া যাচ্ছে। র‌্যালে ব্র্যান্ডের সবচাইতে জনপ্রিয় মডেল টালুস ও র‌্যাভেনা। দাম পড়বে ১৭ থেকে ৫০ হাজার টাকা।

ডায়মন্ডব্যাকের চালু মডেলগুলো হল রেসপন্স এবং পিক এইচডি। ২৬ থেকে ৫০ হাজারের মধ্যে দাম।

কয়োটি পাবেন ১৪ থেকে ৫০ হাজার টাকার মধ্যে। জনপ্রিয় মডেল ইলিওনয় ও রুট।

ভাইকিংস ব্র্যান্ডের মধ্যে রেইস ও ট্যান্ডেম সিরিজের চাহিদা বেশি। দাম ২৬ থেকে ৩৬ হাজার টাকা।

মেয়েদের ব্যবহার উপযোগী সাইকেলের দাম সাড়ে ৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। বাচ্চাদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের সাইকেলের দাম পড়বে সাড়ে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা।

বিশেষ ধরনের ও বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এমন কিছু সাইকেলও পাওয়া যায় এখানে। চপার (মোটরসাইকেলের মতো দেখতে) সাইকেল ২০ হাজার টাকা। ভাঁজ করে রাখা যায় এমন সাইকেলের দাম পড়বে ১৫ হাজার টাকা।

বাজারে অনেক সস্তা সাইকেল পাওয়া যায়। সেখানে বেশি দাম দিয়ে সাইকেল কেনার ব্যাপারে রাহাতের মত হচ্ছে, একটু বেশি দামে কিনলেও লাভটা গ্রাহকের। সাইকেল লাইফ এক্সক্লুসিভ-এর পণ্যগুলো দেশে তৈরি। মান ও প্রযুক্তিতে সর্বাধুনিক। রক্ষণাবেক্ষণ খরচও পড়ে খুবই কম।

সাইকেলচালক ও ভবিষ্যত ব্যবহারকারীদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, “সাবধানে নিয়ম মেনে ও রাস্তার বাম পাশ দিয়ে সাইকেল চালাবেন। রাতে চেষ্টা করবেন এমন রংয়ের পোশাক পরতে, যাতে মোটর চালকদের দৃষ্টি না এড়ায়। আর অবশ্যই, অবশ্যই হেলমেট ব্যবহার করবেন সবসময়।”     

সাইকেলের খুচরা যন্ত্রাংশের মধ্যে এখানে আছে বিভিন্ন ধরনের টায়ার, টিউব, গ্রিপ, সিট, স্পিডমিটারসহ আরও অনেক কিছু। আমদানিকৃত হেলমেট পাওয়া যায় ২ হাজার টাকায়।

দোকানেই একজন ক্রেতার সঙ্গে কথা হল। আবদুল্লাহ আল মাহমুদ, যিনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শিক্ষানবিস হিসেবে কর্মরত।

তিনি বলেন, “আমি ২টি সাইকেল কিনেছি। এদের বিক্রয়োত্তর সেবা বেশ ভালো। এখানকার লোকজনও বেশ বন্ধুত্বপরায়ণ। সবচাইতে বড় কথা সাইকেলগুলো বাংলাদেশে তৈরি।”

প্রতিদিন ৮ কিলোমিটার সাইকেলে চেপে অফিসে যাতায়াত করেন মাহমুদ। কারণ জানতে চাইলে বলেন, “সময় বাঁচানো যায়, স্বাস্থ্যসচেতনতা আর পরিবেশবান্ধব যান হল সাইকেল।”   

একসময় সাইকেল বলতে বোঝাত-- বিয়ের যৌতুক। আর এখন তরুণদের পাশাপাশি অনেকেরই সঙ্গী দুই চাকার এই বাহন।

শরীর চর্চার পাশাপাশি যানজটের নগরীতে যাতায়াতে সময় আর খরচ বাঁচাতে এরচেয়ে ভালো বাহন আর হয় না।

ছবি কৃতজ্ঞতায় : ইমরান আলী ঈমাম ও সাইকেল লাইফ এক্সক্লুসিভ