‘সমীকরণ ৭১’
সম্প্রতি তৈরি হয়েছে টেলিফিল্ম ‘সমীকরণ ৭১’। পার্থ সরকারের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় অভিনয় করেছেন রাখি, শ্যামল,্ কে আজাদ সেতু, সোহেল খান প্রমুখ।
পার্থ সরকার বলেন, ‘মূলত এটি মুক্তিযুদ্ধের গল্প হলেও শাহবাগের প্রজন্ম চত্ত্বর আন্দোলনকে এখানে তুলে ধরা হয়েছে ভিন্ন আঙ্গিকে। শাহবাগ আন্দোলনের মধ্যে এই টেলিছবির শুটিং করা হয়েছে। এছাড়া শুটিং হয়েছে টাঙ্গাইল, ধামরাই, কামরাঙ্গীচর এবং ঢাকার একটি শুটিং হাউজে।
তিনি আরো বলেন, ‘লাক্স তারকা রাখি এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। একটি ৭১ এর এক হিন্দু মেয়ের চরিত্র। অন্যটি এই সময়ের এক আধুনিক ও সচেতন মেয়ের চরিত্র।’
কথা ও হাসান সদ্য বিবাহিত। একটা বাঁশির সুর শুনে ঘুম ভেঙে যায় কথার। হাসান সেটা নিয়ে ডাক্তারের কাছে যেতে চায়। এর মধ্যে রাজাকারের বিচারের জন্য শাহবাগ আন্দোলন শুরু হয়। কথাও যোগ দেয় প্রজন্ম চত্বরে। কিন্তু হাসান এসবের কোন মানে খুঁজে পায়না। এসব আন্দোলনে যেতে নিষেধ করে কথাকে। এ নিয়ে দু’জনের ঝগড়া হয়। এরই মধ্যে একদিন ঢাকার বাইরে বেড়াতে যাওয়ার সময় রাস্তা হারিয়ে ফেলে হাসান ও কথা। সেখানেই হঠাৎ স্বপ্নে শোনা বাঁশির সুরটি বাস্তবে শুনতে পায় কথা। দেখে জরাজীর্ণ এক বাড়িতে বসে বাঁশি বাজাচ্ছে এক বৃদ্ধ। নাম তার হরিদাস। কথাকে দেখে চমকে ওঠে হরিদাস। অবিকল ৭১ এ মারা যাওয়া তার স্ত্রীর মত চেহারা। কথাও যেন ফিরে যায় ৭১ এ। জানা যায়, ৭১ এর ডামাডোলের মাঝে বিয়ে হয়ে যায় হরিদাস আর লক্ষ্মীর। তার কদিন পরই যুদ্ধে চলে যায় হরি। একদিন হরিদাসকে ধরতে আসে বাচ্চু রাজাকার। হরিকে না পেয়ে লক্ষ¥ীকে পাকিস্তানী মেজরের কাছে যাওয়ার প্রস্তাব দেয়। লক্ষ্মী এতে রাজি না হওয়ায় তাকে পাশবিক নির্যাতন করে বাচ্চু রাজাকার। সেই রাতেই মারা যায় বউটি। ঘটনা শোনার পরে কথা-হাসান দম্পত্তি যায় বাচ্চু রাজাকার ওরফে হাসানের নানুর বাড়িতে। কথাকে দেখে চমকে ওঠে বাচ্চু রাজাকার। এতো মিল চেহারায় কিভাবে হয়! জানা যায় বাচ্চু রাজাকার আর কেউ নয়, হাসানের দাদা বাচ্চু মিঞা। হাসানও এতোদিন সেটা জানতো না। হাসানের জেরার মুখে স্বীকার করে সে একজন রাজাকার। সঙ্গে সঙ্গে ঢাকা ফিরে আসে তারা। এসে দাঁড়ায় শাহবাগে। এখন তাদের দাবি একটাই রাজাকারের ফাঁসি চাই। এমন কাহিনী নিয়েই গড়ে উঠেছে টেলিফিল্মটি
শুক্রবার ৫ এপ্রিল বিকেল ২ টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিফিল্মটি।
