নাটকের পর সিনেমা বানাবেন জাপান-প্রবাসী
বাংলাদেশ-জাপান যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন জাপান প্রবাসী প্রযোজক এবং জাপানি বাংলা পত্রিকা ‘বিবেক বার্তার’ সম্পাদক পি. আর. প্লাসিড। বাংলাদেশের সিনেমাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য বিবেক মিডিয়া এই উদ্যোগ নিয়েছে।
২৪ জানুয়ারি রাজধানীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী ‘চিহ্ন’ নামের একটি নাটক নির্মাণ করা হয়েছে। পি. আর. প্লাসিড এর লেখা নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও ।
নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তানভীন সুইটি, সুষমা, শাহরিয়ার ফেরদৌস সজীব, শাহরিয়ার। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে গাজীপুর জেলার মঠবাড়ী গ্রামে, চিটাগাং রোড এবং ঢাকায় ফার্মগেটে মনিপুরিপাড়ায়। নাটকটি বিবেক মিডিয়ার ব্যানারে খুব শিগগিরি একটি বেসরকারি চ্যানেলে প্রচারের কথা রয়েছে।
পি. আর. প্লাসিড বলেন, ‘বাংলাদেশকে জাপানে সুন্দর করে উপস্থাপনের জন্য ইতোমধ্যে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। আশা করছি এ বছরের মাঝামঝি বাংলাদেশ-জাপান যৌথপ্রযোজনার প্রথম সিনেমাটি নির্মাণ করা হবে।’
