‘কালারস স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ ‘বারফি!’র জয়
১২ জানুয়ারি অনুষ্ঠিত হলো ১৯তম ‘কালারস স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এর আসর। পুরস্কার বিতরণীতে গ্ল্যামারাস এবং বাণিজ্যিক ধারার সিনেমার বদলে এবার বেশি সমাদৃত হয়েছে ‘বারফি!’ এবং ‘পান সিং তোমার’-এর মতো ননগ্ল্যামারাস ধাঁচের সিনেমা। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।
অনুষ্ঠানটিতে এবছর সেরা সিনেমার পুরস্কার যৌথভাবে পেয়েছে ‘বারফি!’ এবং ‘পান সিং তোমার’। সিনেমাদু’টির প্রধান অভিনেতা অর্থাৎ রণবীর কাপুর এবং ইরফান খান যৌথভাবে জিতে নিয়েছেন সেরা অভিনেতার খেতাব।
এমনকি সেরা পরিচালকের বিভাগেও এবার বাণিজ্যিক ধারার পরিচালকদের পেছনে ফেলে সেরা পরিচালকের খেতাব জিতেছেন ‘বারফি!’র পরিচালক অনুরাগ বসু।
অনুষ্ঠানটিতে একটি বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয় সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চনকে। এছাড়া সদ্য প্রয়াত পরিচালক ইয়াশ চোপড়াকে ভূষিত করা হয় মরণোত্তর আজীবন সম্মাননায়।
অনুষ্ঠানটির বিভিন্ন অংশে মঞ্চে পারফর্ম করেন ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ খ্যাত সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান। সেইসঙ্গে ছিল সোনাক্ষি সিনহা, রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়ার জমকালো পারফরম্যান্স। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিনেতা রণবীর কাপুরের মা নিতু কাপুরের প্রথমবারের মতো পারফরম্যান্স।
‘স্ক্রিন অ্যাওয়ার্ড’এর অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান, করণ জোহর এবং আয়ুষ্মান খুরানা। ‘ভিকি ডোনার’ সিনেমার জন্য আয়ুষ্মান পেয়েছেন ‘সেরা নবাগত অভিনেতা’র পুরস্কার।
