২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুন, কমিক্স, চিলড্রেন বুক ফেস্টিভল

কার্টুন শিল্পের বিকাশের পাশাপাশি জনপ্রিয়তা বাড়াতে ও পাঠকের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতেই এবার ঢাকার ধানমণ্ডির দৃক গ্যালারিতে আয়োজন করা হয়েছে কার্টুন, কমিক্স ও চিলড্রেন বুক ফেস্টিভল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 03:31 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

আয়োজনের সঙ্গে রয়েছে উন্মাদ, ঢাকা কমিক্স, টই টই, চারু পুথি, কাঠপেন্সিল, কিআ, eআরকি, টানটোন, সারাবেলার মতো কিছু প্রতিষ্ঠান।

এমনিতে কার্টুন আর কমিক্সের মাঝে সাধারণ তফাৎ হল ফ্রেম বা ক্যানভাসের ব্যবহারে। কার্টুনে সাধারণত একটা ফ্রেমেই গল্প শেষ করে ফেলা হয়। তবে কমিক্সে ফ্রেমের পর ফ্রেম ব্যবহার করে গল্পের চিত্রায়ন সাজানো হয়। এছাড়া একই ফ্রেমের মাঝেও আরও ছোট ছোট ফ্রেম ঢুকিয়েও মজার গল্প ফাঁদেন কার্টুন শিল্পীরা।

পাশাপাশি ‘ইলাস্ট্রেশন’ এবং ‘টেক্সট’ ব্যবহার করে ছোটদের জন্য গল্পের বইও প্রকাশিত হচ্ছে। এসবই দেখতে পাওয়া যাবে, দৃক গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে।

মজার ব্যাপার হল, জানা যাবে কার্টুন আঁকার ‘অ আ ক খ’। ফ্রেমে বাঁধা কাগজে ঝোলানো আছে, কীভাবে থাম্বনেইল, লে আউট, পেন্সিলিং, ইংকিং, লেটারিং ও ডায়ালগের মতো ধাপে ধাপে তৈরি করা যায় কার্টুন আর কমিক্স।

তবে এত কিছুর পরও নিজেদের এই আয়োজন নিয়ে সন্তুষ্ঠ থাকতে চান না আয়োজকরা। ঢাকা কমিক্সের প্রকাশক ও উন্মাদের নির্বাহী সম্পাদক মেহেদী হক বলেন, “তিন বছর ধরে বাংলা একাডেমির সঙ্গে কথা চলছে। আগে উন্মাদের স্টল থাকলেও তিন বছর ধরে তাও দেওয়া হচ্ছে না। আর কার্টুন–কমিক্সের কথা বাদই দিলাম।”

তিনি আরও বলেন, “কর্তৃপক্ষ বলেই চলেছেন যে, তারা বিষয়টি দেখছেন, কিন্তু এখনও একুশে বইমেলার মতো আয়োজনে কার্টুন-কমিকক্সের বই, ম্যাগাজিনের জন্য একটি স্টলও পাওয়া যায় না। তাই আমরা কার্টুনিস্টরা নিজেরাই আয়োজন করেছি প্রদর্শনীর। আশা করি ভবিষ্যতেও এটা অব্যাহত রাখতে পারব। অন্তত কাজগুলো নিয়মিত মানুষের কাছে তুলে ধরতে পারব এই আয়োজনের মধ্য দিয়ে।”

প্রদর্শনী ঘুরে দেখা যাবে সিকে জ্যাকি, ব্যাক বেঞ্চার্স ক্লাব, নিহিলিন ক্লাব, দাদু নাদু আর নিতুর মতো আরও কিছু কমিক্স সিরিজ। প্রকাশনার বাজারে খুব একটা জনপ্রিয় না হলেও, কার্টুন শিল্পীদের কাজ দেখবার এটা একটা দারুণ সুযোগ।

হলিক্রস কলেজের ছাত্রী সামিয়া শারমিন বিভা এমনিতে ছোটদের কাগজ কিআ’র সঙ্গে কাজ করছেন। তবে প্রদর্শনীতে এসে কার্টুন আর কমিক্সের মহাযজ্ঞ দেখে অভিভূত হয়েছেন এমনটাই জানিয়েছেন তিনি।

১৬ অগাস্ট শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৮ অগাস্ট মঙ্গলবার পর্যন্ত। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীর পাশাপাশি আগ্রহীদের সঙ্গে কথা বলবার জন্যও গ্যালারিতে উপস্থিত থাকছেন কার্টুন ও কমিক্স শিল্পীরা।

প্রদর্শনীর পাশাপাশি বিক্রির জন্যও রাখা হয়েছে নানান ধরনের কার্টুন, কমিক্স, ম্যাগাজিন, টি-শার্ট, স্টিকার ও বই।

এছাড়া প্রথম দিন প্রদর্শনীর মাঝেও ক্যারিকেচার এর মজা দেখিয়েছেন শিল্পীরা। সোমবার কাঠ পেন্সিল ম্যাগাজিনের আয়োজনে থাকছে আঁকিবুকির ড্রইং সেশন আর শেষদিন কাগজ ভাঁজ করে নানান বস্তুর আকৃতি তৈরি করবার জাপানি শিল্প অরিগামি প্রদর্শনী।

শেখাবার ও জানাবার জন্য আয়োজকদের এই উদ্যোগে যে কেউ অংশ নিতে পারবেন।          

দৃক গ্যালারির ঠিকানা: বাসা ৫৮, রোড ১৫ এ (নতুন), ধানমণ্ডি, ঢাকা ১২০৯।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।