২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিলমস অব মেমোরি’

স্মৃতির ‘টাইমলাইনে’ হাঁটবার সুযোগ করে দিয়েছেন শিল্পী বিপাশা হায়াত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 05:38 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

“আমি যখন ঘুরে বেড়াচ্ছিলাম মিশর, ইতালি, ফ্রান্স, গ্রিস, লিবিয়ার মতো জায়গাগুলোতে; তখন যেন আমার নিজেকে জাতিস্মর মনে হয়। ছবি আঁকার জন্য তো আর ওইসব জায়গায় যায়নি। বরং ঘুরতেই গিয়েছিলাম। কিন্তু ঘুরে বেড়ানোর এই অভিজ্ঞতাগুলো আমার শিল্পচর্চার অনুপ্রেরণা। প্রাচীন সভ্যতার এইসব নিদর্শন আমার নিজেকে খুঁজে পেতে সাহায্য করেছে।”

নিজের শিল্পকর্ম নিয়ে কথা বলছিলেন বিপাশা হায়াত। ঢাকার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে তখন নানান অঙ্গনের শিল্পীদের কোলাহল। কেউবা এসে বাহবা দিচ্ছেন, কেউবা ছবি তোলবার জন্য বায়না ধরেছেন, অনেকেই হয়ত এরই মাঝে আড্ডায় ডুবে গেছেন। তবে সবাইকে এক সুঁতায় বেঁধেছেন চিত্রশিল্পী বিপাশা হায়াত। না, অবাক হওয়ার কিছু নেই। অভিনয়শিল্পীই, চিত্রশিল্পী বিপাশা।

বিপাশা হায়াতের প্রদর্শনীর শিরোনাম ‘রিলমস অব মেমোরি’। নাম থেকেই আঁচ পাওয়া যায় এক ধরনের স্মৃতিকাতরতা আছে এখানে। বিপাশা হায়াতের চতুর্থ একক প্রদর্শনীতে এসে অবশ্য একটু হলেও স্মৃতির পাতা উল্টে দেখবার স্বাদ জাগবে মনে। কারণ শিল্পী নিজের স্মৃতির বিমূর্ত আবেগকে রং আঁচড়ে ফুটিয়ে তুলবার চেষ্ঠা করলেও, তা ছুঁয়ে যায় অন্যদের। অবশ্য এখানেই শিল্পের সার্থকতা।

২৮টি চিত্রকর্ম আর ৮টি ড্রইং প্রদর্শিত হচ্ছে এই আয়োজনে। ৩৬টি শিল্পকর্মের এই যাত্রায় তাই ঘুরেফেরা যাবে শিল্পীর যাপিত জীবনকে। যেই জীবনে শিল্পী বিপাশা হায়াত একজন পর্যটক, একজন ঐতিহাসিক কিংবা একজন জাতিস্মর। নিজের এই বিমূর্ত আবেগ, কিংবা টুকরা টুকরা ভগ্নাবিশেষ গভীরে গিয়ে জানান দেয় ভুমধ্যসাগরের আশেপাশে সৃজন করা সভ্যতাকে। শিল্পীর স্মৃতি ভাষা খুঁজে পায় ক্যানভাসে - কাগজে।             

“ফর্ম তৈরির ক্ষেত্রে আসলে বিশেষ কারও প্রতি কোনো আকর্ষণ ছিল না, বরং আমি কালোত্তীর্ণ হতে চেয়েছি। এই যাত্রায় আমার শিল্পী সত্তাই আমাকে নির্দেশনা দিয়েছে। আগেও বলেছি, যেসব জায়গায় আমি ঘুরতে গিয়েছি, সেখান থেকেই হয়ত আমার ফর্ম বেরিয়ে এসেছে। স্থাপত্যকলার পাশাপাশি সেসব জায়গায় দেখা ভাঙা মূর্তি, ইট-পাথরের টুকরো, পড়ে থাকা কোনো জিনিস এগুলোই আমার নিজস্ব একটি ফর্ম তৈরি করবার অনুপ্রেরণা।” বলছিলেন বিপাশা।

প্রায় তিন বছর ধরে এই সিরিজ নিয়ে নিমগ্ন ছিলেন তিনি। তবে অধিকাংশ কাজই হয়েছে ২০১৪ থেকে। যদিও শিল্পী সত্তায় হয়ত এর ভাষা তৈরি হচ্ছিল আরও অনেক আগে থেকেই। গ্যালারির দেয়ালে ঝোলানো শিল্পকর্মের কোনো কোনোটার দিকে তাকালে অবশ্য বিভ্রম হতেই পারে। মনে হতে পারে হাজার বছরের পুরানো কোনো দেয়াল হয়ত শিল্পীর তুলিতে নতুন জীবন পাওয়ার পর, অপলক তাকিয়ে আছে আমাদের দিকে।      

প্রদর্শনী নিয়ে বলতে গিয়ে শিল্পী হামিদুজ্জামান খানের গলায় যেন একটু উচ্ছ্বাস খুঁজে পাওয়া যায়।

“বিপাশার প্রদর্শনী দেখে ভালো লাগলো। আসলে মনে হচ্ছে কি, এই কাজগুলোর মধ্য ওকে খুঁজে পাওয়া যাচ্ছে। আর পুরো প্রদর্শনীর সবগুলো কাজের মধ্যেই যেন কি রকম একটা যোগাযোগ আছে। তবে একটা কথা ঠিক, মাধ্যমটা যদি বিমূর্ত হয়, তাহলে শিল্পচর্চায় স্বাধীনতা আরও বেড়ে যায়। এ কারণেই হয়ত বিপাশা নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে।”

তবে এর কোন বাত্যয় হয়নি অন্যদের ক্ষেত্রেও। অন্তত প্রথমদিনের অভিজ্ঞতায় স্মৃতির ‘টাইমলাইনে’ হাঁটবার সুযোগ করে দিয়েছেন শিল্পী বিপাশা হায়াত, এমনটাই মতামত গ্যালারিতে হাজির হওয়া অধিকাংশ শিল্পানুরাগীর।   

“উনার কাজ দেখে অনেক সাবলীল মনে হল। এখানে এই শিল্পের মৌলিকতা নিয়ে কোনো প্রশ্নই নেই, অত্যন্ত স্পষ্ঠভাবেই নিজের সঙ্গে দর্শকের ভাবের আদান-প্রদান করেছেন শিল্পী। আর কিছু কিছু কাজে আলোর ব্যবহারে ব্যতিক্রমতা আছে, যা কিনা চিন্তার খোঁড়াক জুগিয়েছে।” নিজেও নবীন চিত্রশিল্পী মনজুর রশীদ। হয়ত এজন্যই আরও ভিন্নভাবে দেখবার চেষ্ঠা ছিল তার দৃষ্টিতে।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চারুকলা অনুষদের চিত্রকলা (পেইন্টিং) বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন বিপাশা হায়াত। শিল্পচর্চার এই মাধ্যম ছাড়াও যুক্ত আছেন নাট্যকলার সঙ্গে।

৮ অগাস্ট থেকে শুরু হওয়া বিমূর্ত শিল্পচর্চার এই প্রদর্শনী চলবে ২৯ অগাস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই আয়োজন।
বেঙ্গল আর্ট লাউঞ্জের ঠিকানা: ৬০, গুলশান এভিনিউ, গুলশান ১, ঢাকা ১২১২।

ছবি: ফায়হাম ইবনে শরীফ