০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

গরমে সতেজ ত্বকের জন্য ঘরে তৈরি টোনার

প্রাকৃতিক উপাদানের টোনার ত্বকের যত্নে দিতে পারে জাদুকরী ছোঁয়া।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 08:18 AM

Updated : 26 Aug 2026, 01:11 PM

গরমে যখন ঘেমে-নেয়ে ত্বক বিবর্ণ, ক্লান্ত আর তৈলাক্ত হয়ে পড়ে তখন একটু সতেজতা যেন স্বর্গের মতো লাগে। 

আর এই সতেজতাই এনে দিতে পারে একটি ঘরে তৈরি ‘ফেইস টোনার’। 

অনেকে ভাবেন, টোনার বুঝি খুব একটা দরকারি না। তবে ত্বক তৈলাক্ত, ব্রণ প্রবণ কিংবা রোদে পুড়ে কালো হয়ে যায়, তাহলে টোনার ব্যবহার না করে উপায় নেই। 

“এটি শুধু ত্বক পরিষ্কারই করে না বরং লোমকূপ ছোট করে, ত্বকের পিএইচ বা ক্ষারীয় অবস্থার ভারাসাম্য ঠিক রাখে। আর ত্বককে করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত”- বলেন, ‘জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টার’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি।

চালের পানি টোনার

যা লাগবে

আধা কাপ চাল

পানি

যেভাবে বানাবেন ও ব্যবহার করবেন: চাল ভালোভাবে ধুয়ে দুতিন-বার পানি পাল্টে নিন যেন ময়লা বা ধুলাবালি না থাকে। 

এবার একটি বাটিতে আধা কাপ চাল নিয়ে পানি দিন। ৩০-৪৫ মিনিট ভিজিয়ে রাখুন। 

এবার পানি ছেঁকে একটি পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। মুখ ধোয়ার পর এই চালের পানি স্প্রে করুন বা তুলো দিয়ে লাগান।

উপকারিতা: লোমকূপ ছোট করে ত্বকে টানটানভাব আনে। ব্রণ কমায় ও লালচে-ভাব হালকা করে। দাগ ছোপ কমিয়ে ত্বক করে মসৃণ ও উজ্জ্বল।

শসার টোনার

যা লাগবে

১টি শসা

১ কাপ পানি

যেভাবে বানাবেন ও ব্যবহার করবেন: শসা ছোট ছোট করে কেটে পানি দিয়ে ব্লেন্ড করুন। এবার একটি পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। তরলটি একটি স্প্রে বোতলে রেখে ফ্রিজে ঠাণ্ডা করে তুলো দিয়ে মুখে লাগান।

উপকারিতা: রোদে পোড়া ত্বকে আরাম দেয়। ত্বক সতেজ ও আর্দ্র রাখে। দাগ ও ভাঁজ কমায়। প্রতিদিন এক গ্লাস শসার রস খেলেও ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়।

আলুর রসের টোনার

যা লাগবে

১টি মাঝারি আকারের আলু

১ কাপ পানি

যেভাবে বানাবেন ও ব্যবহার করবেন: আলু ছোট ছোট করে কেটে পানি দিয়ে ব্লেন্ড করুন। এবার রসটি ছেঁকে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। তুলা দিয়ে মুখে ব্যবহার করুন।

উপকারিতা: ত্বকের দাগ, বয়সের ছাপ ও কালচে-ভাব দূর করে। ত্বক টানটান করে। নিয়মিত ব্যবহারে ব্রণ ও ‘হাইপারপিগমেন্টেইশন’ কমায়।

গোলাপ জলের টোনার

যা লাগবে

তাজা গোলাপের পাঁপড়ি

পরিমাণ মতো পানি (ডিস্টিল্ড হলে ভালো। যা পানি ফুটিয়ে বাষ্প করে তারপর ঠাণ্ডা করে সংগ্রহ করা হয়)।

যেভাবে বানাবেন ও ব্যবহার করবেন: গোলাপের পাঁপড়ি ধুয়ে একটি পাত্রে পানিসহ দিন। ঢাকনা দিয়ে কম আঁচে গরম করুন যতক্ষণ না পাঁপড়িগুলো রং হারায়। এরপর পানি ঠাণ্ডা করে ছেঁকে বোতলে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করুন।

দিনে দুতিন বার স্প্রে করুন।

উপকারিতা: ত্বককে মসৃণ, কোমল ও আর্দ্র করে। প্রাকৃতিক ‘পিএইচ ব্যালান্স’ বজায় রাখে। সংবেদনশীল ত্বকের জন্য আদর্শ। ব্রণ প্রতিরোধ করে ও ঠাণ্ডা অনুভব দেয়।

গ্রিন টি’র টোনার

যা লাগবে

১ কাপ পানি

১টি গ্রিন টি’র ব্যাগ

১ টেবিল-চামচ গোলাপ জল

কয়েক ফোঁটা লেবুর এসেনশল অয়েল

যেভাবে বানাবেন ও ব্যবহার করবেন: পানি গরম করে গ্রিন টি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঢেকে রাখুন। ঠাণ্ডা হলে গোলাপ জল ও লেবুর তেল মিশিয়ে বোতলে রাখুন। ফ্রিজে সংরক্ষণ করে দিনে দুতিন বার মুখে স্প্রে করুন।

উপকারিতা: অতিরিক্ত তেল শোষণ করে ত্বক করে ‘টোনড’ ও সতেজ। ‘পিএইচ ব্যালান্স’ ঠিক রাখে। ব্রণ প্রতিরোধ করে। বয়সের ছাপ, যেমন- ত্বকের সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমায়।

আরও পড়ুন 

টোনার ত্বকে যে কাজ করে

শুষ্ক ত্বকের উপকারী টোনার

চুল ঝলমলে ও কোমল করার টোনার