চাঁদ দেখে ঈদ
ঈদ আসলে আমরা কত্তো খুশি হই, তাই না? আর কেনই বা হবো না বলো, ঈদ মানেই যে খুশি। ঈদ আসলেই তো বাবা-মা নতুন নতুন জামা-কাপড় কিনে দেন, ঈদের দিনে মা ফিরনি-পায়েস রান্না করেন, বড়দের সালাম করলেই ঈদি বা সালামি পাওয়া যায়, আরো কত্তো যে মজা হয় ঈদের দিনে! আমাদের কিন্তু বছরে দুটি ঈদ। ঈদ-উল-ফিতর (রোজার ঈদ) আর ঈদ-উল-আযহা (কোরবানির ঈদ)। কিন্তু ঠিক কোন দিনটা যে ঈদ, তা আমরা কিভাবে বুঝি বলো তো?
ঈদের দিন হিসাব করা হয় হিজরি সন অনুসারে। আমাদের মহানবী (সাঃ) যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই দিন থেকেই হিজরি সন গণনা করা শুরু হয়েছিল। এই সন গণনা অনুসারে বছরের প্রত্যেকটি মাস হয় ২৯ বা ৩০ দিনে। আর কোনো মাস ২৯ দিনে হবে নাকি ৩০ দিনে, তা হিসাব করা হয় চাঁদ দেখে। ভাবছো, ইংরেজি আর বাংলা মাস হয় ৩০ কি ৩১ দিনে, অথচ এই হিজরি সন হয় ২৯ বা ৩০ দিনে; তাহলে বাকি দিনগুলো গেল কোথায়? হ্যাঁ, হিজরি সন আমাদের ইংরেজি বা বাংলা সনের চেয়ে ১১ দিন ছোট হয়। আর তাই দেখো না, ঈদ প্রতি বছরই একটু একটু করে এগিয়ে আসে! আর আরবি মাস ২৯ বা ৩০ দিনে হয় কেন জানো? আগেই না বললাম, হিজরি সন গণনা করা হয় চাঁদ দেখে। আর চাঁদ একবার মোটা থেকে চিকন হয়ে আবার মোটা হতে সময় লাগে প্রায় ১৫ দিন। এই ১৫ দিনের সময়কালকে বলে ১ পক্ষকাল। এরকম ২ পক্ষকাল নিয়ে একেকটা আরবি মাস হয়। কিন্তু আমাদের ইংরেজি বা বাংলা মাস এই চাঁদের পক্ষকাল দেখে হয় না। পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে যেই সময় লাগে, সেটাকেই ১২ ভাগ করে আমরা আমাদের ১২ মাস বানিয়েছি।
আমরা তো পুরো রমজান মাসই রোজা রাখি। তারপর মাসের ২৯ তারিখের রাতে যদি ঈদের চাঁদ দেখা যায় তাহলে পরের দিন হয় ঈদ। আর যদি চাঁদ না দেখা যায় তাহলে সেবার রমজান মাস হয় ৩০ দিনে; ৩০ রোজার পরের দিন ঈদ হয়।
একটা জিনিস দেখেছ, ঈদের চাঁদ দেখতে সবসময় বাঁকানো হয়। কিন্তু অন্য সময় আবার চাঁদ দেখতে গোল ফুটবলের মতনও হয়। এমন কেন হয় জানো? তাহলে কি চাঁদও আমাদের মতো রোজা রাখে? আর রোজা রাখে বলেই না খেতে পেয়ে শুকিয়ে ওরকম বাঁকা হয়ে যায়! আর তাই বুঝি ওই প্রবাদটা চালু হয়েছে- খিদেয় বাঁকা হয়ে যাওয়া!
পৃথিবী যেমন দিনে একবার করে নিজের অক্ষের উপর একা একাই ঘুরপাক খায়, তেমনি চাঁদও নিজের অক্ষের উপর ঘুরপাক খাচ্ছে। ফলে চাঁদের একেক দিক একেক বার আমাদের দিকে থাকে, আর তখন অন্যদিকটা থাকে আমাদের উল্টো দিকে। মানে একদিক আমরা দেখতে পাই, এই অংশটার নাম দেয়া যাক আলোকিত দিক। আরেকটি দিক আমরা দেখতে পাই না, কাজে কাজেই এই দিকটার নাম তাহলে দিলাম অন্ধকার দিক। তুমি-আমি রাতের আকাশে দেখতে পাই চাঁদের আলোকিত দিক। আবার পৃথিবী যেমন ৩৬৫ দিনে একবার সূর্যকে ঘুরে আসে, তেমনি চাঁদ আবার সাড়ে ২৯ দিনে পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসে। আসলে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর ঠিক ৩৬৫ দিন নয়, আরেকটু বেশি সময়ই লাগে; মোটমাট লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৫ সেকেন্ড। পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে যখন চাঁদের সবটুকু অংশের উপর সূর্যের আলো পড়ে তখন চাঁদকে গোল দেখায়। আমরা একে বলি পুর্ণিমা। আবার ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্যের আড়ালে চলে যায়, তখন আমরা চাঁদকে দেখতেই পাই না, তখন সেটাকে বলা হয় অমাবস্যা। মজা কি জানো? অমাবস্যা কিন্তু শুধুই এক রাতের জন্য, পরের রাতেই আবার চাঁদমামা দেখা দেন! কিভাবে? কারণ তখন যে চাঁদের উপর আবার সূর্যের আলো পড়ে।
এই আলো ছায়ার খেলা সারা বছর ধরেই চলে। খুব মজার না খেলাটা? এই মজার খেলার ভিতরে কিন্তু আরো একটা মজা হয়। এই মজার নাম চন্দ্রগ্রহণ। সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝখানে চলে আসে, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে আর চাঁদকে একটুও দেখা যায় না, চাঁদের আলোও একটুও আসে না, তখন সেটাকে বলে চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণ কিন্তু প্রত্যেক বছর কমপক্ষে দুইবার করে হয়। আর তাই চাইলে তুমি নিজের চোখেই চন্দ্রগ্রহণ দেখতে পারো। শুধু খেয়াল রাখতে হবে, কবে চন্দ্রগ্রহণ হবে। আর প্রতিদিন পশ্চিম আকাশে খেয়াল রাখলে চাঁদের ছোট-বড় হওয়া তো এমনিতেই দেখতে পাবে।
