ঢাকার ঐতিহ্য রোজ গার্ডেন
খোলা বারান্দায় আরামকেদারায় উদাস হয়ে বসে ছিলেন নানা সোহরাব উদ্দীন। বিষয়টা লক্ষ করল ঐতিহ্য। পড়ন্ত বেলার ক্লান্ত রোদে নানার মুখটাকে অনেক মলিন লাগলো ওর কাছে। ধীর পায়ে নানার পিছনে গিয়ে শুভ্র চুলগুলোতে আলতো করে হাত বুলাতে বুলাতে বললো, কি হয়েছে নানা তোমার?
একটা দীর্ঘনিশ্বাস ফেললেন ষাটোর্ধ্ব মানুষটি, বললেন-খবরের কাগজ পড়িস?
পড়ি তো-ঐতিহ্যের ঝটপট উত্তর।
নানা বললেন, দেখেছিস কয়েকদিন আগে কিভাবে লালবাগ কেল্লা প্রাচীন ভেঙে গাড়ির পার্কিং বানানোর তোড়জোড় চলছিল, আহসান মঞ্জিলের সামনে লাগানো বিশাল লিফটার কথা মনে আছে? আহসান উল্লাহ সাহেব বেঁচে থাকলে কি যে করতেন! আমাদের ঢাকার গৌরবজ্জল ইতিহাসের সাক্ষ্য এগুলো। আরও আছে ছোটকাটরা, বড় কাটরা, কার্জন হল, বলধা গার্ডেন, রূপলাল হাউজ, শঙ্খনিধি হাউজ, রোজ গার্ডেন-- কত নাম বলবো! দুঃখের কথা কি জানিস, চোখের সামনেই দিন দিন এদের সৌন্দর্য্য হারাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছ, কোনো কোনোটি নিশ্চিহ্ন হবার পথে।
নানাভাই, তুমি ঠিকই বলেছো- ঐতিহ্যের সরল সমর্থন।
ঠিক তখনই সভ্যতা ট্রেতে করে বিকেলের চা-নাস্তা নিয়ে বারান্দায় এলো। দুজনকে গম্ভীর ভাবে গল্প করতে দেখে গলায় কিছুটা অভিমানের সুর মিশিয়ে বললো, আমাকে ফেলে খুব জমিয়ে গল্প হচ্ছে তাই না?
সভ্যতার অনুযোগের ভঙ্গিতে নানা হেসে ফেললেন, বললেন- নারে, কার ঘাড়ে কয়টা মাথা আছে যে তোকে বাদ দিয়ে গল্প শুরু করবে! তবে আজ তোদের সত্যিই একটা গল্প বলবো- যে ঘটনার কারণেই সৃষ্টি হয়েছিল সুরম্য ‘গোলাপ বাগে’র।
সভ্যতা আর ঐতিহ্য চায়ের কাপ হাতে নিয়ে নানার সামনে মোড়া পেতে বসলো। নানা নিজের কাপটায় আয়েশ করে একটা চুমুক দিয়ে শুরু করলেন--
বিশ শতকের শুরুর দিকে বলধার বিখ্যাত জমিদার নরেন্দ্র নারায়ন রায় চৌধুরির ওয়ারীতে ‘কালচার’ নামের বাড়িটি ছিল ঢাকার সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। এই বাড়ির সঙ্গে তিনি ‘সিবলি’ ও ‘সাইকি’ নামের মনোরম দুটি বাগান গড়ে তুলেছিলেন, যেটাকে এখন তোমরা বলধা গার্ডেন নামে চেন। তাঁর বাড়িতে তিনি জাদুঘর, লাইব্রেরী ও রঙ্গমঞ্চ গড়ে তুলেছিলেন। এখানে নিয়মিত তাঁর লেখা নাটক মঞ্চস্থ হতো।
১৯৩০ সালেই হৃষিকেষ দাস রোডে (তখন অবশ্য এই নাম ছিল না) কিনে ফেললেন ২২ বিঘা জমি। সেই বছরেই দেশ বিদেশ থেকে নানা রকমের গোলাপের গাছ আনিয়ে তৈরি করলেন গোলাপের বিশাল এক বাগান। পরের বছরেই তৈরি করলেন কারিন্থিয়ান পিলারে ঘেরা সুরম্য দ্বোতালা একটি প্রাসাদ, যার চারিদিক ঘিরে রইলো সুগন্ধী গোলাপের বাগান। দোতালা প্রাসাদটির নীচ তালায় মোট রুমের সংখ্যা আটটি, এরমধ্যে বড় একটা বলরুম রয়েছে। বলরুমের সামনে উপরের তলায় যাওয়ার জন্য একটি নকশাকাটা পেঁচানো সিঁড়ি বসানো হলো। উপর তলায় মোট ঘরের সংখ্যা পাঁচটি, তারমধ্যে রয়েছে শ্বেত পাথরের মেঝেওয়ালা বিশাল এক জলসাঘর, যার সিলিং জুড়ে করা হলো সবুজ কাচ দিয়ে তৈরি ফুলের নকশা। ভবনের একদম শীর্ষে রইলো সুন্দর একটি গম্বুজ।
উদ্যানের শোভা উপভোগের জন্য ভবনের প্রতিটি অংশে ঢালাইকৃত লোহার ব্রাকেটের উপর বর্গাকৃতির বারান্দা বানানো হলো। হৃষিকেষ দাসের পছন্দ অনুযায়ী প্রাসাদের দরজা-জানালাগুলো তৈরি করা হয়েছিল কাঠ, রঙিন বেলজিয়াম কাঁচ ও লোহার সমন্বয়ে আর তাদের উপরে অর্ধচন্দ্রাকার খিলানের মধ্যে করা হয়েছিল দারুন সুন্দর সব জ্যামিতিক নকশা, লতাপাতাসহ নানা রকমের অলংকরণ।
তবে দুর্ভাগ্যবশতঃ হৃষিকেষ দাস বেশিদিন তাঁর এই পার্থিব নন্দনকাননে বসবাস করতে পারেননি। রোজ গার্ডেন নির্মানের কিছুকাল পরেই তিনি দেউলিয়া হয়ে পড়েন। এরপর ১৯৩৬ সালে প্রাসাদটি ঢাকার একজন বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আবদুর রশীদের কাছে বিক্রি করে দেন। কাজী আবদুর রশীদ এখানে প্রভিন্সিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগসন্ধিক্ষনের সাক্ষী হয় রোজ গার্ডেন। সেদিনটা ছিল ১৯৪৯ সালের ২৩ জুন, এদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলন অনুষ্ঠিত হয় এখানে। প্রতিষ্ঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের, যার সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক।
নানা বললেন, যে সময়ের ঘটনা এটা সেই সময়েও সমাজে প্রচ্ছন্নভাবে বর্ণপ্রথার চালু ছিল বলেই এই অবস্থা। আর হৃষিকেষ বাবু কিন্তু ধনী জমিদার হওয়ার পাশাপাশি সমাজ হিতৈষীও ছিলেন, তিনি তৎকালীন ঢাকার ওয়াল্টার রোডের অংশ থেকে নারিন্দা পুল পর্যন্ত রাস্তার বিদ্যুতায়নের খরচ দিয়েছিলেন। আর এই রাস্তাটার নামকরণও করা হয়েছিল তাঁর নামে।
নানাভাই বললেন, সে তো খুব ভাল কথা। রোজ গার্ডেনের অবস্থান টিকাটুলির কে এম দাস রোডের শেষ মাথায়। তবে বাড়ির মূল গেটের সামনের অংশটি বিক্রি করে দেওয়ায় একটু ঘুরে পেছনের গেট দিয়ে ঢুকতে হয়, আর সেই অংশটি পড়েছে গোপীবাগের আর কে মিশন রোডে। রোজ গার্ডেন বর্তমানে ব্যক্তি মালিকানাধিন সম্পত্তি। তাই চাইলেই যখন খুশি তখন যাওয়া যাবে না। ভিতরে ঢুকে দেখতে চাইলে আগে যোগাযোগ করে অনুমতি নিয়ে নিতে হবে। ছুটিছাটার দিন বাদে যে কোনো দিন যেতে পার। আর একটা কথা মনে রেখো, সেখানে গিয়ে কোনো কারণে রোজ গার্ডেন খুঁজে না পেলে কিংবা রিক্সা করে যেতে চাইলে বলতে হবে ‘হুমায়ূন সাহেবের’ বাড়িতে যাবো’ কারণ এই নামেই প্রাসাদটি বর্তমানে বেশি পরিচিত। রোজ গার্ডেন থেকে অল্প দূরে রয়েছে বলধা গার্ডেন, খ্রীষ্টান কবরস্থান আর সেইসঙ্গে প্রাচীন ঢাকার অন্যান্য প্রাচীন নিদর্শন।
তো আর দেরি কেন, সুন্দর একটা দিন দেখে বেরিয়ে পর, পুরান ঢাকা তার যাবতীর প্রাচীন ঐতিহ্য নিয়ে তোমাদের মতো নতুনদের জন্যই অপেক্ষা করে আছে।
