অদ্ভুত অ্যান্টার্কটিকা
অ্যান্টার্কটিকা। বরফের রাজ্য। শীতলতম মহাদেশ। ওখানকার গড় তাপমাত্রাই -৪৯ ডিগ্রি! আর তাই আমাদের মনে হয়, অ্যান্টার্কটিকায় বুঝি বরফ আর তুষার ছাড়া কিচ্ছুটি নেই। ইদানিং তবু সিনেমা-টিনেমা দেখে ওখানকার পেঙ্গুইনদের কথা সবাই জেনেছে।
আসলে কী তাই? মোটেই না। অ্যান্টার্কটিকায় এর বাইরে আরও অনেককিছুই আছে। অবশ্য সেসবের খোঁজ বের করতে বিজ্ঞানীদের কম পরিশ্রম করতে হয়নি। সেই প্রচণ্ড ঠাণ্ডায় বিশেষ ক্যাম্প বসিয়ে, বিরূপ পরিবেশে গবেষণা করে করেই সে সব জানা গেছে। অ্যান্টার্কটিকায় অবশ্য আসলেও খুব বেশি প্রাণী নেই। যেগুলো আছে, তার বেশিরভাগই একেবারেই ক্ষুদ্র আকৃতির প্রাণী। চোখে দেখা যায়, এমন প্রাণীর সংখ্যা খুবই কম। বেশিরভাগ অঞ্চলই বরফে ঢাকা থাকে বলে, গাছপালাও প্রায় নেই। তবে মজা হলো, ওখানকার প্রকৃতি পৃথিবীর অন্যান্য জায়গার চেয়ে আলাদা বলে, ওখানে যে অল্প কিছু প্রাণী আছে, সেগুলো খুবই অদ্ভুত। অন্তত আমাদের চেনাজানা প্রাণীদের চেয়ে আলাদা তো বটেই। সব মিলিয়ে অ্যান্টার্কটিকায় অনেক অদ্ভুতুড়ে ব্যাপার-স্যাপারই দেখা যায়।
অ্যান্টার্কটিকায় কোনো মানুষ থাকেনা। ১৯৬১ সালে অ্যান্টার্কটিকা ট্রিটি বলেএকটা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, অ্যান্টার্কটিকা কোনো নির্দিষ্ট দেশের অধীনে থাকতে পারবে না। বিজ্ঞানের গবেষণা ছাড়া ওখানে আর কোনো কাজও করা যাবেনা। আর এই গবেষণার জন্য অনেকগুলো দেশের ক্যাম্প আছে ওখানে। সেই ক্যাম্পগুলোতে সব মিলিয়ে শীতকালে থাকে হাজারজনের মতো। গ্রীষ্মকালে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় পাঁচ হাজারের মতোন।
অ্যান্টার্কটিকায় রাশিয়ারএকটা ক্যাম্পের নাম ভস্তক স্টেশন। সেখানেই এখন পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৯৮৩ সালের ২১ জুলাই সেখানে তাপমাত্রা রেকর্ড করাহয় -৮৯ ডিগ্রি!
গাছপালার ব্যাপারে অ্যান্টার্কটিকা ভীষণ কৃপণ। ওখানে কোনো ঝোপজঙ্গল বাবড় গাছ দেখাই যায়না। কেবল তিন ধরনের ফুল গাছ হয়।আর শেওলা জাতীয় জলজ উদ্ভিদ পাওয়া যায় শতাধিক ধরনের। তবেপ্রাণীর ক্ষেত্রে অ্যান্টার্কটিকা এতটা কৃপণ না। বিশেষত চারপাশে পানি থাকায় ওখানে বেশকিছু প্রাণীর দেখা পাওয়া যায়। তবে অধিকাংশ প্রাণীই ব্যাক্টেরিয়া, ফাইটোপ্লাঙ্কটন বা এজাতীয়, বা ওরকম আকৃতির। এত ছোট যে, খালি চোখে দেখা যায়না।
তবে অ্যান্টার্কটিকার সব প্রাণীই যে ছোট, তা নয়। বড়সড় কিছু প্রাণীও দেখা যায়। এগুলো আবার ভীষণই অদ্ভুত। পেঙ্গুইন তো ভীষণই বিখ্যাত। মানুষের মতো দুই পায়ে চলা প্রাণীটি যেমন মিষ্টি দেখতে তেমনি সুন্দর সাদায়-কালোয় মেশানো গায়ের রং। ওখানে বেশ কয়েক ধরনের পেঙ্গুইন দেখা যায়। সবচেয়ে বিখ্যাত এম্পেরর পেঙ্গুইন। এছাড়াও আছে রক হপার্স পেঙ্গুইন, কিং পেঙ্গুইন, অ্যাডেলে পেঙ্গুইন, চিনস্ট্র্যাপ পেঙ্গুইন, জেন্টু পেঙ্গুইন ইত্যাদি।
অ্যান্টার্কটিকায় বেশ কয়েক ধরনের তিমিও বাস করে। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত নীল তিমি Ñপৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। আর সবচেয়ে ডাকাবুকো অর্কা তিমি। এই অর্কা তিমি এতটাই ভয়ংকর, ওর ডাকনামই হয়ে গেছে খুনে তিমি। অন্যান্য তিমিগুলোর মধ্যে আছে হাম্পব্যাক তিমি, ফিনতিমি, স্পার্ম তিমি, বোটলনোজ তিমি ইত্যাদি।
অ্যান্টার্কটিকায় বেশ কয়েক প্রজাতির সিলও বাস করে। এগুলোর মধ্যে রয়েছে ওয়েডেলসিল, রসসিল, ক্র্যাবইটারসিল, লেপার্ড সিল, ফারসিল ইত্যাদি।
অ্যান্টার্কটিকায় যে মাছটি বাস করে, সেটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মাছ। শুধু মাছেদের কথাই বা বলি কেন, এক দিক দিয়ে মাছটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণীই বটে। মাছটির নাম আইসফিশ বা ক্রোকোডাইল ফিশ। মাছটি প্রথম আবিষ্কৃত হয় ১৯২৭ সালে। বুভেআইল্যান্ডের কাছের সাগরে মাছটির খোঁজ বের করেন নরওয়েজিয়ান প্রাণীবিদ ডিটলেফরুস্তদ। অদ্ভুত এই মাছটির শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গই রংহীন। এমনকি রক্তও বর্ণহীন। মাছটির রক্তে এক কণা হিমোগ্লোবিনও নেই। বাইরে থেকে মাছটির শরীরের শিরা-উপশিরা-মগজ সবই দেখা যায়। অ্যান্টার্কটিকার প্রচণ্ড ঠাণ্ডা পানিতে বেঁচে থাকতেই মাছটির শরীরের এই অদ্ভুত বিবর্তন ঘটেছে। আর ঠাণ্ডায় জমে যাওয়া প্রতিরোধ করতে এদের শরীরে এক বিশেষ ধরনের প্রোটিন তৈরি হয়েছে। বিজ্ঞানীরা এই প্রোটিনের নাম দিয়েছে অ্যান্টি-ফ্রিজ। এই অ্যান্টি-ফ্রিজ দেখা যায় নটোথেনিয়েডস জাতীয় সবগুলো মাছের শরীরেই।
অ্যান্টার্কটিকায় এখনও পর্যন্ত এক ধরনের পোকারই সন্ধান পাওয়া গেছে। ক্ষুদে আকৃতির পোকাটির নাম বেলজিকা অ্যান্টার্কটিকা। এছাড়াও সেখানে এ যাবত প্রায় ১ হাজার ২০০ ধরনের ছত্রাকের খোঁজ পাওয়া গেছে।
২০১০ সালে বিশ্বব্যাপী এক সামুদ্রিক প্রাণী শুমারি হয়। সেই শুমারির হিসেব অনুযায়ী, অ্যান্টার্কটিকায় এখন ২৩৫ ধরনের সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব আছে। এদের মধ্যে আছে কেঁচো, শামুক, সি-কিউকামবার জাতীয় প্রাণী।
তবে অ্যান্টার্কটিকার মজা কেবল এর অল্প কিছু বৈচিত্র্যময় প্রাণীতেই সীমাবদ্ধ নয়। অ্যান্টার্কটিকায় এমন কিছু জিনিস আছে, শুনলে রীতিমতো পিলে চমকে যায়। ওখানে লেক আর পাহাড় তো আছেই, একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরিও আছে! বরফের রাজ্যের এই আগ্নেয়গিরিটির অবস্থান মাউন্ট এরেবাস নামক পর্বতে। মাউন্ট সিডলি নামের আরেকটি পর্বতেও সুপ্ত আগ্নেয়গিরি আছে বলে ধারণা করা হয়। অনেক বিজ্ঞানীরই মত, অ্যান্টার্কটিকার বরফের নিচে এমনি আরও বেশ কিছু আগ্নেয়গিরি ঢাকা পড়ে আছে।
সবমিলিয়ে অ্যান্টার্কটিকা কেবলই বরফ আর তুষারের রাজ্য নয় মোটেই। মানুষহীন এই মহাদেশেও আছে নানা বৈচিত্র্য।
