ধবধবে সাদা তুষার-পেঁচার গল্প
আচ্ছা, তোমরা যারা হ্যারি পটার মুভি দেখেছো বা বই পড়েছো, কারও কি মনে আছে ওখানের সাদা পেঁচাটার কথা? ধবধবে যে সাদা পেঁচাটি প্রায়ই চিঠি নিয়ে আসতো হ্যারির কাছে, সেই পেঁচাটির গল্পই বলব আজকে। ধবধবে সাদা এই পেঁচাটির ইংরেজি নাম “Snowy Owl” আর বাংলায় একে বলে “তুষার পেঁচা”
এমন তুষার পেঁচাদের কিন্তু সব জায়গায় দেখা যায় না, এরা বেশ দুর্লভই বটে। আকারে বেশ বড় এই পেঁচাগুলো শুধুমাত্র উত্তর মেরু, উত্তর আমেরিকা, উত্তর এশিয়া আর ইউরোপের বরফ ঢাকা এলাকায় এবং গাছপালা-বিহীন তুন্দ্রা অঞ্চলে মূলত এদের বাস।
এ পেঁচারা মাটিতে খুব শান্তভাবে শিকারের অপেক্ষায় বসে থাকে। এদের প্রিয় শিকার হল লেমিংস নামের ছোট্ট ইঁদুরের মতো প্রাণী যা শুধু তুন্দ্রা অঞ্চলেই দেখা যায়। এছাড়াও ছোট ছোট খরগোশ, মাছ, পাখিদেরও ওরা শিকার করে খায়। ওদের দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ। দূর থেকেই শিকারকে ঠিকঠাক দেখতে পায়। যখন শিকার পুরু বরফের নিচে বা গাছের নিচে থাকে, তখনও শ্রবণশক্তিও কাজে লাগিয়ে শিকারকে ধরে ফেলে।
তুষার পেঁচারা মাটির বেশ কাছাকাছি উচ্চতায় উড়তে থাকে। উড়ন্ত অবস্থায় এরা শিকারকে লক্ষ্য করে এবং খুব দ্রুতই ধারালো থাবা বা পা দিয়ে আঘাত করে শিকার ধরে নিয়ে যায়।
সাধারণত অন্যান্য পেঁচারা দিনের বেলা ঘুমায় এবং রাতে জেগে থেকে শিকার ধরে। তুষার পেঁচারা এর ঠিক উলটো। এরা দিনের বেলায় শিকার ধরতে ব্যস্ত থাকে, বিশেষ করে গ্রীষ্মকালে। খুব ভোরে এবং সন্ধ্যায় এদের শিকার নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে দেখা যায়।
তুষার পেঁচাদের মাঝে পুরুষ পেঁচারা একটু বেশিই সাদা হয়ে থাকে, স্ত্রী পেঁচাগুলো পুরোপুরি সাদা না, কিছুটা বাদামি রঙের। মাটিতেই বানানো বাসায় স্ত্রী পেঁচারা একবারে ৩টি থেকে ১১টি ডিম পাড়ে। ডিমের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে তুষার পেঁচারা বেশ বুদ্ধিমত্তার পরিচয় দেয়, যখন পর্যাপ্ত খাবারের জোগান থাকে, তখন এরা বেশি ডিম দেয়। খাবারের অভাব থাকলে, এদের ডিম দেয়ার পরিমাণ বেশ কমে যায়। সোজা কথা, যখন বাচ্চা পেঁচাদের জন্য পর্যাপ্ত খাবার না থাকে, তখন এরা ডিম দেয়া বন্ধ করে দেয়।
তুষার পেঁচাদের পারিবারিক বন্ধনও কিন্তু বেশ দৃঢ়। স্ত্রী পেঁচা যখন তার ডিমে তা দিতে থাকে, পুরুষ পেঁচা তখন থাকে খাইয়ে দেয়। প্রায় এক মাস তা দেয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয়। জন্মের পর বাচ্চা ধবধবে সাদা পালকে আবৃত থাকে। এরপর নতুন পালক উঠলে বাদামি রঙ হয়ে যায়। জন্মের এক মাস পরই এরা নিজেরাই উড়তে শুরু করে। তবুও মা-বাবা আরও প্রায় ১০ সপ্তাহ এদের দেখাশোনা করে।
