বৈশাখী উৎসব
বন্ধুরা, মনে আছে তো, বছর ঘুরে আবার চলে এসেছে বাংলা নববর্ষ। বাংলা বছরের প্রথমদিন পহেলা বৈশাখ। উৎসবে আনন্দে প্রতিবছর এই দিনকে বরণ করে নেই আমরা বাঙালিরা। আর আমাদের বাংলাদেশে তো এই দিনটি সরকারি ছুটির দিন। আর তাই আমরা এই দিনে আরো বেশি করে মজা করতে পারি।
ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখে প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপিত হয়। শহরে তো বটেই, বাংলা নববর্ষের উৎসবটি গ্রামবাংলার মানুষের কাছেও কিন্তু খুবই আপন ,কারণ বাংলা নববর্ষের এই উৎসবটি আসলে গ্রাম থেকেই এসেছে। এ উৎসবটি আমাদের গ্রামবাংলার একটি ঐতিহ্যবাহী উৎসব। বাঙালিরা এই দিনে নিজেদের বাড়িঘরের সবকিছু ঘষে মেজে ঝকঝকে তকতকে পরিস্কার করে রাখে। কারণ পহেলা বৈশাখ মানে নতুন দিনের শুরু, নতুন সময়ের শুরু, পুরো নতুন একটি বছরের শুরু। আর নতুন দিনে নতুন কাপড় পড়া তো চাই-ই। তাই খুব সকালেই গোসল করে নতুন জামা কাপড় পরে আমরা বরণ করি নতুন দিন, নতুন বছর, আর নতুন বছরের প্রথম দিনের উৎসব পহেলা বৈশাখকে। এই দিনে বাংলার ঐতিহ্যবাহী খাবারকে আমরা কিভাবে ভুলবো বলো? তাই বছরের প্রথম দিনের প্রথম খাবারে পিঠেপুলি আর নানান রকম মন্ডা-মিঠাই থাকতেই হয়।এগুলো খেয়েই আমরা রওনা হই আত্মীয়, বন্ধু, পাড়া-প্রতিবেশীদের সঙ্গে দেখা করে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করতে।
শহরের পহেলা বৈশাখ মানে একটি দিনের উৎসব। কিন্তু জানো কি বন্ধুরা, গ্রামে এই উৎসব চলে আরও বেশিদিন ধরে। পুরো একটা সপ্তাহ জুড়েই চলে এই বৈশাখী উৎসব। আর এই উৎসবের প্রধান আকর্ষণই হচ্ছে বৈশাখী মেলা। কী আছে ঐ মেলায়? বলো কী নেই সেই মেলায়! নানা ধরনের গানের আসর বসে সেখানে। সেই সব আসরে গান গাইতে নানান গ্রাম থেকে আসে কতো গায়ক, বাউল আর নাচের দল। আসে যাত্রাপালার অভিনয়শিল্পীরা। গায়কের দল পরিবেশন করে নানান ধরনের গান। যেমন- পালাগান, জারিগান, গম্ভীরা গান, কবি গান, বাউল গান, মুর্শিদী, মারফতি, ভাটিয়ালী আরো কতো ধরনের গান। অভিনয়শিল্পীরা পরিবেশন করেন যাত্রাপালা। লাইলী মজনুর পালা, ইউসুফ জুলেখার পালা, রাধা কৃষ্ণের পালার আসর দেখে গ্রামের মানুষ কেঁদে বুক ভাসিয়ে দেয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ আসর চলে।
সবকিছু ছাড়িয়ে সবার মূল আকর্ষণ ও আগ্রহ থাকে পুতুলনাচ আর নাগরদোলায়। একবার ভাবো, তোমার সামনে কতোগুলো পুতুল যদি সত্যি সত্যিই নাচতে নাচতে তোমাকে একটা পুরো নাটকই দেখিয়ে দেয়, তখন কতো মজা হতে পারে। আর নাগরদোলা তো তোমরা চেনোই। একবার সাঁই করে ঘুরে ঐ আকাশের কাছে চলে যায়, আরেকবার সাঁই করে একেবারে মাটির একেবারে কাছটিতে নেমে আসে। এছাড়াও বাংলার ঐতিহ্যবাহী খাবার পিঠাপুলি, মণ্ডা-মিঠাই, বিভিন্ন ধরনের আচার ও হাতে তৈরী চিত্রকর্ম, খেলনা, মাটির পুতুল, জামা কাপড় ইত্যাদি বৈশাখে তো থাকেই।
অনেক অনেক বছর আগে এই বাংলায় আরো অনেক উৎসব পালিত হতো নববর্ষে। কিন্তু দিন দিন সেই সব উৎসবগুলো কোথায় যেন হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেই উৎসবগুলোর মধ্যে আছে- খাজনা আদায়ের বার্ষিক উৎসব- পুণ্যাহ, ঘুড়ি উৎসব, গরু দৌড়, ঘোড়াদৌড়, ষাড়ের লড়াই, মোরগ লড়াই, নৌকাবাইচ আরো কতো কিছু। সংখ্যায় কম হলেও সে সব উৎসবের কোনো কোনোটি এখনও কিছু কিছু গ্রামে পালিত হতে দেখা যায়। যেমন- মুন্সীগঞ্জ অঞ্চলে এখনো গরু দৌড় ও ঘুড়ি উৎসব হয়। চট্টগ্রামে এখনও হয় জব্বার আলীর বলীখেলা। আর রাজশাহীতে তো আজও গম্ভীরা গান খুবই জনপ্রিয়।
হারিয়ে যাওয়া পুণ্যাহ
হারিয়ে যাওয়া উৎসবগুলোর অন্যতম হচ্ছে পুণ্যাহ। এটি ছিলো বাংলার খাজনা আদায়ের বার্ষিক বন্দোবস্তের একটি উৎসব। উনিশ শতকের মাঝামাঝি সময়ে পুণ্যাহ উৎসব নববর্ষের সাথে যুক্ত হয়ে যায় এবং এরপর থেকে প্রতিবছর পহেলা বৈশাখে পুণ্যাহ অনুষ্ঠান চলতে থাকে। ১৯৫০ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত হয়ে যাওয়ার পর থেকে পুণ্যাহ উৎসবও হারিয়ে যায়। আগে এই দিনে প্রজারা নতুন জামা-কাপড় পরে জমিদার বাড়িতে খাজনা দিতে যেতেন। ওই সময় খাজনা দেওয়াকে পুণ্যের কাজ মনে করা হতো। আর তাই তো খাজনা দেয়ার এই উৎসবের নামই দেয়া হয়েছিলো পুণ্যাহ।
নতুন বছরের হিসাব পাকাপাকিভাবে টুকে রাখার জন্য ব্যবসায়ীরা বছরের প্রথম দিনে আনকোরা নতুন একটি খাতা খোলে। পুরনো বছরের সব হিসাব নতুন খাতায় আবার নতুন করে শুরু হয়। এই অনুষ্ঠানের নামই হলো হালখাতা। আগেকার দিনে নববর্ষে ব্যবসায়ীদের প্রধান কাজই ছিলো একটি হালখাতা তৈরী করা। আসলে হালখাতার অর্থ হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের পুরোনো হিসাব চুকিয়ে নতুন করে হিসাব শুরু করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা, সবখানেই পুরোনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিন অর্থাৎ নববর্ষের দিন দোকানিরা তাদের ক্রেতাদের মিষ্টি মণ্ডা খাওয়ায়, বিশেষ করে সোনার দোকানে। এই প্রথাটি এখন কমে গেলেও কয়েকটি জায়গায় এখনও প্রচলিত আছে।
ঢাকা শহরের নববর্ষ
বাংলাদেশের সবচাইতে রঙিন নববর্ষ উৎসব উদযাপিত হয় এই ঢাকায়। খুব সকালেই হাজার হাজার নানাবয়সী মানুষ জমা হয় রমনার বটমূলে। এখানে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানটি গেয়ে নতুন বছরের নতুন সূর্যকে বরণ করে নেন।
ঢাকার বৈশাখী উৎসবের আরেকটি অন্যতম আকর্ষণ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রী আর শি¶কদের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে চারুকলা অনুষদে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় আমাদের গ্রামের ঐতিহ্য আর চিরকালীন বাংলাকে নানা ভাস্কর্য আর ছবি দিয়ে ফুটিয়ে তোলা হয়। এখানে সববয়সী মানুষই অংশ নেন। রঙ বেরঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি বানানো হয় এই শোভাযাত্রার জন্য। ১৯৮৯ সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের একটি অন্যতম আকর্ষণ। পহেলা বৈশাখ উদযাপনের জন্য মেয়েরা লালপেড়ে সাদা শাড়ী আর ছেলেরা পাঞ্জাবী অথবা ফতুয়া পরে বর্ষবরণে অংশগ্রহণ করে।
এছাড়াও বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় বৈশাখী মেলার। ঢাকার মেলাতেও মূল আকর্ষণ থাকে ঐ নাগরদোলাই। সববয়সী মানুষই খুব আগ্রহ নিয়ে নাগরদোলায় চড়ে, পাওয়া যায় মজার মজার মণ্ডা মিঠাই, আচার আর বাহারি খেলনা।
আরেকটি বিষয় রয়েছে যা না বললে উৎসবের গল্পটা ঠিক জমবে না। জমে কী করে বলো! নববর্ষের প্রধান খাদ্যটিই যে বাদ পড়ে গেল! সেটি হচ্ছে- পান্তা ভাত আর ইলিশ ভাজা। পহেলা বৈশাখের দিনে হাজার হাজার মানুষ ভীড় করে পান্তা ইলিশ খায়, বর্ষবরণে পেটপূজো করে। আর শুধু ইলিশ কেন, পান্তা ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা, আচার, ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ আরো কতোকিছু দিয়ে কতো মজা করেই যে পান্তা ভাত খাওয়া যায়! একবার তুমি-ই খেয়ে দেখো, কতো মজা পান্তা ভাত খেতে। আর সেই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি, মণ্ডা মিঠাই তো আছেই।
পহেলা বৈশাখ আমাদের জীবনের এক বিশেষ দিন। এই দিনে আমাদের জীবনে এক নতুন বছরের শুরু হয়। পুরোনো বছরের যতো না পাওয়া, হতাশা, দুঃখ আর ক্ষোভ, সব আমরা ভুলে যাই। আর শুরু হয় এক নতুন বছরের, যেই বছরে আমরা নতুন নতুন সব আশা আর স্বপ্নে বুক বাঁধি। আর এমনি সব নতুন স্বপ্ন আর নতুন আশা দিয়েই তো এগিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ, তাই না?
