২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঙশালিক

তোমরা কি শালিক পাখি চেন? বারান্দায় দাঁড়ালে আশপাশে উড়তে বা লাফিয়ে বা হেঁটে চলা কালোরঙা, বুকের পালক ধুসর, এমন শালিক পাখিদের আমরা প্রায়ই দেখি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শহীদুল ওয়াহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 05:54 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

শালিক পাখি চেনে না এমন কেউ হয়তো খুঁজে পাওয়াই যাবে না। শালিক পাখি সাধারণত মানুষের ধারে কাছেই ঘুরে বেড়ায়। তবুও কোনটা কোন শালিক তা চেনা কিন্তু খুব সহজ নয়। যেমন, গোবরে শালিক নামেও এক প্রকারের শালিক আছে। এরা ময়লা আবর্জনা, গরুর গোবর বা অন্যান্য পশুর গোবর থেকে পোকা খুঁটে খুঁটে খায়। আর এ জন্যই এদের নামকরণ হয়েছে গো শালিক বা গোবরে শালিক।

কয়েক রকম শালিক পাখি আমাদের বাংলাদেশে দেখা যায়। ভাত শালিক, গোবরে শালিক, গাঙশালিক ইত্যাদি। আজ তোমাদের যে শালিকের কথা বলবো সেটার নাম গাঙশালিক। এই শালিকের নাম হয়তো তোমরা শুনেছো, কিন্তু হয়তো এদের দেখোনি। ছিপছিপে দেহ আকৃতি পাখি গাঙশালিক। এরা আকারে ময়না পাখির চেয়ে সামান্য ছোট হয়ে থাকে। ঠোঁটের রঙ ঘন কমলা হলুদ।

দেখতে বেশ ভালোই লাগে। চোখের চারপাশ দিয়ে কমলা রঙের রিং আছে। বেশ কয়েক রকম ডাক ডাকতে পারে এ গাঙশালিক। জমি চাষ করার সময় এরা ঝাঁক বেঁধে লাঙলের পেছনে পেছনে ছুটে বেড়ায়, কেঁচো বা মাটির নিচের অন্যান্য পোকামাকড় ধরে খাওয়ার লোভে। নদী বা বিলের ছোট মাছও খুব প্রিয় গাঙশালিকের। বৃষ্টি নামলে হালকা বৃষ্টিতে ভিজে ভিজে নরম মাটি থেকে কেঁচো ও পোকামাকড়ও খায় গাঙশালিক। নদী ভাঙার সময় নদীর মাটির চাপা যখন নদীতে তলিয়ে যায় আর ওই সময়ের ভেসে ওঠা পোকাও এরা খায়। এভাবে এরা খাবার খোঁজার পরিশ্রম কমিয়ে আনে।

শালিক মানুষের কাছাকাছিই থাকতে বেশি ভালবাসে তবে নদী তীরবর্তী বিল-ঝিল এলাকাতে এদের খুঁজে পাওয়া যায় সহজে। খড়কুটো, ঘাস-পাতা এবং নানা রকম আবর্জনা দিয়ে গাঙশালিকেরা নদীর তীরে বা বিলের উঁচু জায়গায় গর্ত করে বাসা বানায়। বাসাগুলো দেখতে বেশ বড়সড়ই হয়। মাঝেমধ্যে একই গাছে দুই তিন জোড়া গাঙশালিককে পাশাপাশি বাসা বাঁধতে দেখা যায়। স্ত্রী গাঙশালিক চার থেকে পাঁচটি উজ্জ্বল নীল রঙের ডিম পাড়ে। ছানারা ওড়া শেখার আগ পর্যন্ত এরা মা-বাবার মুখের খাবার খেয়েই বড় হয়।