২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিকর্ষজ বল মুক্ত পানি!

অভিকর্ষ বল আর মহাকর্ষ বল কাকে বলে তা কি তোমরা জানো? মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু একটি আরেকটিকে আকর্ষণ করে, তাদের মধ্যকার এই আকর্ষণ বলকে বলে মহাকর্ষ বল। এই দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তাহলে সেই আকর্ষণ বলকে বলে অভিকর্ষ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রাসয়াত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 02:25 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

তাহলে বল দেখি, নিউটনের মাথায় যে আপেল পড়েছিল সেটি কোন বল? না না এটি নিউটনের সঙ্গে আপেলের মধ্যকার বল নয়। বিষয়টি হচ্ছে, পৃথিবীর কেন্দ্র থেকে খুব শক্তিশালী একটি বল আপেলকে আকর্ষণ করেছি। সেই আকর্ষণ বলেই আপেলটি মাটিতে পড়তে নিয়েছিল। আপেল কি আর জানত যে, মাঝপথে মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বসে আছে? সেই আপেল টুপ করে পড়লো, তবে এতে লাভও কম হয়নি। এই ঘটনা দেখেই তো নিউটন অভিকর্ষ বলের বিষয়টি প্রথম চিন্তা করে বের করেন। শুধু কি ভেবে বের করেন? একদম সূত্র দিয়ে প্রমাণ করেও দেখান। এ কারণেই তো অভিকর্ষ বলের সূত্রের নামই, নিউটনের সূত্র। 

অভিকর্ষজ এই বলের কারণেই পৃথিবী পৃষ্ঠের সব বস্তু নিচের দিকে পড়ে যায়। মানে যা কিছু উপরে পাঠানোর চেষ্টা করা হবে তা নিচে নেমে আসবে। চলো তো দেখি এই নিয়মটাকে ভাঙ্গা যায় কি-না।

এই নিয়ম ভাঙ্গার পরীক্ষা করতে আমাদের মাত্র দুইটি জিনিস দরকার হবে--

•          এক গ্লাস পানি যেখানে গ্লাসটা সম্পূর্ণ ভরা থাকবে।

•          কার্ড বোর্ড

যেটা করতে হবে, পানি ভরা গ্লাসটার মুখে কার্ড বোর্ড এমন ভাবে দিতে হবে যাতে কোন বাতাস না ঢুকতে পারে। তারপর গ্লাসটা উল্টিয়ে হাত সরিয়ে নিলে দেখা যাবে অবাক ব্যাপার, পানি মোটেই নিচে পড়ছে না। তাহলে নিশ্চয়ই কিছু একটি হয়েছে। হতে পারে, নিউটনের সূত্রতেই কিছু ভুল ছিলো। অথবা অভিকর্ষ বল হয়তো সবার জন্য সত্য নয়।

আসলে ব্যাপারটা কিন্তু মোটেই এমন না যে, এখানে অভিকর্ষ বল কাজ করছে না। ব্যাপারটা হয়েছে কি, গ্লাসের ভিতরে যেহেতু বাতাস নেই, তাই বাইরের যে বাতাসের চাপ কার্ড বোর্ডকে নিচ থেকে উপরের দিকে ঠেলছে সেটা বাতাসের নিচের দিকের চাপের থেকে বেশি। এখন এমনটা হলে পানি কীভাবে পরবে বল! 

এই পরীক্ষাটি তোমরা সহজেই নিজেরা করে দেখতে পারো। আবার কাউকে অভিকর্ষজ বলের সংজ্ঞা ব্যাখ্যা বলে তারপর পানি যে অভিকর্ষ বল মানে না এমন একটি ফাঁকিবাজির জাদুও দেখিয়ে দিতে পারো। তবে যাই করো না কেন, শেষে বিজ্ঞানের ব্যাখ্যাটা বলতে কিন্তু ভুলবে না। কেননা, আমরা বিজ্ঞানকে যত বেশি জানবো, এর চর্চা করবো, আমাদের জন্য পৃথিবী তত বেশি সুন্দর ও সহজ হবে।