রক্ত ও ভালবাসা দিয়ে খোদাই করা বর্ণমালা
‘ভাই ভাই। মেডিকেল কলেজের গেট কোন দিকে বলতে পারেন?’
যাকে জিজ্ঞেস করা হলো তার দু’হাতে দু’টি বড় পোস্টারের সমান কাগজ। হন্তদন্ত হয়ে ছোটার মুহূর্তে তার গতিপথে বাধার সৃষ্টি করলেন জব্বার। কিন্তু এ ছাড়া জব্বারের কোনো উপায়ও ছিল না। তার শাশুড়িকে ভর্তি করানো হয়েছে মেডিকেলে। তাকে দেখতেই আসা। পোস্টার হাতে লোকটি বলল,
‘সে কী! ঢাকায় থাকেন আর মেডিকেল কলেজের গেট চিনেন না!’
জব্বার লজ্জিত হলো। ‘আসলে ব্যাপারটা কি, আমি বেশ কিছুদিন বার্মাতে ছিলাম। তাছাড়া হাসপাতালে তেমন আসা যাওয়া হয় না… আমার স্ত্রী আমেনার মা অসুস্থ। তাই দেখতে এলাম। কিন্তু এখানে এসে দেখি সবাই যেমন ব্যস্ত ব্যস্ত।’
‘ভাই সবাই কেন ব্যস্ত সেটা আপনার জানা উচিত ছিল! যাই হোক, ঐ যে গেট দেখতে পাচ্ছেন সোজা ঢুকে পড়ুন। ওটাই মেডিকেলে ঢোকার গেট।’
এই বলেই পোস্টার হাতের লোকটি চলে গেল। লোকটির নাম বরকত। বরকতকে পরিচয় করিয়ে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল সায়েন্সে বিএ করেছে এখন এমএতে ভর্তি হয়েছে। বেশ সংস্কৃতিমনা ছেলে। প্রিয় কাজ কবিতা পড়া। রাজনীতির উপর আগ্রহ আছে। মুহম্মদ আলি জিন্নাহর বক্তব্য শুনতে রেসকোর্স ময়দান আর কার্জন হলো দুই জায়গাতেই ছিল। তবে "উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের এক মাত্র রাষ্ট্র ভাষা" শোনার পর থেকে জিন্নাহর প্রতি আকর্ষণ চলে গিয়েছিল। এ ব্যাপারে তার সাথে অবশ্য তর্কও হয়েছে কয়েকজনের সাথে।
‘আরে, এত কষ্টের পর পাকিস্তান পাওয়া গেছে। জিন্নাহ তো চাইবেনই ৫ টি প্রদেশকে এক করতে! ৫ টি প্রদেশের মানুষের মাতৃভাষা ৫ রকমের। এদের মধ্যে সম্প্রীতি আসবে কীভাবে!
বরকতের সোজা কথা, ‘তাই বলে এভাবে সম্প্রীতি আনতে হবে!! বাঙালী মুসলমান কি আগে ছিল না? বাংলায় কোরআন কি আমরা পড়িনি? মনে নাই ৪০০ বছর আগে আব্দুল হাকিম কী বলেছিলেন? যে সবে “বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।”
১০০০ বছর পুরানো আমাদের বাঙলা ভাষা, ১০০০ বছর পুরানো আমাদের বর্ণমালা। আর তারা বলেন, উর্দু বা আরবি হরফে বাঙলা লিখতে? তাহলে ইংরেজি বর্ণমালাই বা রাখার দরকারটা কি?? সেটাকেও উর্দু হরফে দিয়ে দিক।
বরকত পোস্টারগুলা নিয়ে যাচ্ছে কারণ সবাই তার জন্য অপেক্ষা করছে। রাতে অনেক মিটিং আছে।
রাতে খাবার খাওয়ার সময় রফিকের বাবা রফিককে বললেন, আগামী কাল ঘর থেকে বের না হতে। প্রেসটাও নাকি খোলা রাখবে না। রফিকের বাবার প্রেস আছে। বছর তিনেক হলো রফিক মানিকগঞ্জ ছেড়ে প্রেসে কাজ করতে এখানে এসেছে। হঠাৎ রফিকের বাবার মনে হলো, কী যেন কাজ আছে একটা প্রেসে। রফিককে বললেন, ঠিক আছে। কিছু মুদ্রণের কাজ আছে সেটা যেন সে করে আসে।
২১ শে ফেব্রুয়ারি সকাল। সালাম বুঝতে পারলেন না আজ অফিসে কাজ হবে না হবে না। পিয়ন হওয়ার যন্ত্রণা। সে তো আর মালিক না যে, সে চাইলেই অফিস বন্ধ হয়ে যাবে। পিয়নকে অন্যের কথা শুনতে হয়। তাই সে অনেক সকালে গেটে এসে দাঁড়িয়ে থাকল।
সকাল ৯টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকলো। তারা ১৪৪ ধারা জারির বিপক্ষে স্লোগান দিতে শুরু করল, “মানি না মানব না।” “রাষ্ট্র ভাষা বাঙলা চাই।” তাদের একটাই দাবী, উর্দুর পাশাপাশি বাঙলাকেও রাষ্ট্র ভাষার মর্যাদা দিতে হবে। এর কোনো বিকল্প চলবে না। উর্দু হরফে বাঙলা মানি না। পূর্ব বঙ্গ আইন পরিষদের সদস্যদের ভাষা সম্পর্কে সাধারণ জনগণের মতকে বিবেচনা করার আহ্বান জানানোই ছিল ছাত্রদের উদ্দেশ্য।
পুলিশ উপস্থিত। তারা অস্ত্র হাতে সভাস্থলের চারদিকে প্রাচীর তৈরি করে ফেলল। বিভিন্ন অনুষদের ডীন এবং উপাচার্য সে সময় উপস্থিত। বেলা সোয়া এগারটার দিকে ছাত্ররা প্রতিবন্ধকতা ভেঙে রাস্তায় নামতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লো। ছাত্ররা দুর্বার। কাঁদানো গ্যাস সহ্য করতে রাজি আছে কিন্তু কিছুতেই বাঙলা ভাষার অমর্যাদা তারা সইবে না। মায়ের ভাষাকে অমর্যাদা করা যায় না।
কিছু ছাত্র এই সময়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে দৌড়ে চলে গেলেও বাকিরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আটকে পড়ে পুলিসের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। উপাচার্য তখন পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ বন্ধ করতে বললেন। তিনি ছাত্রদের বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করার নির্দেশ দিলেন। কোনো রকমের সহিংসতা যেন না ঘটে। ছাত্ররাও ক্যাম্পাস ত্যাগ করা আরম্ভ করলো। তখনই মূল সমস্যা শুরু হলো। ছাত্ররা ক্যাম্পাস ত্যাগ করার সময় পুলিশ তাদের গ্রেফতার করা শুরু করলো। অনেক ছাত্রদের গ্রেফতার করে তেজগাঁও নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হল। এই ঘটনায় ছাত্ররা আরও ক্ষুব্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রীর দফতর থেকে কিছু মহিলাও তাদের এই বিক্ষোভে অংশগ্রহণ করে। বেলা ২টার দিকে আইন পরিষদের সদস্যরা আইনসভায় যোগ দিতে এলে ছাত্ররা তাদের বাধা দিয়ে সভায় তাদের দাবি উত্থাপনের দাবি জানায়।
পরিস্থিতি আরও নাটকীয় হলো যখন কিছু ছাত্র সিদ্ধান্ত নিলো, তারা আইন সভায় গিয়ে তাদের দাবি উত্থাপন করবে। পুরাটা সময়ের বরকতের বলিষ্ঠ কণ্ঠ বিদ্যমান ছিল। মেডিকেলের পাশ দিয়ে যাওয়ার সময় জব্বর দেখলেন বরকতকে। "আমাদের দাবী মানতে হবে রাষ্ট্র ভাষা বাঙলা চাই। আমাদের দাবী মানতে হবে, রাষ্ট্র ভাষা বাঙলা চাই।" জোহরের নামাজ আদায় করার পর জব্বর সিদ্ধান্ত নিলেন তিনিও মিছিলে যাবেন। সমগ্র জাতি আজ এক। দীর্ঘদিন বার্মাতে থাকার কারণে ব্যাপারটা তিনি অনুধাবন করতে পারেন নি। এখানে যারা আজ মিছিল করছে সবাই মায়ের ভাষাকে রক্ষার জন্য মিছিল করছে। তিনিও মিছিলে ঢুকে গেলেন। তখনও তার পরনে টুপি।
ওই দিকে রফিক সকালে প্রেসে কাজ করার সময় বাইরের সব খবর তার কানে আসছিলো। সে প্রেসে বাচ্চাদের আদর্শলিপি ছাপানোর কাজ করছিল। কাজ করতে করতে হঠাৎ থেমে গেল। আদর্শ লিপির ক, খ, গ, ঘ এর দিকে তাকাল। একবার হাত বুলালো। প্রেসে তখন তার বাবা নেই। সে প্রেস থেকে বেরিয়ে এলো। ক, খ, গ, ঘ কে বাঁচাতে হবে, মায়ের ভাষাকে বাঁচাতে হবে।
রাওয়ালপিন্ডি থেকে নির্দেশ এসেছ, ছাত্রদের আটকাতে হবে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার লালবাগ থানার ওসি ছিলেন এম এ গোফরান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি সেদিন তার দায়িত্বে। ঐদিন ছাত্রদের প্রধানমন্ত্রী নুরুল আমিনকে বাঙলা ভাষার দাবিতে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। তখন ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট (ডিএম) ছিলেন কোরেইশী নামের একজন পাঞ্জাবি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাত ১০টায় এম এ গোফরানের কাছে ডিসি স্বাক্ষরিত সেই চিঠিটি পৌছায় এবং তখনই তা সাধারণ ডায়েরি ভুক্ত করা হয়। ২১ ফেব্রুয়ারি সকালে রাজারবাগ থেকে স্পেশাল আর্মস ফোর্সের একটি বড় দল ক্যাম্পাসে আসে। তাদের ইন-চার্জ ছিলেন পাঞ্জাবি কর্মকর্তা, আর আই নবীশের খান। ঢাকার ডিএম কোরেইশী, ডিআইজিপি এ জেড ওবায়দুল্লাহ, এসপি ইদ্রিস ও এডিশনাল এসপি মাসুদ মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ছাত্ররা ৫ জন একত্রিত হলেই ১৪৪ ধারা ভঙ্গ করেছে বলে ধরে নিতে প্রস্তুত ছিল পুলিশ। এ অবস্থায় বেলা ৩টা অথবা সাড়ে ৩টার দিকে ছাত্ররা ৪ জন করে অ্যাসেম্বলির হলের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতেও বাধা দেওয়া হয়। পুলিশের মারমুখী আচরণের প্রতিবাদে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। হোস্টেল থেকে বয়রা টুকরিতে করে, লুঙ্গিতে ভরে ইটের টুকরো ছাত্রদের কাছে সরবরাহ করতে থাকে। তারা নিজেরাও ইটপাটকেল ছুঁড়ে পুলিশকে প্রতিরোধের চেষ্টা করে। ঠিক তখনই একটা অঘটন ঘটে যায়। ডিআইজিপি ওবায়দুল্লাহর পিঠে ইট পড়ে। আর আই নবীশের খানের মাথায়ও পড়ে ইটের একটি টুকরো। ডিএম কোরেইশী গুলি করার নির্দেশ দেন। তবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার নিয়াজ মোহাম্মদ খান ছাত্রদের মিছিল সমাবেশে বাধা দেওয়ার বিপক্ষে অবস্থান নেন।
পুলিশ গুলি করল। পুলিসের গুলিবর্ষণে কিছু ছাত্র ছাত্র ছাত্রাবাসের বারান্দায় পড়ে গেল। আব্দুল জব্বার এবং রফিক উদ্দিন আহমেদ ঘটনাস্থলেই নিহত হলেন। একজনের মাথার খুলি উড়ে গেল। হতভম্ব অবস্থায় সেই দৃশ্য তাকিয়ে দেখার সময় গুলি খেলেন বরকত। গুলি লাগল সালামেরও। সবাইকে ঢাকা মেডিকেলে নেওয়া হল। তাদেরকে দেখে ঢাকা মেডিক্যাল কলেজে কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা পূর্বে আহত ছাত্রদের বাদ রেখে আগে গুলিবিদ্ধ ছাত্রদের চিকিৎসা শুরু করেন।
প্রেসে কাজ করা রফিক ইতিহাসের প্রথম ভাষা শহীদ হওয়ার মর্যাদা অর্জন করেন। হাসপাতালে সেই সময় আব্দুল গাফফার চৌধুরী দাঁড়িয়ে ছিলেন বরকতের পাশেই... আহত বন্ধুর মুখের দিকে তাকিয়ে উনার হাত মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছিল, উনি বলে উঠে ছিলেন "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি?” এটা সম্ভবত তখন বাকিদের মনের কথাও ছিল। তাই তারা পরদিনও ঝাঁপিয়ে পরে একই প্রত্যয় নিয়ে ...তার পরদিনও...আজকেও, এমন আরও শত বছর পরেও...
ছাত্র হত্যার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে জনগণ ঘটনাস্থলে আসার উদ্যোগ নেয়। কিছুক্ষণের মধ্যেই সমস্ত অফিস, দোকানপাট ও পরিবহণ বন্ধ হয়ে যায়। ছাত্রদের শুরু করা আন্দোলন সাথে সাথে গণ-মানুষের আন্দোলনে রূপ নেয়। রেডিও শিল্পীরা তাৎক্ষণিক সিদ্ধান্তে শিল্পী ধর্মঘট আহবান করেন এবং রেডিও স্টেশন পূর্বে ধারণকৃত অনুষ্ঠান সম্প্রচার করতে থাকে।
বরকত আর সালাম দুইজনকেই মেডিকেলে নেওয়ার পর চিকিৎসা শুরু হয়। বরকতের লেখা পোস্টার তার বন্ধুর হাতে। এই পোস্টার সহই বরকতকে মেডিকেলে আনা হয়েছে। নিজে গুলি খাওয়ার থেকেও জব্বরের গুলি খাওয়ার দৃশ্যই যেন বরকতের কাছে বেশি দৃশ্যমান। রাত আটটার সময় ডাক্তাররা বললেন, বরকতকে বাঁচানো যায়নি। তার লেখা পোস্টারগুলো নিয়ে সবাই বলে উঠল, বরকত তুমি অমর। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সালাম মারা যান ৭ই এপ্রিল।
রাতের আধারে কারফিউ'র সুযোগ নিয়ে সরকার শহীদদের লাশগুলো কবর চাপা দিয়ে চেষ্টা করে। কিন্তু লাশ চাপা দিলেই ঘটনাটা চেপে ফেলা যায় না। লাশ না পেয়ে আন্দোলনরত মানুষের সাথে সাধারণ জনগনও যোগ দেয়, তারা বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা পড়েন। পুরাটা সময়ই পুলিশ একই পদ্ধতিতে কারফিউ দিয়ে দিয়ে দফায় দফায় লাশ সরায়। ২২ তারিখে সারা দেশ উত্তাল হয়ে উঠে মিছিল ও বিক্ষোভে। জনগণ ১৪৪ ধারা অমান্য করার পাশাপাশি শোক পালন করতে থাকে। বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করে ছাত্রদের মিছিলে যোগ দেয়। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শহরের নাগরিক ঢাকা মেডিকেল কলেজ ছাত্রাবাস পরিদর্শন করেন। পরে তাদের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সবাই বিশাল মিছিলে অংশগ্রহণ করে। বেলা ১১ টার দিকে ৩০ হাজার লোকের একটি মিছিল কার্জন হলের দিকে অগ্রসর হতে থাকে। প্রথমে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে তাদের উপর গুলিবর্ষণ করে।
শহরের বিভিন্ন অংশে একইভাবে জানাজা ও মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে আরও একটি বিশাল মিছিল পুলিশের বাধার সম্মুখীন হয়। বিক্ষুব্ধ জনতা জুবিলী প্রেসে অগ্নিসংযোগ করে। এই জুবিলী প্রেস থেকে সকালের পত্রিকা বের হয়েছিল।
একই দিনে পুলিশের আক্রমণ ও হত্যার বিভিন্ন ঘটনা ঘটে। শফিউর সাইকেলে করে অফিসে যাওয়ার পথে মিছিলে যোগ দেন। নবাবপুর রোডের বিশাল মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় শফিউর রহমান গুলিবিদ্ধ হয়ে পরে মারা যান। একই রাস্তায় অহিদুল্লাহ নামে নয় বছরের এক বালকের লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এর মাঝে কিছু লাশ কৌশলে সরিয়ে ফেলে। আজাদের (দৈনিক) তথ্যমতে মৃতের সংখ্যা ছিল ৪ এবং সৈনিকের তথ্যমতে ছিল ৮। বাঙালী বাংলায় কথা বলতে চায়। বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়।
ভাষা আন্দোলনে জড়িত থাকার অপরাধে ১৯৫২ সালে জেলে আটক ছিলেন রণেশ দাশগুপ্ত ও মুনীর চৌধুরী নামে অনেক লেখক-সাংবাদিক। রণেশ দাশগুপ্ত গোপনে একটি চিরকুট পাঠান মুনীর চৌধুরীর কাছে। চিরকুটে ছিল একটি নাটক লিখে দেওয়ার অনুরোধ। যে নাটকের মাধ্যমে জেলে বসেও ভাষা আন্দোলনকে উপলব্ধি করা যায়। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটক লেখা হল। ১৯৫৩ সালের ২১ শে ফেব্রুয়ারি জেলের সব কক্ষের বাতি নিভিয়ে দেওয়ার পর হারিকেনের আলোয় মঞ্চায়িত হলো নাটক "কবর"। তখন একুশের প্রথম সংকলন "একুশে ফেব্রুয়ারি" বের হলো। সম্পাদনায় ছিলেন হাফিজুর রহমান। ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস "আরেক ফাল্গুন" লিখেছেন জহির রায়হান। ২৩শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। তবে সেটা ভেঙ্গে ফেলা হয় ২৬শে ফেব্রুয়ারি। ১৯৫৩ সালে প্রথম বারের মত পালিত হয় শহীদ দিবস। সবাই খালি পায়ে শহর প্রদক্ষিণ করে শহীদদের মর্যাদা প্রকাশ করেন। নারী পুরুষ নির্বিশেষে সবাই এতে অংশগ্রহণ করে।
১৯৫৬ সালে প্রথমবারের মতো সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় ২১শে ফেব্রুয়ারি পালিত হয়। ১৯৫৬ সালের ২১শে ফেব্রুয়ারি আবুল বরকতের পরিবারের সদস্যরা শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অবশেষে, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে।
১৯৭১ সালের ২৬ শে মার্চ শহীদ মিনাকে গুঁড়িয়ে দেওয়া হয়। হানাদার বাহিনীর সৈন্যরা শহীদ মিনার ভেঙ্গে লিখে রাখে "নামাজ পড়ার স্থান"। মুক্তিযুদ্ধের পরে আবার শহীদ মিনারকে পুনর্নির্মাণ করা হয়।
পৃথিবীতে এখন মোট ভাষার সংখ্যা ৬৯১০টি। সব ভাষার প্রতি সম্মান জানিয়ে শেষ একটা কথা দিয়ে লেখা শেষ করছি। এই যে পৃথিবীতে এত ভাষা এত এত বর্ণমালা। অনেক সমৃদ্ধশালী ভাষারই নিজেদের বর্ণমালা নেই। স্প্যানিশ, ফ্রেঞ্চ ভাষা লেখা হয় ইংরেজি বর্ণমালা দিয়ে। কিন্তু আমাদের আছে নিজেদের বর্ণমালা। কারও সাধ্য নেই আমাদের পছন্দের এই বর্ণমালা কেড়ে নেওয়ার। রক্ত ও ভালবাসা দিয়ে আমরা এটাকে পৃথিবীর বুকে চিরদিনের জন্য খোদাই করে দিয়েছি। পৃথিবীর প্রতিটা জাতিকে নিজেদের বর্ণমালা আর ভাষাকে ভালবাসতে আমরাই শিখিয়েছি। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই এখন পাকিস্তানেও পালিত হয়। একুশ আমাদের চেতনা, একুশ আমাদের অহংকার। আব্দুল গাফফার চৌধুরীর লেখা আর শহীদ আলতাফ মাহমুদের সুরের গানটি মনে হয় যেন সবসময় নতুন। ফেব্রুয়ারি আসলেই হৃদয়ে গানটি আমরা ধারণ করি। প্রবল আবেগ আমরা অনুভব করি বর্ণমালা নিয়ে সংগ্রাম করা নায়কদের কথা।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
