২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণিতের ম্যাজিকঃ জাদুর খাম

তোমরা যারা গণিত ভালোবাসো না, তাদের তো গণিতের কথা শুনলেই চোখের সামনে কতগুলো আজগুবী সংখ্যা আর চিহ্ন ভেসে ওঠে। কারও আবার মনে পড়ে যায় অংকের রাগী টিচারটির মুখ। তবে, তোমরা কি জানো, গণিতের চাইতে মজার বিষয় যে পৃথিবীতে আর কিছুই নেই?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ফারহিন সোহান কবির লিটা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 03:01 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

ভাবছো আমি তোমাকে ভুলাচ্ছি? ঠিক আছে, চলো তাহলে আজ আমরা শিখে ফেলি গণিতের একটি মজার ম্যাজিক। এরপর আমার কথা তোমাদের বিশ্বাস হবেই হবে।

যে ম্যাজিকটি শিখব সেই ম্যাজিকটির নাম, ‘জাদুর খাম’। এই ম্যাজিকটিতে তুমি তোমার বন্ধুকে বলবে চারটি সংখ্যা লিখে এর যোগফল তোমাকে জানাতে। সে এটা জানানোর পরে তুমি আগে থেকে লিখে রাখা একটা মুখবন্ধ খাম তুলে দিবে তার হাতে। জাদুটি হল, তোমার বন্ধু দেখবে তোমার আগেই লিখে রাখা মুখবন্ধ খামে সেই সংখ্যাটাই লেখা আছে যেটি সে তোমাকে বলেছিল।

ব্যাপারটা কিন্তু খুবই মজার হবে, তাই না? বন্ধুদের তাক লাগিয়ে দিতে এই জাদু শিখতে চাও?

তাহলে আসো শুরু করা যাক!

যা যা লাগবে

১। এক টুকরো সাদা কাগজ

২। কলম

৩। খাম

৪। আঠা

জাদুর রহস্যভেদ

এসো জেনে নেই কী করে এই মজার জাদুটি দেখাতে হবে।

জাদু শুরুর আগে আমাদের কিছু কাজ করতে হবে,

         গণিতের জাদু শুরু হবার আগেই তুমি একটি সাদা কাগজ নেবে। এই কাগজে বর্তমানে যে সাল চলছে, তার ২ গুণ লিখবে। যেমন, এখন যদি ২০১১ সাল হয়, তবে তুমি কাগজে লিখবে (২০১২X২)= ৪০২২। ২০২০ সাল হলে ৪০৪০, ২০১০ সাল হলে ৪০২০ ইত্যাদি।

         এবার কাগজটি ভাঁজ করে খামের মধ্যে ঢুকিয়ে দাও। খামের মুখ আঠা দিয়ে বন্ধ করে দাও।

জাদু দেখানোর সময় যা করতে হবে--

         তোমার বন্ধুকে কাগজে তার জন্মসাল লিখতে বলো।

         এবার তাকে তার জীবনের একটি বিশেষ ঘটনার সালটি লিখতে বলো। যেমন, যেই সালে সে প্রথম স্কুলে ভর্তি হয়েছিলো, অথবা যেই সালে সে প্রথম চিড়িয়াখানায় গিয়েছিলো।

         এবার তোমার বন্ধুকে তার বয়স লিখতে বলো। (এ বছর তার বয়স কত হবে তা লিখবে।)

         সেই বিশেষ ঘটনার পর কত বছর পার হয়েছে সেই সংখ্যাটি এবার তাকে ঝটপট লিখে ফেলতে বলো।

         সবশেষে তাকে এই চারটি সংখ্যা যোগ করে যোগফলটি লিখতে বলো।

         এবার জাদুকরের জাদু দেখাবার পালা। চোখ বন্ধ করে মন্ত্র পড়ে তুমি খামটি তুলে নেবে। খাম খুলে ভেতরের কাগজটি সবাইকে দেখিয়ে দাও।

উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করে দিচ্ছি--

এখন ২০১৫ সাল। তুমি এই সংখ্যাকে ২ দিয়ে গুণ করে খামের ভিতরের কাগজটিতে ৪০৩০ লিখবে।

ইরার জন্ম ২০০১ সালে।

ওর বয়স এবার ১৪ হবে।

২০০৬ এ সে প্রথম স্কুলে যায়।

২০১৫ সালে তার প্রথম স্কুলে যাবার দিনটির ৯ বছর পূর্ণ হবে।

২০০১+১৪+২০০৬+৯ = ৪০৩০

সতর্কতা

         সংখ্যা লেখার সময় ভুল করা যাবে না। যেমন, প্রথম স্কুলে যাবার দিনটি যদি ৬ বছর আগে হয়, এবং তোমার বন্ধু যদি ৫ লিখে, তাহলে জাদুটি কাজ করবে না।

         প্রতিটা সংখ্যা অবশ্যই পূর্ণসংখ্যা হতে হবে। বর্তমান সালে যত বয়স হবে তাই লিখতে হবে।

ধরো, ইরার জন্ম ২০০১ সালের ডিসেম্বর মাসে। এখন ফেব্রুয়ারী মাস। সে হিসেবে তার বর্তমান বয়স তেরো বছর দুই মাস। কিন্তু কাগজে ১৪ বছরই লিখতে হবে, কারণ ২০১৫ সালেই তার বয়স ১৪ হবে।

অথবা ইরার জন্ম ২০০১ সালের ফেব্রুয়ারীতে। ডিসেম্বর মাসে এই ম্যাজিক দেখাতে গেলে তার বয়স ১৪ বছর ১০ মাস, কিন্তু লিখতে হবে ১৪ বছর। কারণ ২০১৫তে তার ১৫ হবে না।