পিকু
বইয়ের নাম: পিকু
লেখক: রাসয়াত রহমান
আদী প্রকাশনী
মুদ্রিত মূল্য: ১৫০ টাকা
পিকু বইটি একদমই তোমাদের বয়সী ছেলেমেয়েদের জন্য লেখা। বিশেষ করে তোমরা যার রূপকথার ভক্ত তাদের কাছে পিকু বইটি বেশ উপভোগ্যমনে হবে। বইয়ের গল্পগুলো রূপকথাই কিন্তু তোমাদের আধুনিক জীবনের সাথেও ঠিক ঠিক মানিয়ে যাবে। বইটিতে মোট আটটি গল্প রয়েছে। প্রতিটি গল্পের জন্য ছবি এঁকে দিয়েছেন জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবীব। তোমাদের কল্পনার জগত, তোমাদের জীবন, প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আবর্তিত হয়েছে কাহিনীগুলো। পড়তে পড়তে মনে হবে যেন, তোমার মনের কথাগুলোই বলা হয়েছে গল্পগুলোতে। তবে সব গল্পের শেষে তোমাদের জন্য রয়েছে দারুণ কিছু শিক্ষা। প্রতিটি গল্প বরং ছোট্ট করে একটু বলি তোমাদের।
পিকু
ফারহিন একটি ছোট্ট মেয়ে। তার বয়স ১০-১১ এর মাঝামাঝি। কোনো এক শুক্রবার সে খুঁজে পায় এক বন্ধুকে, বন্ধুটা একটা পেন্সিল। ফারহিনের বাবা এই পেন্সিলটা ফারহিনকে কিনে দিয়েছিলেন। যদিও সেটি একটি পেন্সিল তবুও সেটি লিখত কলমের মতো। সবচাইতে আজব কথা হল, পেন্সিলটি অবিকল মানুষের কণ্ঠে, মানুষের মতো করেই কথা বলতে পারে! কী আশ্চর্য ঘটনা বল তো! সেই পেন্সিলটির নামই হচ্ছে পিকু। কিন্তু পিকু নামটা কোথা থেকে এলো জানো? পেন্সিলটি সব পারলেও ‘কমা’ চিহ্ন লিখতে পারে না। জোর করে ধরে কমা দিতে গেলেই সেটি কু কু কু... আওয়াজ করে। এর থেকেই তার নাম হয়েছে পিকু। সে এসেছে পেন্সিলপুর নামের দেশ থেকে। অদ্ভুত দেই দেশে ছোটদের সবাই ‘আপনি’ আর বড়দের ‘তুই’ বলে ডাকে।
তবে সে ইচ্ছে করে পেন্সিলপুর থেকে চলে আসেনি, তার বাবা আর সেখানকার অন্য বাসিন্দারা পিকুকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। অপরাধ খুবই সামান্য। পিকু পেন্সিল হয়েও কলমের মতো লিখে আর কমা চিহ্ন তো সে দিতেই পারে না। এ কারণে পেন্সিলপুর থেকে পিকুকে বের করে দেয়া হয়েছে। অসহায় পিকু আশ্রয় নিয়েছে ফারহিনের কাছে।
ফারহিনও ছাড়ার বান্দা নয়। সে পিকুকে কমা দেয়া শিখিয়েই ছাড়বে, নয়তো পিকু বাবা মায়ের কাছে ফিরে যাবে কীভাবে? এদিকে পিকু আসাতে ফারহিনের জীবনে কী কী বদলে গেল তাও তো দেখতে হবে। এই সব তোমরা জানতে পারবে পিকু নামের গল্পটিতে।
কবিতা
তমালকে সবাই মিথ্যাবাদী বলে। কারণ, সে নাকি অন্যের লেখা কবিতা নিজের বলে চালিয়ে দেয়। তাও আবার কবি গুরু রবীন্দ্রনাথের কবিতা! কবি গুরুর কবিতার মাঝে সে নিজের মন মতো শব্দ ঢুকিয়ে নিজের বলে চালানোর চেষ্টা করে।
তমালের তাই মন খারাপ; সবাই তাকে বকে। হঠাৎ বড় চুল-দাঁড়ির একজন লোক তমালের সামনে উপস্থিত, সে নাকি স্বয়ং রবীন্দ্রনাথ।
তমাল ভীতু বলে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি না করেই পালিয়ে গিয়েছিলো। সে কবিতা ভুলে যায় ভয়ের কারণ সেটিই। এবার তাকে কবিতা মুখস্থ করালেন স্বয়ং রবীন্দ্রনাথ! এখন প্রশ্ন হচ্ছে, তমাল কি পারবে সঠিক ভাবে আবৃত্তি করতে? নাকি এবারও কবিতার লাইন ভুলে গিয়ে নিজের ইচ্ছে মতো লাইন যোগ করবে রবীন্দ্রনাথের কবিতায়?
আইসক্রিম
তূর্যর আইসক্রিম খুব পছন্দ; কিন্তু সে আইসক্রিম খেতে পারে না। তূর্যর আম্মু ও ডাক্তারের মানা। কিন্তু মানা কেন জানো? আইসক্রিম বা যে কোন ঠাণ্ডা খেলে যে তার টনসিল ফুলে যায়! তাই আম্মুর কড়াকড়িতে ফ্রিজে আইসক্রিম তো দূরে থাক তূর্যদের বাসার ফ্রিজে ঠাণ্ডা পানি পর্যন্ত নেই। তার বন্ধুটাও একটা বোকা, নইলে টিফিনে বার্গার না খেয়ে তূর্য যে লুকিয়ে আইসক্রিম খেয়েছে সেটা আম্মু জিজ্ঞেস করতেই অমনি বলে দেয়ার কী দরকার?
আইসক্রিম খাওয়ার জন্য যখন তূর্যর মন খারাপের চূড়ান্ত হয়, ঠিক তখনই তূর্যর সাথে দেখা হয় অদ্ভুত এক মানুষের। লোকটি তূর্যকে মন্ত্র পড়ে আইসক্রিম বানানোর যাদু শিখিয়ে দেন। যাদু দিয়ে বানানো আইসক্রিম খেলে টনসিলে কোনো সমস্যাই হয় না, গলাও ব্যথা করে না। কিন্তু এই মন্ত্র দিয়ে শুধু দিনের বেলাতেই আইসক্রিম বানানো যায়, রাতে যায় না। রাতে এই মন্ত ব্যাবহারে কঠোর নিষেধ আছে।
এক রাতে তূর্যদের এলাকায় আগুন লাগলো, অনেক মানুষ সেই আগুনে পুড়ে মরতে বসলো। মানুষের জীবন বাঁচাতে কঠোর নিষেধ থাকা সত্ত্বেও রাতেই তূর্য পড়ে ফেললো আইসক্রিম বানানোর মন্ত্র। এখন কী হবে?
পলার পাঁচ মিনিট
পলার বয়স পাঁচ, এই বছর সে স্কুলের ভর্তি পরীক্ষা দেবে। স্কুলের ভর্তি পরীক্ষা দিতে একটা কোচিং করতে হয়। সেই কোচিং-এ ভর্তি হতে হলে আবার আরেকটা কোচিং করতে হয়! পলার আম্মুর কাজই হল, সারাদিন ফটোকপি করা আর পলাকে সেগুলো মুখস্থ করানো। ছোট্ট পলা খুব খুব চেষ্টা করে সব ঠিকঠাক মনে রাখতে। উপর তলার রিমঝিম স্কুলে টিকে গেলে আর পলা না টিকলে পলার আম্মু যে আর কাউকে মুখ দেখাতে পারবে না। কিন্তু পরীক্ষার হলে পলা ঠিকই ভুলে যায় সব। এখন কী হবে? পলাকে কে রক্ষা করবে মায়ের বকুনি থেকে?
রংধনু
বিয়াংকা একটি ছোট্ট মেয়ে। তার প্রিয় রঙ গোলাপি; তাই সে সব কিছুই গোলাপি চায়। তার ঘরের দেয়াল গোলাপি, বিছানার চাদর গোলাপি, জামাও গোলাপি। যা কিছু ইচ্ছে মতন রঙ বেছে নেয়া যায় বিয়াংকা সে সব কিছুই গোলাপি। কিন্তু রংধনুর রঙে গোলাপি নেই; আর সে চাইলেও রংধনুতে গোলাপি রঙ যোগ করতে পারবে না। হঠাৎ নীল পরী এলো বিয়াংকার কাছে; বিয়াংকার ইচ্ছে অনুযায়ী সব নীল হয়ে গেল গোলাপি। আকাশ হয়ে গেল গোলাপি, নীল কালির কলম হয়ে গেল গোলাপি; যা যা ছিল নীল সব হয়ে গেল গোলাপি। এমন কি বিয়াংকার চুল ও হয়ে গেল গোলাপি!
হায়! হায়!
এখন কী হবে?
ইলমা ও ইলশা
ইলমার মাছ খেতে একটুও পছন্দ করে না; তার পছন্দ মুরগী। আব্বু আম্মু তাকে অনেক বুঝায়, তবুও ইলমা মাছ খেতে চায় না। অনেক খেলনার লোভ দেখিয়ে একদিন ইলমাকে আব্বু ইলশা মাছ খাওয়াতে রাজি করালেন। সেই মাছ খেতে গিয়ে ইলমার গলায় বেঁধে গেল কাঁটা! মা খুঁজে পায় না, বাবা খুঁজে পায় না; এমন কি ডাক্তার আঙ্কেলও ইলমার গলার কাঁটা খুঁজে পায় না। সবাই ভাবে ইলমা মাছ খাওয়া থেকে বাঁচতে মিথ্যা মিথ্যি কাটার কথা বলছে। অথচ ইলমা মোটেও মিথ্যা বলছে না। তার গলায় আসলেই কাঁটা বিঁধে আছে। বন্ধু জোনাকি ইলমাকে সাহায্য করতে পদ্মা নদীতে লিটল মারমেইডের কাছে নিয়ে গেল; বাংলাদেশে এসে যার নাম হয়ে গেছে মরিয়ম।
কিন্তু মরিয়ম কি সেই কাঁটা দূর করে দেবে ইলমার?
মাছ না খেলেই সবার গলায় কাঁটা বেঁধে যাচ্ছে; এ কেমন শাস্তি?
সিনডারেলা ও টিয়ারা
সিনডারেলা আর টিয়ারা যেন একই রূপকথার দুই যমজ চরিত্র। সিনডারেলার কাহিনী তো জানোই, একই রকম দুঃখী তারা। কাক কাকা আর যাদু বুড়ি ছাড়া সবাই টিয়ারার বিপক্ষে। কিন্তু টিয়ারা অন্যদের মতন মেকি নয়; সে যেমন সে তেমনই থাকে। মিথ্যা সৌন্দর্য যে মানুষকে সুন্দর করে না, বরং মানুষের মনের সৌন্দর্যটাই যে আসল। টিয়ারার গল্পই তার প্রমাণ।
টমেটো কুমার
পৃথিবী থেকে সব টমেটো নিয়ে যেতে চায় টমেটো কুমার। কিন্তু কে এই টমেটো কুমার? টমেটো কুমার ছোট্ট পুতুলের সাইজ মানুষ; তারা শুধুই টমেটো খায়। খেতে খেতে নিজেদের গ্রহের টমেটো সব শেষ করে ফেলেছে। এখন তাই টমেটোর খোঁজে গ্রহ থেকে গ্রহান্তর ঘুরে বেড়ায়। নিলয় তাদের দিল এক সুন্দর বুদ্ধি; সেই বুদ্ধি মতো কাজ করতে পারলে টমেটো কুমারদের আর গ্রহে গ্রহে টমেটো খুঁজে বেড়াতে হবে না। কিন্তু সেই বুদ্ধিটা কী এটাই এখন প্রশ্ন।
তোমরা যারা অভিমান করে আছো যে, এখন আর তোমাদের উপযোগী গল্প তেমন লেখা হয় না, আশা করি এই বইটি পড়লে তোমাদের অভিমান একদম উড়ে যাবে। তবে বইটি শেষ করার পরে যদি আরও পড়ার জন্য মন খারাপ হয় তবে আমাদের গল্প বিভাগে মাঝেমধ্যে উঁকি মারতে পারো। লেখক সেখানে প্রায়ই তোমাদের জন্য গল্প লিখে থাকেন।
