২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতের মুঠোয় রকেট

রকেটে চড়ে ভোঁ করে মহাকাশে চলে যাওয়ার ইচ্ছে কার না আছে? দোকান থেকে পছন্দের খেলনা রকেটটা কেনার জন্য বাবা মায়ের কাছে আমাদের কতই না বায়না। তবে সেই রকেট দিয়ে তো আর মহাকাশে যাওয়া যায় না। তাই বলে কি রকেটে চড়ার স্বপ্ন মুছে ফেলতে হবে? না কিছুতেই না! চলো, তারচেয়ে ঘরে বসেই বানিয়ে ফেলি রকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মুশফিকুর রহমান আশিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 03:00 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

যা যা লাগবে-

•          বেলুন

•          সুতো

•          স্কচ টেপ

•          জুসের স্ট্র

মাত্র এই চারটি জিনিস হাতের কাছে থাকলে তুমিও বানিয়ে ফেলতে পারবে একটি রকেট। কারও যে সাহায্য লাগবে তাও না। এতই সোজা যে তুমি একা একাই বানিয়ে ফেলতে পারবে।

কীভাবে করবে:

প্রথমে ৩-৪ ইঞ্চি সমান লম্বা একটি জুসের স্ট্র নাও। স্ট্রটি যদি এ মাপের থেকে বড় হয় তাহলে, ৩-৪ ইঞ্চি মাপে কেটে নাও। এরপর লম্বা সুতোটি স্ট্রর ভিতরে ঢুকিয়ে ফেলো। সুতোর এক প্রান্ত চেয়ার, টেবিল অথবা দরজার হাতলের সঙ্গে বেঁধে ফেলো। অন্য প্রান্তটাও একইভাবে কিছুর সঙ্গে আটকে দাও। সুতোটা সোজা থাকতে পারে অথবা সামান্য বাঁকা হতে পারে। তবে তা অবশ্যই টানটান করে বাঁধতে হবে। ঢিলা হওয়া চলবে না।

এরপর বেলুনটা ফুলিয়ে নাও। বেলুনের মুখ হাত দিয়ে চেপে রাখতে হবে যেন বাতাস বের না হতে পারে। এই অবস্থায় ধরে রেখে বেলুনটিকে সুতোয় রাখা স্ট্রয়ের সঙ্গে দুই-তিনটি জায়গায় ছোট ছোট করে কাঁটা স্কচ টেপ দিয়ে আটকে দিতে হবে। এবার তোমার রকেট লঞ্চিংয়ের জন্য তৈরি। স্ট্রসহ বেলুনটিকে সুতোর একপ্রান্তে নিয়ে বেলুনের মুখ থেকে তোমার হাত সরিয়ে নাও। দেখবে তোমার রকেট সাঁই সাঁই করে সুতোর অন্য প্রান্তের দিকে ছুটে যাচ্ছে!

এই রকেটটি কীভাবে একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে ছুটে গেল এই বিষয়ে বিজ্ঞান কী বলে? এই বেলুন রকেট কি এমনি এমনিই ছুটে গেলো? মোটেই না। তার এই ছুটে যাওয়ার পেছনেও বিজ্ঞানের ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা অনুসরণ করেই রকেট সামনে গিয়েছে। মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বস্তুর গতি সম্পর্কিত তিনটি সূত্র দিয়েছিলেন, যার শেষের দুটি আমাদের বানানো রকেটটি অনুসরণ করেছে। নিউটনের গতি সম্পর্কিত দ্বিতীয় সূত্রটি হল, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। অর্থাৎ বেলুনে ভিতরে যত বাতাস থাকবে সেই বাতাসের ভর আর বাতাসের বেগ মিলে একটি ভরবেগ তৈরি হবে। এই ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে এবং বলের পরিমাণ যত বেশি হবে ভরবেগের পরিবর্তনও তত বেশিই হবে। আবার, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে বাতাস যে দিক থেকে বের হবে, বেলুন তার বিপরীত দিকে ছুটবে। মজার বিষয় হচ্ছে এই পরীক্ষাটি কিন্তু গতির প্রথম সূত্রও অনুসরণ করে। গতির প্রথম সূত্র কী তা জানো কি? নিউটনের গতি সম্পর্কীত প্রথম সূত্রটি হচ্ছে, বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরদিন স্থির আর গতিশীল বস্তু চিরদিন গতিশীলই থাকবে। এখন আমরা যদি বাইরে থেকে বাতাসের বল না দিতাম তাহলে কি আর স্ট্রটি ছুটে যেত বলো?

বাস্তবে যে রকেটগুলো মহাকাশে যায় তারাও গতির এই দুটি সূত্র অনুসরণ করে। রকেট সায়েন্স দাঁড়িয়েই আছে এই সূত্র দুটির উপরে। তোমরা ঘরে বসে নিজেদের রকেট তৈরি করে ফেলতে পারো। আর বড় কেউ এসে কিছু জিজ্ঞেস করলে রকেটের সায়েন্সটা তাদের বুঝিয়ে দেবে। ব্যস, বাড়ির বড়রাও খুশি আর তুমিও খুশি!