যাবই যাব মাগো
এবার আমি যাবই যাব মাগো
পেরিয়ে সাত সাগর তেপান্তর
আমার উপর যতই তুমি রাগো
এমন দিনে থাকব না আর ঘর।
আকাশ নীলে আমার পক্ষীরাজ
ছুটবে বেগে ঝড়ের পাশেপাশে
সামনে পিছে ঘন মেঘের বাজ
জয়ধ্বনি দেবে মা উল্লাসে।
পেছন হতে যে যাই করুক মানা
দেখাক না ভয় দত্যিদানোর বেশে
আজকে আমি শুনব নাকো মানা
যাবই যাব ঘুমপরিদের দেশে।
সেথায় গিয়ে গাইব আমি মাগো
তুফান সুরে ঘুমভাঙানি গান
বলব হেঁকে দস্যি দামাল জাগো
বুলবুলিরা নিচ্ছে লুটে ধান।
নতুন সুরে উঠবে সবাই কাঁপি
ঘুমপরিরা ভুলবে রাতের ঘুম
ছিনিয়ে নিয়ে ঘুমঢুলুনির ঝাঁপি
বলব হেঁকে আর নেব না চুম।
শুনব না আর ঘুমপাড়ানি ছড়া
গাইব এবার ঘুমভাঙানি গান
বুলবুলিদের বাঁধব কষে দড়া
আর দেব না সোনার আমন ধান।
