তোমাদের জন্য দুটি বই
আজ তোমাদের মতো ছোট ছোট খুদে পড়ুয়াদের জন্য সেলিনা হোসেনের লেখা দুটি মজার বই সম্পর্কে জানাব।
ফুলকলি প্রধানমন্ত্রী হবে
লেখক: সেলিনা হোসেন
প্রকাশনী: প্রথমা প্রকাশন
মূল্য: ২০০ টাকা
গ্রামের ছোট এক কিশোরী ফুলকলি, মেয়েটি খুব ভালোও। বঙ্গোপসাগরের তীরে কুয়াকাটায় ওদের বাড়ি। সে সমুদ্র থেকে মাছের পোনা সংগ্রহ করে। সেগুলো বিক্রি করে। তারপর সেই টাকা দিয়ে সাহায্য করে বাবা-মাকে।
এলাকার অনেক ছেলেমেয়ে ওর বন্ধু। বন্ধু পশু-পাখি, কীট-পতঙ্গ। এদের সাথেই খেলাধুলা করে কেটে যায় ওর দিন। অন্য সবার মতো ফুলকলিও স্কুলে পড়ে। তবে স্কুল তার একটুও ভালো লাগে না। সুযোগ পেলেই সে স্কুল পালিয়ে মাছ ধরতে চলে যায় নয়ত খেলোয়াড় মাঠে জুটে যায়।
ফুলকলির এভাবে স্কুল পালিয়ে ঘুরে বেড়ানোটা কিন্তু মোটেই পছন্দ করতে পারত না ওর বন্ধুরা। তাই ও যখন স্কুল পালিয়ে খেলাধুলা শেষে বাড়ি যেত তখন গাছ, ইঁদুর ইত্যাদি ওর পথ আটকাত। ওরা ফুলকলিকে বোঝাত, তার জায়গা এ মাঠে নয়। ওরা বলত, ফুলকলি, তোমার কাজ তো পোনা ধরা না বরং তোমার এখন স্কুলে যাওয়া উচিত।
কিন্তু বললেই তো হল না! বন্ধুদের ছাড়া কার স্কুলে যেতে ভালো লাগে বল? তাই ফুলকলি একদিন ওর বন্ধুদের নিয়ে যায় স্কুলের হেডস্যারের কাছে। স্যারও ওদের স্কুলে ভর্তি করে নেন। ফুলকলির পড়াশোনায় মন বসে, এরপর থেকে সে ভালোভাবে পড়াশোনা করে আর স্বপ্ন দেখে। নানা রকমের স্বপ্ন। স্বপ্ন দেখে সে একদিন অ-নে-ক বড় হবে। কত বড়? এসব স্বপ্নের কথাই আছে এ উপন্যাসে। পশু-পাখি, কীট-পতঙ্গ আর ছোট ছেলেমেয়েদের নিয়ে চমৎকার এক গল্প বলেছেন লেখক।
এভাবেই বড় হয়ে ফুলকলির মানুষের মতো মানুষ হওয়ার কাহিনীর মধ্য দিয়েই এ গল্পটি শেষ হয়।
পুটুসপুটুসের জন্মদিন
লেখক: সেলিনা হোসেন
প্রকাশনী: জনতা প্রকাশ
মূল্য: ৭২ টাকা
তোমাদের বাবা-মা যেমন তোমাদের খুব ভালোবাসেন, যখন-তখন কপালে আদর করেন; চুল এলোমেলো করে দেন, ঠিক তেমনি পুটুসপুটুসের মা ও তাকে ভালোবাসেন, আদর করেন। ও মা-বাবার চোখের মণি, আদরের ধন।
কে এই পুটুসপুটুস? তোমাদের মতোই ছোট্ট একটি বাচ্চা তবে সে মানুষের বাচ্চা নয়। পুটুসপুটুস হচ্ছে একটা ইঁদুরের ছানা।
পুটুসপুটুস ইঁদুরের ছানা হলেও, সে কিন্তু খুবই লক্ষ্মী। যদিও সে ঘরে-বাইরে সবখানে দৌড়ে বেড়ায়, তবুও কাউকে বিরক্ত করে না। কোথাও ইঁদুর ছানারা দল বেঁধে কিচিরমিচির করলে দৌড়ে গিয়ে থামায়।
পুটুসপুটুসের খুব শখ বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। তাই তো সে সব সময় কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে। দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু করার ইচ্ছে আছে তার।
সে ইচ্ছে কতটুকু বাস্তবায়ন হয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে কি না কিংবা তার ছোটবেলার অনেক মজার ঘটনা জেনে নাও প্রিয় লেখিকা সেলিনা হোসেনের বই পুটুসপুটুসের জন্মদিন পড়ে।
