২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিয়ে যেতে বসা বিশ্ব ঐতিহ্যের একটি নিদর্শন: আবু মিনা

পৃথিবীতে অনেক জাতি আছে, তাদের আলাদা আলাদা সভ্যতা আছে, ভাষা আছে সংস্কৃতি আছে। প্রতিটি জাতি তাদের এই ঐতিহ্যকে রক্ষা করে চলে। তবে যেহেতু আমরা সবাই এক পৃথিবীর মানুষ, আমাদের সবারই অধিকার আছে এইসব ঐতিহ্যের প্রতি। আছে দায়িত্বও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2014, 04:28 PM

Updated : 13 Oct 2022, 12:56 PM

ইউনেস্কো  (ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন) সেই সব বিশেষ উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি তালিকা করেছে।  এরকম বিশেষ স্থানকে ইংরেজিতে বলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

এভাবে আলাদা করে নামকরণের অনেকগুলো উদ্দেশ্য আছে। যেমন পৃথিবীর মানুষকে মানব সভ্যতার অহঙ্কার করার মতো  নিদর্শনগুলো সম্পর্কে সচেতন করা, প্রাকৃতিক নিদর্শনগুলোকে রক্ষা করা ইত্যাদি। এখন বলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনগুলো। মিশরের পিরামিড, চীনের সুবিশাল প্রাচীরের নাম তোমরা শুনেছই। এগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরই অন্তর্ভুক্ত।

বন, পাহাড়, নদী, দ্বীপ, মরুভূমি, স্থাপত্য, ভবন অথবা কোনো শহরও হতে পারে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাদের বিশেষ সাংস্কৃতিক কারণে বা তাৎপর্যপূর্ণ দর্শনীয় স্থান হিসেবেই এগুলো হেরিটেজ সাইট হয়। ২০১৪ সাল পর্যন্ত এমন ১০০৭টি নিদর্শন লিপিবদ্ধ করা হয়েছে, যার ৭৭৯টি সাংস্কৃতিক, ১৯৭টি প্রাকৃতিক এবং ৩১টি মিশ্র। জেনে অবাক হবে, বাংলাদেশেও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। আমাদের বিশাল সুন্দরবনই তো বিশ্ব ঐতিহ্যের অংশ।

এত যার গুরুত্ব তা যদি হয় বিপদের সম্মুখীন তাহলে কেমন লাগবে বল তো? অবশ্যই ভালো না। তবে ভালো লাগুক বা না লাগুক এগুলো কিন্তু প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হয়। যে দেশে ঐতিহ্যটি অবস্থিত, হয়ত সেখানে যুদ্ধ হচ্ছে অথবা দেশটি প্রাকৃতিক দূর্যোগপ্রবণ। এক্ষেত্রে নিদর্শনটি ঝুঁকির মধ্যেই থাকে। তাই ইউনেস্কো এসব অসাধারণ সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য সনাক্তকরণ এবং সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে যেসব স্থানের হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি সেগুলোকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এদের ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ডেঞ্জার’ বলে আখ্যা দেয়া হয়।

প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শন 'আবু মিনা' শহরটি এমনই একটি নিদর্শন। এটিকে ইউনেস্কোর ঝুঁকিপূর্ণ তালিকায় আনা হয় ২০০১ সালে। চল জেনে নেই কেন এই স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে আর কেনই বা একে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রাচীন মিশরের আলেক্সান্দ্রিয়া এবং ওয়াদি-ইল-নাতরুন এর মাঝামাঝি জায়গায়, আলেক্সান্দ্রিয়া থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ছিল আবু মিনা শহর। তবে সাধারণভাবে এর অবস্থান ধরা হয় দক্ষিণ আলেক্সান্দ্রিয়ায়। এখন এই নিদর্শনের খুব অল্প পরিমাণেই তোমরা দেখতে পাবে। তবে প্রধান গির্জা 'গ্রেট ব্যাসিলিকা'র গঠন সহজেই অনুমান করা যায়। ১৯৭৯ সালে এই অবশিষ্টাংশ ইউনেস্কোর 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' খেতাব পায়।

আবু মিনা গড়ে উঠেছিল একটি মাজার বা সমাধিকে কেন্দ্র করে। আবু মিনাস নামের একজন সাধক শহীদ হয়েছিলেন তৃতীয় শতাব্দীর শেষের দিকে ২৯৬ খ্রিস্টাব্দে। তার জন্য পরবর্তীতে খ্রিস্টানদের পবিত্র নগরী 'আবু মিনা' গড়ে উঠেছিল আলেক্সান্দ্রিয়ায়। গির্জা, ধর্ম শিক্ষাকেন্দ্র, প্রাচীন সন্ন্যাসীদের উপাসনা কেন্দ্র, স্থাপত্য, পাবলিক বিল্ডিং, রাস্তাঘাট, ঘরবাড়ি, কর্মক্ষেত্র অর্থাৎ প্রাথমিকভাবে খ্রিস্টানদের সব ছিল এই শহরে।

তোমাদের হয়ত জানতে ইচ্ছে করছে, সেন্ট মিনাস কে ছিলেন আর কেনই বা তার সমাধিকে কেন্দ্র করে এতকিছু হয়েছিল। তৃতীয় শতাব্দীর মিনাস ছিলেন আলেক্সান্দ্রিয়ার একজন সৈনিক এবং রাজা ডিওক্লেশিয়ানের সৈন্য প্রধান। তিনি খ্রিস্টধর্মের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন এবং রাজা ডিওক্লেশিয়ানের নির্দেশে কোনো খ্রিস্টান হত্যা করতে রাজি হননি। একসময় প্রকাশ্যে তার খ্রিস্টধর্ম গ্রহণের কথা ঘোষণা করেন। ফলে তার এবং অনুসারী অন্যান্য সৈন্যদের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন আর দুর্ভোগ। খ্রিস্টানদের জন্য এটি ছিল একটি বিস্ময়কর আলোড়ন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় মিনাসকে। তার মৃতদেহ আলেক্সান্দ্রিয়া থেকে দিয়ে উটের পিঠে করে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। একটা জায়গায় এসে উটটিকে আর কোনোমতেই হাঁটানো যাচ্ছিল না। উপস্থিতরা ধরনা করে এটি ঈশ্বরের কোনো উদ্দেশ্য। অবশেষে তারা শহীদ মিনাসকে সেখানেই সমাহিত করেন। পরে মরুভূমির ঐ জায়গায় অলৌকিকভাবে ঝর্ণা তৈরি হয় এবং আঙুর আর জলপাই গাছে ভরে ওঠে। সেটি পরিচিতি লাভ করে মিনাসের আঙুর বাগান নামে।

মিনাসের সমাধিস্থানটি কিন্তু প্রথমদিকে সবাই ভুলেই গিয়েছিল। এরপরে পুনরায় এটি কীভাবে আবিষ্কারের হল তা নিয়ে একটি জনশ্রুতি আছে। ইথিওপিয়ান সিনাক্স্যারিয়াম এর বিবৃতি অনুসারে, ঈশ্বর ইচ্ছা প্রকাশ করলেন সাধক মিনাসের সমাধিস্থল প্রকাশ করতে। একজন রাখাল একদিন ঐ স্থানে যায় তার একটি ভেড়া নিয়ে। ভেড়াটি শরীরের লোম ঝরার অসুখে ভুগছিল। হঠাৎ ভেড়াটি একটি ছোট ঝর্ণাতে পড়ে যায় এবং উঠে আসে সম্পূর্ণ সুস্থ হয়ে। রাখাল এটা দেখে খুব অবাক হয় এবং বুঝতে পারে সেখানে কোনো অলৌকিক ক্ষমতা আছে। সে তখন বুদ্ধি করে সেখানকার মাটি নিয়ে আসে আর পানিতে মেশায়। এরপর কোনো ভেড়া অসুস্থ হলেই সেই পানি দিত আর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এভাবে সে অসুস্থ মানুষদেরও অসুখ সারাত। এরমধ্যে রাখালের নামডাক ছড়িয়ে পড়ে চারদিকে। রাজা কনসট্যান্টাইন প্রথমে তার অসুস্থ মেয়েকে রাখালের কাছে পাঠান এবং পরে মিনাসের সমাধি খুঁজে পান। রাজার নির্দেশে সেখানে একটি গির্জা গড়ে ওঠে।

পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীর দিকে আবু মিনার দ্রুত বিস্তার ঘটে। মরুভূমির মধ্যের এই স্থানটি খ্রিস্টানদের শ্রদ্ধা নিবেদনের বিশেষ জায়গা বা ব্যাসিলিকায় পরিণত হয়। বিশেষ করে যারা অলৌকিক ঘটনা বিশ্বাস করে সুস্থতার জন্য যেত, তাদের কাছে।

রাজা আরক্যাডিয়াসের শাসনামলে আবু মিনার স্থানীয় যাজক দেখলেন গির্জায় অভাবনীয় মানুষের ভীর। তিনি রাজাকে চিঠি লেখেন গির্জার সুযোগ সুবিধা বাড়ানোর জন্য । এটি ছিল আবু মিনা প্রসারের প্রথম পদক্ষেপ যা সফল হয়েছিল । প্রাচীন শতাব্দীর শেষের দিকে মিশরের শীর্ষস্থানীয় ধর্মীয় কেন্দ্র হয়ে ওঠে আবু মিনা । কিন্তু দুঃখজনক বিষয় হল, সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে মুসলিমদের মিশর বিজয়ের পর আবু মিনা ধ্বংস হয়।

এরপর কেটে যায় অনেককাল। ১৯০৫ থেকে ১৯০৭ সালে আবু মিনার প্রথম খনন শুরু হয়। তখন আবিষ্কৃত হয় বৃহৎ ব্যাসিলিকা গির্জাসহ আরও অনেক গির্জা। বাকি গির্জাগুলো ছিল অন্যান্য সাধকসহ রোমান ধার্মিকদের জন্য।

এরপর ১৯৯৮ সালে ডাচেস আর্কিওলজিস্টস ইন্সটিটিউট কায়রো কর্তৃক দীর্ঘসময়ের খনন সম্পন্ন হয়। সর্বশেষ খননে পাওয়া গেছে তীর্থযাত্রীদের জন্য পুরুষ, মহিলা এবং শিশুদের আলাদা আলাদা কক্ষসহ একটি বিশাল আবাসস্থল। গ্রেট ব্যাসিলিকার দক্ষিণে ছিল অ্যাবট বা ফাদারদের থাকার জায়গা । পশ্চিম দিকে একটি গির্জা অবস্থিত যেটাতে মিশর এবং বাইজ্যান্টাইন অর্থাৎ রোমের স্থাপত্যশিল্পের বেশ প্রভাব রয়েছে। ব্যাসিলিকার ছাদে রয়েছে ৫৬টি মার্বেল পাথরের সারি, যার প্রতিটি কর্নার কিছুটা গোলাকার এবং মার্বেলের তৈরি । এটাই একমাত্র প্রাচীন খ্রিস্টান স্থাপত্যের পরিচয় বহন করছে।

প্রত্নতাত্ত্বিক পরিখা খননের মধ্যে আরও অনেক মূল্যবান বিষয় খুঁজে পাওয়া গেছে। কুমারদের তৈরি এক বিশেষ প্রকারের ফ্লাস্ক, যেগুলোকে বলা হত অ্যাম্পুলা, তাদের বাড়ি, দোকান, প্রদীপ, খেলনা ইত্যাদি। এছাড়া মদ তৈরির যন্ত্র, মাটির তলার ঘর এগুলোও আবিষ্কৃত হয়েছে। দেশ-বিদেশ থেকে যারা গির্জায় আসত তারা পবিত্র পানি সংরক্ষণ বা তেল রাখার জন্য সেসব অ্যাম্পুলা কিনত। অ্যাম্পুলাতে আঁকা হত সেইন্ট মিনাসের ছবি।  ছবিতে তিনি দাঁড়িয়ে আর তার দুপাশে দুটো উট হাঁটু গেড়ে বসে। ফ্লাস্কগুলো বানানো হত সস্তায়, কিন্তু মিনাসের ছবিগুলো খুব আকর্ষণীয় আর এখন ইতিহাস গবেষণার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। গবেষণা অনুসারে পূর্ব এবং পশ্চিমে খ্রিস্টানদের সবচেয়ে বড় পীর হিসেবে বিবেচনা করা হয় সাধক মিনাসকে। এর সত্যতা হিসেবে সাক্ষী দিচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া অসংখ্য অ্যাম্পুলা। জার্মানির হাইডেলবার্গ, ইতালির মিলান, যুগোস্লাভিয়া, জেরুজালেম প্রভৃতি স্থান এর উদাহরণ।

একসময়কার জনপ্রিয় আবু মিনা আজ হুমকির মুখে। সাম্প্রতিককালে এই জায়গাগুলোতে কৃষিকাজের চেষ্টার ফলে যথেষ্ট পরিমাণে পানির স্তর বেড়ে গিয়েছে। এতে প্রাচীন বিল্ডিংগুলো প্রায় ধসে যাচ্ছে। এছাড়া কর্তৃপক্ষের নির্দেশে ভবনগুলোর নিচে বালি দেয়ার কারণে এগুলো আরও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

এই নিদর্শনগুলো পৃথিবীর যে অঞ্চলে অবস্থিত টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু শুধু সেখানকার লোকজনেরই নয়। দায় কিন্তু পৃথিবীর প্রতিটি মানুষেরই কারণ আমাদের সবার সম্পদ এসব। তাই নিজেদের স্বার্থেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইগুলোকে সংরক্ষণ করতে হবে।