তোমার ফুসফুসের আয়তন কত?
বেশ কয়েকদিন ধরে হয়ত তোমার শরীর খারাপ করেনি। এতে তুমি ভেবে নিয়েছ যে তুমি অনেক সুস্থ একজন মানুষ। কিন্তু এটা যে সত্যি তার প্রমাণ কী? চল তোমার ফুসফুসের আয়তন মেপে নিই। এ থেকে কিছুটা হলেও বোঝা যাবে তুমি আসলেই সুস্থ কি-না।
ভাবছ, ফুসফুসের আয়তন আবার কীভাবে বের করে? বিষয়টি ভাবতে যত কঠিন মনে হয় তত কঠিন কিন্তু নয়। তোমার ফুসফুস ঠিক তার আয়তনের সমান বাতাস ধারণ করতে পারে। তাই ফুসফুস ভরে শ্বাস নিয়ে, নিঃশ্বাসটুকু যদি কোনো পাত্রতে ত্যাগ করে, বাতাসটুকুর পরিমাণ নির্ণয় করতে পার, তাহলেই কিন্তু জেনে যাবে তোমার ফুসফুসের আয়তন কত। আসল বিষয়টি হচ্ছে আগ্রহ, তোমার আগ্রহ থাকলে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়!
চল আগে দেখে নেই আমাদের কী কী লাগবে--
- প্লাস্টিকের পরিষ্কার নল
- একটি বড় প্লাস্টিক বোতল
- পানি
- কিচেন সিংক বা পানির বড় বেসিন
কী করবে এক নজর দেখে নাও শুরু করার আগে--
১। প্লাস্টিকের নলটি ভালোমতো পরিষ্কার করে নাও।
২। বেসিনে ১০ সেন্টিমিটারের মতো পানি জমাও।
৩। পানি দিয়ে প্লাস্টিকের বোতলটি পুরোপুরি ভরে নাও।
৪। এবার বোতলের মুখটি হাত দিয়ে চেপে বন্ধ করে, বোতলটি উল্টে দাও। হাতটি শক্ত করে চেপে ধরে রাখবে, যেন পানি না বের হতে পারে।
৫। বোতলের মুখ যেদিকে সেদিকটা এবার বেসিনের পানিতে ডুবিয়ে দাও, তারপর হাত সরিয়ে নাও বোতলের মুখ থেকে।
৬। প্লাস্টিকের নলের একটা প্রান্ত বোতলের ভেতর ঢুকিয়ে দাও।
৭। বড় করে দম নাও।
৮। আটকে রাখা নিঃশ্বাসটা নলের ভেতরে ছেড়ে দাও। যত বড় নিঃশ্বাস ছাড়তে পার, তত ভালো।
৯। এবার মেপে নাও ওটায় তোমার ফুসফুসের কতটুকু বাতাস আছে।
১০। এবার জলদি আশেপাশে যে পানি পড়েছে তা মুছে নাও, নাহলে আম্মু দেখলে বকা খেতে পার!
হচ্ছেটা কী?
যখন তুমি নিঃশ্বাস ছেড়ে দিচ্ছ টিউবের ভেতরে, তোমার ফুসফুসের বাতাস গিয়ে বোতলের পানিকে সরিয়ে ওর জায়গাটা দখল করছে। যদি তুমি সত্যিই বড় করে নিঃশ্বাস ছেড়ে থাক, তবে বোতল থেকে যতটুকু পানি বের হয়ে গিয়েছে, সে পরিমাণ বাতাস তুমি তোমার ফুসফুসে ধারণ করেছিলে। যদি তোমার ফুসফুস বেশি বাতাস ধরে রাখতে পারে, তার মানে তুমি তোমার শরীর অনেক দ্রুত অক্সিজেন ছড়িয়ে দিতে পারে, আর ততটাই সুস্থ তুমি। মানুষ যত বড় হয়, ফুসফুসের বাতাস ধরে রাখার ক্ষমতা ততই বাড়তে থাকে দিনদিন। তুমি যদি নিয়মিত ব্যায়াম কর, তাহলেও তোমার ফুসফুসের বাতাস ধারণক্ষমতা বৃদ্ধি পাবে।
এই সামান্য পরীক্ষাটি নিয়মিত করলে তুমি হয়ত রক্ষা পেতে পার অনেক বড় বড় রোগ থেকে। তাই এখন থেকে কিছুদিন পরপরই মেপে দেখবে তোমার ফুসফুসের আয়তন। কোনো বড় পার্থক্য পেলে জলদি যোগাযোগ করবে ডাক্তারের সঙ্গে ।
