২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির ভিতর প্রজাপতি

ফুলে ফুলে উড়ে বেড়ানো প্রজাপতি কার না ভালো লাগে? কারও পাখা হয় রঙিন, কারও বা থাকে নানা ধরণের নকশা করা। কিন্তু গরমের মৌসুম শেষ হতে না হতেই যেন পাল্টে যায় তাদের হাবভাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2014, 03:43 PM

Updated : 13 Oct 2022, 12:56 PM

হেমন্তের শুরু থেকে বাসাবাড়ি কোণায় কোণায় দেখা যায় ডানা ঝাপটানো প্রজাপতি। কালচে খয়েরী রঙের এই প্রজাপতিগুলো কী চায় আমাদের বাড়িতে?

ছয় ঋতুর দেশ বাংলাদেশে দেখা মিলে প্রায় ৫০০ থেকে ৫৫০ জাতের প্রজাপতির, এর মধ্যে পরিচিত জাতের সংখ্যা ৪৩০টি। ছোট বড় রঙিন কিংবা কালো, মোটামুটি সব ধরণের প্রজাপতি আছে আমাদের দেশে। কিন্তু শুধুমাত্র কালচে রঙের এক জাতের প্রজাপতিই মানুষের বাড়িতে ঢোকার সাহস করে। চল জেনে নেই তাদের কথা।

কী নাম?

কালচে রঙের এই প্রজাপতির বৈজ্ঞানিক নাম মেলানিটিস লেডা (Melanitis leda), যাকে ইংরেজিতে বলা হয় ‘কমন ইভনিং ব্রাউন’। দেখতে অনেকটা ঝরা পাতার মতো এই প্রজাপতির জাত প্রথম আবিষ্কার করেন আইরিশ কীটতত্ত্ববিদ সি টি বিংহাম, ১৮৭৮ সালে।

‘কমন ইভনিং ব্রাউন’ নামের পেছনে কিন্তু একটি মজার গল্প আছে। প্রজাপতিদের এই জাতকে অনেক বিজ্ঞানীরা বলে থাকেন ‘খেয়ালি’, কারণ গোধূলি বেলায় উদ্দেশ্যহীনভাবে এলোপাথাড়ি উড়ে বেড়ানোর অদ্ভুত স্বভাব আছে এদের।

অনেকেই হয়ত খেয়াল করে দেখবে, হেমন্তকালে ঠিক সন্ধ্যা নামার সময়ই হাজির হয় ইভনিং ব্রাউন। মানুষের বাড়ির ভিতর এলেও বেশ কিছুক্ষণ ডানা ঝাপটে এরপর পছন্দমতো জায়গায় গিয়ে বসে এরা।

কোথায় থাকে তারা?

ইভনিং ব্রাউনের দেখা পাওয়া যায় পৃথিবীর পূর্ব গোলার্ধে। অর্থাৎ আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে। মাঝারি আকারের এই প্রজাপতির ডানা সর্বোচ্চ ৫০ মিলিমিটার পর্যন্ত বড় হতে পারে।

দেখতে কেমন?

মূলত ইভনিং ব্রাউনের পাখার রঙ ধূসর এবং খয়েরী। এছাড়া আবহাওয়া ভেদে দুই রকম নকশা দেখা যায় এদের পাখায়। ভেজা মৌসুমে এদের পাখায় হলুদ এবং কালো রঙের ছোট ছোট চক্র চোখে পড়ে, আবার শুকনো মৌসুমে দেখে মনে হয় যেন গাছ থেকে ঝরা কোনো পাতা!

মজার ব্যাপার হল, ঝরা পাতার মধ্যে থেকেই ইভনিং ব্রাউনকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বিংহাম। একদিন ভারতের জঙ্গলে হাঁটার সময় শুকনো পাতার স্তূপের দিকে নজর পড়ে তার, কাছে যেতেই দেখেন শুকনো পাতার মতো একটি প্রজাপতি উড়ে যাচ্ছে। এভাবেই মানব জাতির সঙ্গে পরিচয় হয় ইভনিং ব্রাউন প্রজাপতির।

কী খায়?

অন্যান্য প্রজাপতির মতো ফুলের মধু খেয়েই জীবন ধারণ করে ইভনিং ব্রাউন। কিন্তু মাঝেমধ্যে পচা ফলের রস খেতেও দেখা যায় এদের।

প্রজাপতি হবার আগের জীবন

ইভনিং ব্রাউনের প্রজাপতি রূপ যদিও মন খারাপ করা ধূসর-খয়েরী রঙের, কিন্তু শুঁয়াপোকা অবস্থায় এরা উজ্জ্বল সবুজ রঙের হয়ে থাকে। ইভনিং ব্রাউন শুঁয়াপোকারা ধান এবং বাঁশ গাছের পাতা খেয়ে বাঁচে।

কেন তারা মানুষের বাড়িতে এসে বসে থাকে?

প্রজাপতিগুলোর মানুষের বাসায় এসে বসে থাকার মূল কারণ হল আবহাওয়া। হেমন্তের শুরু থেকেই আবহাওয়া শীতল হতে থাকে, ফুলের মধুও আগের মতো পাওয়া যায় না। সারাদিন শুকনো পাতার ভিতর ঘুমিয়ে থাকে ইভনিং ব্রাউন। কিন্তু সন্ধ্যা নামার পর যখন তাপমাত্রা কমতে থাকে, তখন সামান্য উষ্ণতা খুঁজতে তারা আশ্রয় নেয় মানুষের বাড়িতে। আবার বৈদ্যুতিক বাতি দেখেও তারা ভীষণ আকৃষ্ট হয়।

ইভনিং ব্রাউন নিয়ে মানুষের ভাবনা

ফিলিপাইনে প্রচলিত একটি লোককথা আছে। তা হল, ঘরে প্রজাপতি এলে কখনও তাড়াতে নেই, কারণ তারা সৌভাগ্য বয়ে আনে। এই ধারণা আমাদের দেশেও ব্যাপক প্রচলিত। অনেকেই মানেন, ইভনিং ব্রাউন প্রজাপতি বাড়িতে আসা মানে হল অর্থের সমাগম।

এসব ধরনার অবশ্য কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কুসংস্কার হিসেবেই ধরা হয় এই ধারণাকে। তবে সৌভাগ্য আসুক অথবা না আসুক, শীতের রাতে একটি প্রজাপতিকে একটু নিরাপদ আশ্রয় তো দেয়া যেতেই পারে, তাই না?