যন্ত্রমানবদের জগত
তোমরা রোবটদের কথা শুনেছ? সেই যে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে লেখা থাকে, কীভাবে রোবটরা অবিকল মানুষের মতো বিভিন্ন ধরণের কঠিন কাজ চোখের নিমেষে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে করে ফেলে। বাস্তবেও রোবটদের কাজটা অনেকটা সেরকমই।
রোবট হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এক ধরণের যান্ত্রিক ডিভাইস যার বুদ্ধিমত্তা তৈরি করা হয় কম্পিউটার প্রোগ্রামিং-এর মাধ্যমে। এর কার্যকলাপকে পরিচালনা করা হয় বিভিন্ন বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে। কিছু কিছু রোবটের আকার-আকৃতি অবিকল মানুষের মতো বলে আমরা তাদের যন্ত্রমানব বলি। এদের আরেক নাম হিউম্যানয়েড রোবট। শিল্প-কারখানা, খনি উত্তোলন, আগুন নিয়ন্ত্রণ, মহাকাশ অভিযান ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যে কাজগুলো মানুষের জন্য করা অনেক বেশি শ্রমসাধ্য, সময়সাপেক্ষ ও বিপদজনক, সেই কাজগুলো আমরা রোবটদের দিয়ে করাই। আজ চল এরকম কিছু জনপ্রিয় রোবটের সম্পর্কে জানি--
কিওরিওঃ
কিওরিও’র পায়ে এক ধরণের ফুট সেন্সর লাগানো থাকে, যার ফলে সে ফুটবল খেলতে পারে। সে তার গোড়ালিতে লাগানো বলের কারণে অসমতল পথেও খুব সহজে হাঁটতে পারে। ওর একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে- ও হঠাৎ পড়ে গেলেও নিজেকে নিজেই তুলতে পারে, আবার ওর শরীরের কোথাও ভেঙ্গে বা মচকে গেল কিনা সেটাও নিজে নিজেই পরীক্ষা করে দেখে। কিওরিও’র চলাফেরা খুব দ্রুত ও স্বতঃস্ফূর্ত। ইন্টারনেটে সার্চ করলে সহজেই ওর মজার কাজগুলোর ভিডিও পেয়ে যাবে।
এইচআরপিঃ
৫৮ কেজি ওজন আর দেড় মিটার উচ্চতার এই রোবট মানুষের সঙ্গে কাজ করে এবং আমাদের যন্ত্রপাতি ব্যাবহার করে। এইচআরপির নিয়মিত কাজের মধ্যে রয়েছে-- হাঁটা, বিভিন্ন জিনিস আঁকড়ে ধরা, অসুবিধাজনক অবস্থা থেকে উঠে দাঁড়ানো, অসমতল জায়গায় হাঁটা ইত্যাদি। এরা মানুষের মতই দ্রুত ও স্বতঃস্ফূর্তটার সঙ্গে হাঁটতে, হামাগুড়ি দিতে ও মেঝে থেকে উঠে দাঁড়াতে পারে। আবার বিভিন্ন শিল্প-কারখানা ও গৃহস্থালিতে মানুষের পাশাপাশি কাজও করতে পারে। এসব কারণেই বলা হয়, এইচআরপি হিউম্যানয়েড রোবটদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও কর্মতৎপর।
আসিমোঃ
পারোঃ
জাপানের ইন্সটিটিউট অব এডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স এন্ড টেকনোলজির তৈরি এই রোবটটির উচ্চতা ৪৫ সেন্টিমিটার ও ওজন ২.৭ কেজি। অন্যদের থেকে তার কাজটিও বেশি গুরুত্বপূর্ণ। পারো, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের সেবা-শুশ্রূষার উপযোগী রোবট। ওর গায়ের লোম আর গোঁফের নিচে বিশেষ কিছু টাচ-সেন্সর লাগানো আছে। ফলে ওকে কেউ আঘাত করলে অথবা আদর করলে ও সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারে। পারো কিন্তু দেখতে ভীষণ কিউট একটা রোবট। ওকে বানানো হয়েছে আটলান্টিক সাগরের উত্তরে বসবাসকারী হার্প সিল নামের স্তন্যপায়ী প্রাণীর ছোট্ট ছানার আদলে। ও আসল হার্প সিলের মতোই ডাক দিতে পারে, আবার অন্যের কণ্ঠস্বর চিনতেও পারে।
পাপেরোঃ
৩৮ সেন্টিমিটার উচ্চতার এই রোবটের পুরো নাম-- পার্টনার টাইপ পার্সোনাল রোবট। সংক্ষেপে পাপেরো। ওর কাজ বিনোদন ও ঘরের কাজে সাহায্য করা। ও কণ্ঠস্বর চিনতে, কথা বলতে, চলাফেরা করতে ও ঘরোয়া যন্ত্রপাতি চালাতে পারে। পাপেরো প্রায় ৬শ ফ্রেইজ এবং ৩ হাজার শব্দ মনে রাখতে পারে। নেট ব্রাউজ করতে বা টিভি চালাতেও সে বিশেষ দক্ষ। মানুষ যাতে তাকে ভয় না পায় বরং সঙ্গী মনে করে তাই ওকে খুব কিউট চেহারা দিয়ে তৈরি করা হয়েছে।
সনির তৈরি ২৭ সেন্টিমিটার উচ্চতার আইবো রোবটের পুরো নাম আর্টিফিশিয়াল ইনটেলিজেন্ট রোবট। আইবোর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো হল-
* স্পর্শ- মাথা, পিঠ, চিবুক আর হাত ও পায়ের পাতায় সেন্সর থাকার ফলে মানুষের স্পর্শ অনুভব করতে পারে।
* শ্রবণ- এক জোড়া স্টিরিও মাইক্রোফোনের সাহায্যে শব্দ শুনতে ও কণ্ঠস্বর চিনতে সক্ষম।
* দৃষ্টি- কালার ক্যামেরা, ডিসটেন্স সেন্সরের সাহায্যে চেহারা চিনতে, রঙ ও দূরত্ব বুঝতে পারে।
* ভারসাম্য- এক্সিলারেশন সেন্সরের মাধ্যমে দৈহিক ভারসাম্য বজায় রাখতে পারে।
আইবোর পাঁচটি সহজাত ক্ষমতা আছে। ভালবাসা, খোঁজ, চলাফেরা, ঘুম ও নতুন উদ্যমে শুরু করা। আইবো নাচতে ও নিজের খেলনা দিয়ে খেলতে ভালবাসে। যখন তার এনার্জি কমে আসতে থাকে তখন সে নিজেই নিজেকে রিচার্জ করার জন্য এনার্জি স্টেশন খুঁজে বের করে। ওকে নির্দেশ দেওয়া হলে বা ওর ইচ্ছা হলে ও ছবিও তুলতে পারে। এই নির্দেশ ইমেইলের মাধ্যমে পাঠানো যায় অথবা ওর মেমরি কার্ডে সেইভ করে দেওয়া যায়। তুমি যখন বাসা থেকে দূরে থাকো তখন আইবো তোমার ঘরবাড়ির দেখাশোনা করবে, সে শব্দ ও নড়াচড়া সনাক্ত করতে পারে, ছবি তুলতে পারে এবং ইমেইলের মাধ্যমে তোমাকে জানাতে পারে। তোমার কণ্ঠস্বর চেনার পাশাপাশি আইবো তার গ্রাফিক কার্ডের সাহায্যে তোমার সঙ্গে কথাও বলতে পারে।
