পেটুকমামা
তিথির একটা মামা আছে ভীষণ পেটুক। তিথিরা ওনাকে পেটুকমামা বলে ডাকে। মামার ভুঁড়িটা আলুর বস্তার মতো ইয়া বড় গোলাকার। গোঁফগুলো সাদা-কালো। চোখদুটো ঢুলুঢুলু। মনে হয় এই মাত্র ঘুম থাকে উঠে এসেছে। কান দুটো লম্বা লম্বা।
দেখতে রাশভারী হলেও মামা যেমনি পেটুক, তেমনি ফুর্তিবাজ। হইচই খুব পছন্দ করে। পাড়ার এমন কোনো ফাংশন নেই, যেখানে পেটুকমামা অনুপস্থিত। দাওয়াত ছাড়াই সব অনুষ্ঠানে বান্দা হাজির থাকে।
এই তো সেদিনের ঘটনা, দিনটা ছিল সোমবার, কেমন ফুরফুরে সবকিছু। আকাশে ঝলমলে রোদ, ঝিরিঝিরি বাতাসও বইছে। তিথির ছোটভাই অন্তুর জন্মদিন।
ঘরবাড়ি বেশ সুন্দর করে সাজানো হল। কাগজ কেটে কেটে ফুল-লতাপাতা বানিয়ে দেয়ালের চারদিকে সেঁটে দেওয়া হল। বেশ কয়েকজন অতিথিও আসল। অন্তুর বন্ধুরাও হৈ-হুল্লোড় করে চারদিক ব্যতিব্যস্ত করে তুলল।
যথাসময়ে পেটুকমামাও এসে হাজির। বাবা দোকান থেকে রসগোল্লা, কেক, সন্দেশ আগেই কিনে এনেছিল, সেগুলো মা ফ্রিজে রাখতে রাখতে তিথিদের বলল, খাবারের কথা যেন পেটুকমামার কানে না যায়।
কিন্তু কথায় বলে না বাতাসেরও কান আছে। পেটুকমামা কোথা থেকে ছুটে এসে ফ্রিজের সামনে ভনভন ঘুরতে লাগল। আর সুযোগ মতো গপাগপ গিলতে লাগল।
কেউ সামনে দিয়ে গেলে এমন ভাব দেখাতে লাগল, যেন সবেমাত্র এখানে এসে দাঁড়িয়েছে। তিথি একবার এসে ফ্রিজের সামনে ঘুরে গেলেও, মামার অমন কুমড়োর মতো বোকাসোকা মুখটা দেখে সন্দেহের বাইরেই রেখেই, অন্যঘরে চলে গেল।
বিকেলবেলা কেক কাটার সময় হলে, অন্তুকে ঘিরে রাখা ওর বন্ধুদের সে কী ফুর্তি! খাবার দাবারের সময় মা ফ্রিজ খুলে আকাশ থেকে পড়ল! চক্ষু দুটো তো চড়কগাছ!
মিষ্টির প্যাকেটে অর্ধেক মিষ্টিই নেই। কেকটার অবস্থাও করুণ! এদিকসেদিক ভেঙে চেটেপুটে কে যেন খেয়ে রেখেছে?
তিথি চিত্কার করে উঠল, নিশ্চয়ই এটা পেটুকমামার কাজ। পেটুকমামা ছাড়া কেউ এ কাজ করতে পারে না।
কিন্তু তখনও তিথিরা কেউ টেরই পায়নি যে, পেটুকমামার মুখে তখনও দু-দুটো রসগোল্লা আছে।
রসগোল্লা মুখেই পেটুকমামা বলে উঠল, না না, আমি খাইনি। ব্যস, আর যায় কোথায় একটা রসগোল্লা টপ করে মাটিতে পড়ে গেল!
তখন ঘরভর্তি মানুষ, একসঙ্গে হো হো করে হেসে উঠল। অন্তুর বন্ধুরা মামাকে ক্ষেপাতে লাগল এটা জন্মদিনের বাড়তি আনন্দ!
আর পিচ্চিদের ফুর্তি দেখে, পেটুকমামার মুখ লজ্জায় একেবারে, গোলাপ ফুলের মতো লাল হয়ে গেল।
