তাহার দাদার ঠাকুরদাদা
তাহার দাদার ঠাকুরদাদার একটি অশ্বত্থ গাছ ছিল
সেই সে গাছের চিকন ডালে হট্টিটি এক নাচছিল।
হট্টিটি ভাই গাছে নাচে?
এমন কথা কোথায় আছে
এমন আজব কথা শুনে ভীষণ মজা পাচ্ছিল।
তাহার দাদার ঠাকুরদাদা একটা আজব লোক ছিল।
অদ্ভুতুড়ে কাজের প্রতি তাহার ভীষণ ঝোঁক ছিল।
বাঘের পিঠে চড়বে বলে
সোঁদরবনে গেল চলে
আজব চিন্তা আজব কাজে তাহার বড়ই শখ ছিল।
তাহার দাদার ঠাকুরদাদার ঘুম হত না রাত্রে,
তাই তো বসে থাকত কেবল ঠাণ্ডা জলের পাত্রে,
নিউমোনিয়া হলে পরে
আর থাকে না নিজের ঘরে
গভীর রাতে ঘুরে বেড়ায় অন্ধকারে হাতড়ে!
তাহার দাদার ঠাকুরদাদার শেষে হল কী যে,
আয়নাতে মুখ দেখে নিজের চিনতে পারেনি যে,
বলল, ‘আমি কই গো ওরে।
ঘটাংঘটাং মাথা ঘোরে
তোরা আমায় আয় রেখে আয় মেঘনা নদীর ব্রিজে।’
