লেভ তলস্তয়-এর গল্প
ইঁদুর, মোরগ ও বেড়াল
ইঁদুরছানা ঘুরতে বেরোল। এদিক সেদিক ঘোরাঘুরির পর আবার ফিরে এল তার মায়ের কাছে।
‘মাগো মা, আমি দুটো জীবকে দেখলাম, যাদের মধ্যে একটা ভয়ঙ্কর আরেকটা ভালো।’
মা বলল, ‘কেমন এরা, বল দেখি।’
ইঁদুরছানা বলতে লাগল, ‘একমাত্র ভয়ঙ্কর জীবটা ঘুরে বেড়াচ্ছে উঠোনে। তার পাগুলো কালো কালো, মাথায় বসানো লাল ঝুঁটি, প্যাটপেটে চোখ আর বাঁকানো নাক। যখন আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম সে তার ঠোঁট ফাঁক করল আর পা উঁচু করে এমন জোরে হাঁক দিল যে ভয়ের চোটে আমি কোথায় পালাব ভেবেই পাই না।’
‘আরে এটা যে মোরগ,’ মা বলল। ‘ওকে ভয় করো না, ও কখনও কারও ক্ষতি করে না। কিন্তু অন্য জন্তুটা?’
‘অন্যটা শুয়ে রোদ পোহাচ্ছিল। সাদা গলা ধূসর পায়ের পাতা আর সাদা বুক চেটে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে সে তার লেজ নাড়াচ্ছিল।’
‘আরে হাঁদা, এ যে বেড়াল!’
গাছে বসে ছিল এক মোরগ। শেয়াল তার কাছে এসে বলল, ‘নমস্কার মোরগভাই, তোমার মধুর গলা শুনে আমি এলাম তোমার সঙ্গে দেখা করতে।’
মোরগ বলল, ‘ধন্যবাদ!’
শেয়াল শুনতে না পাওয়ার ভান করে বলল, ‘কি বলছ আমি শুনতে পাচ্ছি না। তুমি এই ঘাসের মধ্যে নেমে এস না কেন, একটু বেড়িয়ে নাও, আমার সঙ্গে কথা বল, ওখান থেকে আমি তোমার কথা কিছুই শুনতে পাচ্ছি না।’
মোরগ বলল, ‘ঘাসের মধ্যে নামতে আমি ভয় পাচ্ছি। আমাদের পাখিদের কাছে মাটিটা তত নিরাপদ নয়।’
‘নাকি তুমি আমাকে ভয় পাচ্ছ?’ বলল শেয়াল।
‘ঠিক তোমাকে নয়, তবে এমন অন্য জীবকে ভয় পাই সত্যিই,’ বলল মোরগ। ‘জানই তো কত রকম জানোয়ারই না আছে।’
‘নাহে বন্ধু মোরগ, নতুন আইন জারি হয়েছে যার ফলে সকলেই সবখানে এখন নিরাপদে থাকতে পারে। সেই জন্যই প্রাণীদের এখন আর কাউকে ভয় করার দরকার নেই।’
‘এটা বেশ ভালো কথা,’ বলল মোরগ। ‘ঐ একদল কুকুর আসছে, তোমাকে এখন আর ভয় পেয়ে আগের মতো ছুটে পালাতে হবে না।’
কুকুরদের কথা শুনে শেয়াল তার কান খাড়া করে পালাতে চাইল।
‘কোথায় চললে? বলল মোরগ। ‘আইন বলে কুকুরদের এখন সাধ্য নেই তোমাকে স্পর্শ করে।’
‘কে জানে।’ বলল শেয়াল। ‘বোধ হয় এখনও তারা আইনের কথা শোনে নি।’
এই বলে পালিয়ে গেল।
এক ক্ষুধার্ত শীর্ণ নেকড়ে গ্রামের আশপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ এক মোটাসোটা কুকুরকে দেখতে পেল। নেকড়ে কুকুরকে জিজ্ঞাসা করল, ‘বল তো তোমরা কোথা থেকে খাবার যোগাড় কর?’
কুকুর বলল, ‘লোকে আমাদের খেতে দেয়।’
‘এটা ঠিক যে তোমরা তাদের জন্য কঠিন পরিশ্রম কর?’
‘না, আমাদের কাজটা তত কঠিন নয়,’ বলল কুকুর। ‘আমাদের কাজ হলো রাত্রিতে বাড়ি পাহারা দেওয়া।’
‘কেবলমাত্র এই জন্যই তারা তোমাদের খেতে দেয়?’ জিজ্ঞাসা করল নেকড়ে। ‘আমি তাহলে এই কাজের জন্য এখনি রাজি, কারণ আমাদের নেকড়েদের পক্ষে খাবার যোগাড় করাটা কঠিন ব্যাপার।’
‘ঠিক আছে, তাহলে আমাদের সঙ্গে এস। আমার প্রভু তোমাকেও খাওয়াবে।’ বলল কুকুর।
নেকড়ে খুশি হয়ে মানুষের কাজ করার জন্য কুকুরের সঙ্গে চলল। প্রায় ফটকের কাছাকাছি এসে সে কুকুরের গলায় দাগ দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, ‘এটা তোমার কিসের দাগ?’
‘ও কিছু নয়।’
‘তার মানে কি?’
‘এটা শিকলের দাগ। দিনের বেলায় আমি শিকলে বাঁধা থাকি। শিকলের ঘষায় খানিকটা লোম চটে গেছে।’
‘তাহলে বিদায়, ভাই কুকুর। আমি আর লোকের সঙ্গে বাস করতে চাই না। ‘স্বাধীনতা হারিয়ে বেঁচে থাকার চেয়ে অনাহারে থাকা ঢের ভালো।’
একবার এক গণ্যমান্য শহুরে ইঁদুর এলো এক সাধারণ মেঠো ইঁদুরের কাছে। মেঠো ইঁদুর বাস করত এক মাঠে। সে তার অতিথিকে খেতে দিল যা তার ছিল, মটর ও গমের দানা। গণ্যমান্য ইঁদুর একটু খুঁটে খেয়ে বলল:
‘তোমার খাবার এত দীনহীন বলেই তুমি এমন রোগা। এস আমার কাছে, দেখ কিভাবে আমরা থাকি।’
তখন মেঠো ইঁদুর চলল শহুরে ইঁদুরের কাছে। রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করল। লোকেরা এসে খেয়ে চলে গেল। তখন শহুরে ইঁদুর তার অতিথিকে খাবার ঘরে নিয়ে চলল এক গর্ত দিয়ে। তারা দুজনেই চড়ে বসল টেবিলের উপর। সাধারণ মেঠো ইঁদুর জীবনে কখনও এমন ভালো খাবার চোখেও দেখে নি। সে বলল, ‘তুমি ঠিক বলেছ, আমাদের জীবন খুবই খারাপ। আমিও শহরে বাস করতে চলে আসব।’
একথা বলতে না বলতেই টেবিল কেঁপে উঠল আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরতে লোক ঢুকল ঘরে। তারা কোনক্রমে গর্তে ঢুকে নিজেদের বাঁচাতে পেরেছিল।
‘না!’ বলল মেঠো ইঁদুর, ‘এর চেয়ে আমার মাঠে বাস ঢের ভালো। সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই, তবে এমন ভয়ের কোন কারণ নেই।’
এক বেড়াল শেয়ালকে বলছিল কিভাবে কুকুরদের কাছ থেকে আত্মরক্ষা করা যায়।
‘আমি কুকুরদের মোটেও ভয় পাই না।’ বলল বেড়াল, ‘কেন না আমার একটা কৌশল জানা আছে।’
আর শেয়াল বলল, ‘মাত্র একটা কৌশলের সাহায্যে কিভাবে তুমি কুকুরদের হাত এড়াও? আমার জানা আছে এমন সাতাত্তরটি কৌশল।’
যখন তারা কথাবার্তা বলছিল সেই সময় একদল শিকারি তাদের কুকুর নিয়ে সেই পথে যাচ্ছিল। বেড়াল তার জানা একটিমাত্র উপায়ই ব্যবহার করল। সে একটি গাছে চড়ে বসল আর কুকুরেরা তার নাগাল পেল না। আর শেয়াল তার জানা সবগুলো উপায়কেই কাজে লাগাতে চেষ্টা করল কিন্তু কোনটাই তার কাজে এলো না এবং কুকুরেরা তাকে ধরে ফেলল।
বেড়ালের ভয়ে ইঁদুরেরা অস্থির। প্রতিদিন সে দুটো তিনটে করে ইঁদুর মারতে লাগল। সেই জন্য একদিন সব ইঁদুর মিলে এক সভায় জড়ো হলো, কিভাবে এই বেড়ালের হাত থেকে রক্ষা পাওয়া যায় তার উপায় বের করবার সিদ্ধান্ত নিতে। অনেক আলোচনা হলো কিন্তু কোনই উপায় খুঁজে পাওয়া গেল না।
তখন একটি ছোট্ট ইঁদুর বলল, ‘বেড়ালের হাত থেকে আত্মরক্ষার উপায় আমি তোমাদের বলতে পারি। দেখ আমরা মারা পড়ি এই জন্য কারণ কখন সে থাবা মেলে আমাদের কাছে আসছে তা আমরা টেরই পাই না। বেড়ালের গলায় একটা ঘণ্টা বাঁধা দরকার, যার আওয়াজ হবে। তাহলে যখন সে গুঁড়ি মেরে আমাদের দিকে এগোতে চেষ্টা করবে আমরা বুঝতে পারব, পালিয়ে যাব।’
‘এটা খুবই ভালো কথা,’ বলল এক বুড়ো ইঁদুর। ‘কিন্তু কাউকে তো বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধতে হবে। তোমার বুদ্ধিটা খুবই ভালো, সন্দেহ নেই। কিন্তু আমরা তোমাকে ধন্যবাদ জানাব তখনই যখন তুমি বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে।’
অনেক অনেক দিন আগে পাখি ও জন্তুদের মধ্যে একবার ঘোরতর লড়াই বাধে। বাদুড় এদিকেও গেল না, ওদিকেও গেল না, দেখতে লাগল করা জিতছে।
প্রথমে পাখিরা জিততে শুরু করলে তাদের দলে যোগ দিয়ে নিজেকে পাখি বলতে লাগল ও পাখিদের সাথে উড়তে লাগল। পরে জন্তুদের যখন জয়ী হতে দেখা গেল সে তখন তাদের কাছে গেল এবং তার দাঁত ও থাবা দেখিয়ে তাদের আশ্বস্ত করতে চাইল যে সে আসলে জন্তু ও জন্তুদের পছন্দ করে। কিন্তু শেষ পর্যন্ত পাখিরাই জয়ী হল। বাদুড় তখন আবার তাদের কাছে ফিরে গেল কিন্তু তারা তাকে তাড়িয়ে দিল।
জন্তুদের কাছেও তার আর ফেরা সম্ভব হলো না। সেই থেকে বাদুড় থাকে কুঠরিতে বা গাছের কোটরে। উড়ে বেড়ায় কেবল সন্ধ্যার পর। তারা না যায় পাখি না যায় জন্তুর কাছে।
