চল বাড়াই শব্দকে
মাইক জিনিসটা তো কম-বেশি সবাইই দেখেছ, আমাদের আস্তে বলা কথাকে কত জোরে চারদিকে ছড়িয়ে দেয় জিনিসটা!
অনেকে হয়ত ক্যালেন্ডার বা শক্ত কাগজকে পাকিয়ে মোচার মতো করে মুখে লাগিয়ে জোরে শব্দ বের করার চেষ্টাও করেছ! অনেকে হয়ত পানির নিচে মুখ ডুবিয়ে অদ্ভুত শব্দ করে মজা পাও।
চল আজ আমরা শব্দ নিয়ে মজার একটা পরীক্ষা করি। শব্দের চলাচল করতে সবসময় একটি মাধ্যম লাগে। আমরা যে শব্দ শুনি তা বাতাস মাধ্যমে প্রবাহিত হয়ে আমাদের কানের পর্দাকে আঘাত করে। এ কারণে আমরা শুনতে পাই।
আজ একটু অন্যভাবে ভেবে দেখ। খুব আস্তে করা কোনো শব্দ বাতাসে না ভাসিয়ে অন্য কিছুর মাধ্যমে যদি ছড়িয়ে দাও, তাহলে কি আগের মতো আস্তেই শোনা যাবে? বিজ্ঞান কী বলে জানার আগে নিজেরাই পরীক্ষা করে জেনে নাও।
কী ভাবছ? অনেক কিছু লাগবে বুঝি পরীক্ষা করতে? নাহ, কেবল একটা সাধারণ বেলুন লাগবে তোমার।
কী করবে একনজর দেখে নাও শুরু করার আগে:
১। বেলুনটাকে ফোলাও।
২। এবার ফোলা বেলুনটাকে কানের সঙ্গে লাগিয়ে ধরে রাখ।
৩। এবার যে হাতটা খালি, সেটা দিয়ে বেলুনের অপর পাশে আস্তে আস্তে টোকা দাও!
হচ্ছেটা কী?
কী? আঁতকে উঠলে নাকি? অনেক জোরে শব্দ হচ্ছে, তাই না? কিন্তু তুমি তো টোকা খুব আস্তে দিয়েছিলে! তাহলে এত জোরে শব্দ হচ্ছে কেন?
আসলে, সকল পদার্থই অসংখ্য অণু দিয়ে তৈরি। তুমি যখন ফুঁ দিয়ে দিয়ে বেলুনটাকে ফোলাচ্ছিলে, তখন তুমি আসলে বাতাসের অণুগুলোকে বেলুনের ভেতরে ঠেলে দিচ্ছিলে। ওরা কিন্তু যাওয়ার জায়গা না পেয়ে বেলুনটাকে ঠেলে বড় করে ফেলেছে আর নিজেরা চলে এসেছে অনেক কাছাকাছি (কারণ তুমি তো ফুঁ দিয়ে ঠেলছই!)। কাছাকাছি চলে আসার কারণে ওরা শব্দ খুব ভালো করে এপাশ থেকে ওপাশে নিয়ে যেতে পারছে।
সাধারণভাবে বাতাসে অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে দূরে থাকে। কিন্তু বেলুনের ভেতরের অণুগুলো অনেক কাছাকাছি আছে, তাই তারা সাধারণ বাতাসের চেয়ে দ্রুত শব্দ পরিবহন করে, সঙ্গে আরও জোরেও শোনা যায় শব্দটা আমাদের কানে!
ব্যাপারটা এভাবে চিন্তা করতে পার। একটি সেতুতে যদি ইটগুলো একটার থেকে আরেকটা দূরে দূরে থাকে, তাহলে নিশ্চয়ই তোমার লাফ দিয়ে পার হতে কষ্ট হবে! অথচ ইটগুলো যদি একটার সঙ্গে আরেকটা লেগে থাকে, তাহলে কত সহজেই না পার হয়ে যেতে পারতে! আমাদের এই বেলুন আর শব্দের পরীক্ষাতেও ঠিক এই ব্যাপারটি ঘটে। বেলুনের ভেতর অণুগুলো একত্র হয়ে যাওয়ায় শব্দ চলে গিয়েছে অনেক সহজে, আর তুমি শুনতেও পেয়েছ অনেক জোরে।
বিজ্ঞানের এমন অনেক মজার মজার পরীক্ষা ঘরে বসেই করতে পার তোমরা।
