২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাউ-বাংলোর রহস্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> এম এস নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 01:40 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

বইয়ের নাম: ঝাউ-বাংলোর রহস্য

লেখক: নারায়ণ গঙ্গোপাধ্যায়

প্রকাশনী: আনন্দ পাবলিশার্স (ভারত)

‘ঝাউ-বাংলোর রহস্য’ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত টেনিদা সিরিজের একটি উপন্যাস। টেনিদাকে তো সবাই চিনিই। যারা চিনি না তারা আজ চিনে নেই। টেনিদা নাক লম্বা,  চালবাজ ধরণের ছেলে। সে প্রতিবছর ফেল করে একই ক্লাসে কয়েকবার করে থাকতে থাকতে বর্তমানে নিজের ক্লাসের ছেলেদের কাছে টেনি থেকে টেনি দাদা সংক্ষেপে ‘টেনিদা’ হয়ে গিয়েছে। এমনিতে সে স্বভাবে ভীষণ ভীতু অথচ চালচলনে একেবারে বীর যোদ্ধা! নিজের ভাগেরটা খেয়ে পরের খাবারও মেরে দিতে কিংবা তর্কে না পেরে বড়দাসুলভ আচরণ করে অন্যদের চাঁটি মারতে তার জুড়ি নেই। 

টেনিদার সঙ্গে আরও আছে হাবলু সেন, ক্যাবলা আর প্যালা। হাবলু সেন বাঙাল, অর্থাৎ পূর্ববঙ্গের মানুষ। তার স্বভাবটা সুবিধাবাদী টাইপের, সবার সব কথাতেই সে সায় দিয়ে ‘সেফ পজিশনে’ থাকে। ক্যাবলা অন্যদের তুলনায় অনেক বুদ্ধিমান, সাহসী আর পড়ালেখায়ও দারুণ। অনেকদিন ভারতের পশ্চিমদিকের রাজ্যে থাকায় প্রায়ই কথার মধ্যে হিন্দি ঢুকে পড়ে তার। আর প্যালা হল টেনিদা সিরিজের গল্প কথক। প্যালার শরীর খুবই খারাপ থাকে সবসময়। যা খায় তার কিছুই সহ্য হয় না। তাই পটল আর শিঙি মাছই তার খাদ্য বা পথ্য, যা বল তাই।

এই চারমূর্তিকে নিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা তৃতীয় পূর্ণাঙ্গ উপন্যাস হল 'ঝাউ-বাংলোর রহস্য'। এটা তাদের তৃতীয় অভিযানও বটে। কোলকাতার ভীষণ গরমে যখন সবাই অতিষ্ঠ, তখন ছুটিতে তারা বেরিয়ে পড়ল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথেই নানা বিচিত্র ঘটনা ঘটতে লাগল তাদের সঙ্গে। এক লোক পদ্য লিখে ভয় দেখাল ওদের। সঙ্গে নীলপাহাড়িও যেতে বলল। প্রথমে সে ব্যাপারে গা করল না কেউই।

পরে অবশ্য দার্জিলিংয়ে সাতকড়ি সাঁতরা নামের এক বিজ্ঞানী পরিচয় দেওয়া লোক তাদের অবিশ্বাস্য গল্প শোনাল। সে নাকি কী একটা ফরমুলা আবিষ্কার করেছে যা কাগামাছি নামের অন্য এক বিজ্ঞানী ছিনিয়ে নিতে চাইছে। পুলিশ কিছু করতে পারবে না তাই তাকে বাঁচাতে সে অনুরোধ করল চারমূর্তিকে। তার সঙ্গে নীলপাহাড়ি যেতে বলল। ওদিকে চারমূর্তি আরও একটা পদ্য লেখা চিরকুট পেল যেখানে আবারও তাদেরকে নীলপাহাড়ি যেতে চ্যালেঞ্জ জানান হল আর তাদেরকে রাগিয়ে দিতে ভীতু বলেও ডাকা হল। নিজেদের মান রক্ষার্থে আর সাতকড়ি বাবুকে বাঁচাতে চারমূর্তি গিয়ে উঠল নীলপাহাড়ির ঝাউ বাংলোয়। প্রথমে তারা যে পদ্য লেখা চিরকুট পেয়েছিল, সেই অনুযায়ী সত্যিই তারা রাত্তিরে কাটা মুন্ডুর নাচ দেখতে পেল। পরের দিন উধাও হল সাতকড়ি বাবু। তদন্তে নামল চারমূর্তি। বুদ্ধিমান ক্যাবলা এক সময় শুধু সাতকড়ি বাবুকে খুঁজে পাওয়ার রাস্তাই বের করল না বরং সমাধানও করে ফেলল গোটা রহস্যের। কী ছিল সেই রহস্য আর কীভাবেই বা তার সমাধান হল তা জানতে 'ঝাউ-বাংলোর রহস্য' পড়তে হবে।

উপন্যাসটিকে অনবদ্য বলতেই হবে। কেননা, টেনিদার উপন্যাস তো শুধু এর কাহিনীর জন্যই বিখ্যাত না। বিখ্যাত এর হাস্যকর সব ঘটনা আর বিচিত্র সব চরিত্রের জন্যও। এই উপন্যাসেও কিছু আজব চরিত্র ছিল আর সঙ্গে চারমূর্তি তো ছিলই যাদের কারও সঙ্গে কারও মিল নেই। উপন্যাসের প্রতিটা দৃশ্যেই হিউমারের ছড়াছড়ি। কখনও সেগুলো সূক্ষ্ম কখনো বা স্থূল। সেগুলো যেমন পাঠককে হাসাবে তেমনি চারমূর্তির অদ্ভুত সব কথাবার্তা আর কাণ্ডকারখানা বিশেষ করে টেনিদার চালবাজি ও ভুলভাল ইংরেজি ও ফরাসি ভাষায় কথা বলে যাওয়া-- এগুলো তো মজা লাগবেই।

টেনিদার উপন্যাসের চেয়ে ছোটগল্পগুলো হয়ত বেশি জমজমাট। তবু চারমূর্তি হাতে গোনা যে কয়টা অভিযান করেছে, সেগুলোই বড় পরিসরে উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন লেখক। তাদের এই অভিযানগুলো পরবর্তীতে ছোটগল্প ও নাটক ইত্যাদিতেও কিছুটা প্রভাব ফেলেছে। তাই টেনিদাকে যারা ভালোবাসেন তাদের তো টেনিদার উপন্যাস পড়তেই হবে। তাই চারমূর্তির এই তৃতীয় অভিযান নিয়ে লেখা উপন্যাসই বা মিস করলে কি চলে?