২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বড় প্রাণী

তোমরা মাঝে মধ্যেই আমাদের সুন্দর সুন্দর প্রশ্ন পাঠাও। তোমাদের প্রশ্নগুলো আমাদের ভাবায়, নতুন করে জানার সুযোগও দেয়। আজকের প্রশ্নটা সহজ, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? প্রশ্নটি করেছে হৃদয়। হৃদয় খুব ছোট্ট একটা ছেলে। সে মাত্র ক্লাস ওয়ানে পড়ে। তাই তোমরা যারা বড় তাদের কাছে প্রশ্নটা একটু সহজ মনে হলেও হৃদয়ের জন্য কিন্তু প্রশ্নটি সহজ নয়। তবে আজকে হৃদয়কে জবাব দেওয়ার পর হৃদয়ের কাছেও এটি একটি সহজ প্রশ্নই হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মাকসুদা আজীজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2014, 09:22 AM

Updated : 13 Oct 2022, 12:43 PM

পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি বা ব্লু হোয়েল। এর দৈর্ঘ্য গড়ে প্রায় ১০০ ফুট বা ৩০ মিটার হয়ে থাকে। তবে নীল তিমি আসলে যে কত বড় এটা বুঝানোর জন্য আমাদের তার সঙ্গে কিছু জিনিসের তুলনা করতে হবে, তবেই তুমি বুঝতে পারবে ১০০ ফুট দৈর্ঘ্যটা আসলেই কত বড়। মানুষের গড় উচ্চতা হয় ৫ ফুট ছয় ইঞ্চি। তাহলে ৩০ জন এই উচ্চতার মানুষ যদি একজনের উপরে আরেকজন দাঁড়ায় তবেই নীল তিমির দৈর্ঘ্য তুমি পাবে। আরও সহজ করে যদি বলি, একটা বাস্কেট বলের কোর্টের দৈর্ঘ্য হয় ৯৪ ফুট। এখন তুমি যদি একটা সাধারণ দৈর্ঘ্যের নীল তিমিকে বাস্কেটবল কোর্টে রাখতে চাও তবে কোর্টটাকে দুই দিক দিয়ে তোমাকে আরও ৩ ফুট করে ৬ ফুট লম্বা করতে হবে। এ তো গেল দৈর্ঘ্যের কথা। এখন নীল তিমির ওজনের কথা বলি। একটা নীল তিমির ওজন ১৮১ মেট্রিক টন পর্যন্ত হতে পারে! ১ মেট্রিক টনে হয় ১০০০ কেজি। তোমার ওজন কত? একজন প্রাপ্ত বয়স্ক মানুষের গড় ওজন হয় ৭০ কেজি। একটি নীল তিমির ওজন তাই ২৬৬৭ জন মানুষের সমান। ৮টা ডিসি-৯এস মডেলের প্লেনের ওজন হয় ২২.৭ মেট্রিক টন। ওরে বাবা, ৮টা প্লেন মিলে নীল তিমির চার ভাগের একভাগ ওজনও হতে পারে না। এত্ত বড় যার আকার সে তাহলে প্রতিদিন কতগুলো খাবার খায়? এ প্রশ্ন তোমার মনে আসতেই পারে। একটি নীল তিমির প্রিয় খাদ্য হচ্ছে  ছোট চিংড়ির মতো এক প্রকারের মাছ। এই মাছটির নাম ‘ক্রিল’। নীল তিমি প্রতিদিন প্রায় সাড়ে তিন মেট্রিক টনের চেয়েও বেশি খাবার খায়। এর মানে কি জানো? প্রতিদিন প্রায় চার কোটি ক্রিল এক একটি নীল তিমির খাদ্যে পরিণত হয়। এত বড় এই প্রাণী তাহলে থাকে কোথায় লুকিয়ে? নীল তিমি আসলে লুকিয়ে থাকে না। এরা পৃথিবীর সব মহাসমুদ্রে প্রায় রাজার মতো ঘুরে বেড়ায়। কিন্তু তাদের এই রাজার হালে চলা এখন মাছ শিকারিদের জন্য অনেকটাই ব্যাহত হচ্ছে। মাছ শিকারিরা নির্বিচারে অনেক নীল তিমিকে মেরে ফেলছে, তাই সাগরে নীল তিমির পরিমাণ এখন এতই কমে গেছে যে বিজ্ঞানীরা অনেক চিন্তায় পরে গেছেন। এখন তারা চেষ্টা করছেন কীভাবে নীল তিমিকে বাঁচানো যায়। অবশেষে ১৯৯৬ সালে আন্তর্জাতিক সংস্থা বিষয়টি আইন করে বন্ধ করার ব্যবস্থা করেছে। ২০০২ সালের একটা হিসাব মতে পৃথিবীতে এখন ৬ হাজার থেকে ১২ হাজারে কাছাকাছি নীল তিমি আছে। আমাদের সবাইকে মিলে এদের রক্ষা করতে হবে নইলে এই বিশাল প্রজাতির তিমিরা একদিন পুরোপুরি হারিয়ে যাবে পৃথিবী থেকে।