স্বপ্ন দেখে মন...
কখনও কি ভেবে দেখেছ আমাদের মস্তিষ্ক দেখতে কী রকম? সারাদিন যে এত চিন্তা কর, এতকিছু নিয়ে গবেষণা কর, ঘুমিয়ে পড়, জেগে ওঠো, স্বপ্ন দেখ, অনুভব কর-- সবকিছু কিন্তু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে।
মানুষের মস্তিষ্ক ছোট্ট একটা বলের মতো, রঙ তার ধূসর। বহু বছর ধরেই গবেষকরা চেষ্টা করে যাচ্ছেন এর নানা রহস্যর সমাধান করতে। কেন আর কীভাবে এই জটিল কাজগুলো করে ধূসর রঙের এই ছোট্ট বলটা!
বিজ্ঞানীরা গত কয়েক দশক ধরে কেবল ঘুম আর স্বপ্ন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু আজ পর্যন্ত তারা শতভাগ নিশ্চিত হতে পারেননি কীভাবে আমরা ঘুমিয়ে পড়ি, আর কেনই বা স্বপ্ন দেখি! স্বপ্ন তো আমরা সবাই দেখি, তাই না? অথচ সবার কিন্তু সবসময় জেগে ওঠার পর স্বপ্ন মনে থাকে না। হয়তো তুমি নিজেও তোমার দেখা সব স্বপ্ন মনে করতে পারবে না। আবার তোমার বন্ধু হয়তো কোনোটাই মনে করতে পারবে না। বিভিন্ন মানুষের স্বপ্ন মনে রাখার ক্ষমতা আসলে বিভিন্ন।
যদিও স্বপ্নের কোনো সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি আজও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি, তারপরও তারা কিন্তু বসে নেই। তাদের দীর্ঘদিনের গবেষণার ফলস্বরূপ, ‘কেন স্বপ্ন দেখি’- এ বিষয়ে আমরা পেয়ে গিয়েছি চমৎকার কিছু ধারণা।
বিজ্ঞানীদের একটি দল ধারণা করছেন যে, আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার একটা বড় হাত আছে স্বপ্ন দেখার পেছনে। দিনে কতকিছুই না আমাদের নজরে পড়ে! রাস্তার মাথায় আইসক্রিমের দোকানটা থেকে শুরু করে ক্লাসের কত্ত কঠিন কঠিন পড়া, কিংবা মাঠে ঘুরে বেড়ানোর মতো সহজ সুন্দর অভিজ্ঞতা। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন এই সব তথ্য আর অভিজ্ঞতা নিয়ে ঘাঁটাঘাটি করে আমাদের মস্তিষ্ক। এরপরে সিদ্ধান্ত নেয়, কোন কোনটা সে মনে রাখবে, আর কোনটা সে ভুলে যাবে! অনেক গবেষক ভাবেন, এই বিষয়টার সঙ্গে স্বপ্নও জড়িত।
এটা কিন্তু কেবলমাত্র একটা সাধারণ ধারণা নয়, এর পেছনে রীতিমতো গবেষণা করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে যারা নতুন কোনো ভাষা শিখছে তারা হয়তো অন্য সব মানুষের চেয়ে স্বপ্ন বেশি দেখছে কিংবা তার স্বপ্নে সে হয়তো অনেক কিছু করছে। সাধারণ মানুষ যদি স্বপ্নে এক সকাল কাটায় সে হয়তো পুরো একটি সপ্তাহের ঘটনা দেখে ফেলছে তার স্বপ্নে। এসব ঘটনা থেকে বিজ্ঞানীরা ধারণা করে নেন যে আমাদের মস্তিষ্ক ঘুমের সময় আমাদের ক্ষণস্থায়ী স্মৃতিগুলো নিয়ে যাচাই বাছাই করে সেগুলোকে মনে রাখার ব্যবস্থা করে। এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের দেখা স্বপ্নগুলো।
অনেকে আবার মনে করেন যে স্বপ্নগুলো আসলে আমাদের আবেগ আর চিন্তা-চেতনাকে প্রতিফলিত করে। সারাদিন কিন্তু আমাদের মস্তিষ্ক নানারকম কাজে ব্যস্ত থাকে। যেমন, তুমি যখন গণিতের কঠিন কোনো সমস্যা সমাধান কর, তখন তোমার পুরো মনোযোগ কিন্তু সেটার ওপরই থাকে। আবার যখন তুমি কোনো জটিল ধাঁধা সমাধান কর, তখন কিন্তু নানা মিল-অমিল খুঁজতেই ব্যস্ত থাকে তোমার মন। শুধু তাই নয়, যে কোনো সহজ কাজেও কিন্তু আমাদের মন অনেক সতর্ক থাকে। এজন্য রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি ডাস্টবিন থেকে যতটা সম্ভব দূর দিয়ে হাঁট। ভুল করেও কিন্তু বড় কোনো ডাস্টবিনের ওপর দিয়ে তুমি হাঁট না।
আরও একটা ধারণা আছে, যেটা আগেরগুলোর মতো এত চমকপ্রদ না। তবে এ ধারণাও উড়িয়ে দেওয়ার মতো না। সেটা হচ্ছে, আসলে স্বপ্নের কোনো নির্দিষ্ট কাজ বা নিয়ম নেই। তারা আসলে আমাদের ঘুমের সময় সৃষ্টি হওয়া কিছু অর্থহীন ছবি। অনেকেই ভাবেন যে, ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক বিশ্রামে চলে যায় আর তখন কিছু অর্থহীন আর এলোমেলো কাজ করে। যার ফল হিসেবে আমরা স্বপ্ন দেখি। তবে জেগে থাকা অবস্থায় কিন্তু আমাদের মস্তিষ্ক এসব ভাবে না। সত্যি কথা বলতে কী, যতদিন পর্যন্ত মস্তিষ্ক আমদের কাছে রহস্য হিসেবে থাকছে। স্বপ্নেও ততদিন আমাদের কাছে রহস্য হিসেবেই থাকবে। তাই তুমি উপরের যে কোনো একটাকে সত্যি হিসেবে মেনে, বেশি বেশি স্বপ্ন দেখতে থাক নিশ্চিন্তে।
