বোকাবোকা প্রাণীটা!
ভোঁদড়! নামটা শুনলেই কেমন একটু বোকাবোকা চেহারা ভেসে আসছে চোখের সামনে। তাই তো?
সত্যিই ভোঁদড়দের চেহারা দেখতে খানিকটা বোকাবোকাই। একদম সহজ-সরল এই ছোট্ট প্রাণীগুলোকে তুমি খুঁজে পাবে গ্রামের নদীর ধারে। এত জায়গা থাকতে নদীর ধারে কেন? আরে, ওখানেই তো রয়েছে ওদের প্রিয় খাবার। মাছ। তবে এমনিতে দেখতে বেশ ভালোমানুষটি মনে হলেও ওদেরকে একদমই বিশ্বাস করে না জাপানের মানুষেরা। ওরা বলে ভোঁদড়েরা একদম শেয়ালের মতো চালাক। কী করে মানুষের মতো সেজে ভোঁদড়েরা মানুষকে বোকা বানায় আর খেয়ে ফেলে সেটা নিয়ে অনেক গল্পও রয়েছে জাপানে।
কিন্তু সে তো গেল জাপানিদের কথা। সাধারণত ভোঁদড় নামের এই মিষ্টি প্রাণীটাকে সবাই কিন্তু খুব ভালোইবাসে। তোমরা অনেকেই হয়তো ভোঁদড়দের চেন। কিন্তু এটা কি জান যে ওরা মাত্র ১৬ বছর বাঁচে? জান, ওদের নিয়ে পুরো পৃথিবীতে এত্ত এত্ত কুসংস্কার রয়েছে? জানো না তো? তাইতো আজকে সেই ছোট্ট আর দুষ্টু-মিষ্টি ভোঁদড়গুলো সম্পর্কে তোমার না জানা মজার কিছু কথা জানাবো বলেই আজকে লিখছি। নিচে দেওয়া হল ভোঁদড়কে নিয়ে কিছু মজার তথ্য।
২. ভোঁদড় মায়ের কষ্ট- ভোঁদড়ের জন্ম পানিতে হলেও দুই মাস বয়সের আগে বাচ্চা ভোঁদড়েরা সাঁতার কাটতে পারে না। আর তাই এই দুই মাস মা ভোঁদড় বাচ্চাকে নিজের পেটে করে বয়ে নিয়ে বেড়ায়। বাচ্চাকে নিয়েই সাঁতার কাটে মা। দুইমাস পরে যদিও বাচ্চা ভোঁদড় সাঁতার কাটতে পারে, সেসময় নিজের শরীরকে গরম রাখতে পারে না সে। তাই সাঁতার শেখার পরেও আরও চারমাস বাচ্চাকে গরম রাখার জন্যে তার পাশে সবসময়ই থাকতে হয় মাকে।
৩. খাবার খোঁজা- ভোঁদড়েরা কেবল দেখতেই মিষ্টি নয়, অনেক চালাকও। শিকার করার সময় নানারকম অস্ত্রপাতি ব্যবহার করে ওরা। এই যেমন- খোলসসহ মাছেরা সবসময় একটা খোলসের ভেতরে থাকে বলে ভোঁদড়েরা নিজেদের পেটের সঙ্গে একটা ধারালো পাথর আটকে নেয় আর খোলসসহ মাছের পাশ দিয়ে যাবার সময় বারবার তাতে ঠোকর মেরে খোলস ফাটিয়ে দেয়। এরপর খোলস থেকে মাছ বের করে নিয়ে খেয়ে ফেলে। মজার ব্যাপার হল, এসব পাথরগুলোকে লুকিয়ে রাখার জন্যে ওদের নির্দিষ্ট কিছু গোপন জায়গাও রয়েছে।
৪. সমুদ্রের নায়ক- সত্যিকার অর্থেই ভোঁদড়েরা সমুদ্রের পরিবেশকে সুন্দর রাখতে অনেক কাজ করে। ওরা সেই মাছগুলোকে খেয়ে ফেলে যারা কেলপ বনকে ধ্বংস করে। কেলপ বন সমুদ্রের পরিবেশকে ঠিক রাখতে অনেক বড় ভূমিকা পালন করে। এই বন থেকেই অনেক মাছ নিজেদের খাবার পায়। সমুদ্রের বড় বড় ঢেউগুলোকে নিজের ভেতরে নিয়ে নেয় কেলপ বন। বড় ধরনের দুর্যোগ থেকে বনকে বাঁচায়। আর ওদেরকে বাঁচায় ভোঁদড়েরা। সেদিক থেকে তাই ভোঁদড়দের সমুদ্রের নায়ক বলাই যায়।
৫. বিলুপ্তপ্রায় প্রাণী- কষ্টকর হলেও কথাটা সত্যি! দিনকে দিন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে ভোঁদড়েরা। আগে ফার বা পশমের নানারকম পোশাক বানাতে মেরে ফেলা হত ওদের। আর এখন মানুষের নানারকম কাজের ফলে পরিবেশ, পানি নষ্ট হয়ে যাচ্ছে বলে ওরা মারা যাচ্ছে। আগে আমাদের দেশেও নদী বা খালে ভোঁদড় দেখা যেত। এখন খাল ভরাট করা আর নদী শুকিয়ে যাবার ফলে ভোঁদড় দেখা খুবই বিরল ঘটনা। ঠিকঠাক সংরক্ষণ না করলে একটা সময় হয়তো হারিয়েই যাবে এই মিষ্টি প্রাণীগুলো আমাদের মাঝ থেকে।
