২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবু মামার সপ্তকাণ্ড

লেখক: মোহাম্মদ নাসির আলী প্রকাশক: নওরোজ সাহিত্য সম্ভার বইয়ে লেখা দাম: ৮০ টাকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> এম এস নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2014, 12:47 PM

Updated : 25 Apr 2022, 04:46 PM

তোমরা কি কখনও লেবু মামার নাম শুনেছ? ভাবছ, আরে এটা আবার কী ধরনের নাম! ‘লেবু’ আবার মানুষের নাম হতে পারে নাকি? হ্যাঁ হতে তো পারেই। তবে নাম শুনে যতটা অবাক হয়েছ তার চেয়ে ঢের অবাক হবে তার কাণ্ডকীর্তি শুনলে।

সব বই কিন্তু একবার পড়ে রেখে দেয়ার মতো নয়। এমন কিছু বই আছে, যেগুলো বার বার পড়তে ইচ্ছে করে। অনেকবার পড়লেও এর মজা শেষ হয় না। ‘লেবু মামার সপ্তকাণ্ড’ তেমনই একটি বই।

নামটা অদ্ভুত হলেও লেবু মামা কিন্তু খুব খুব বুদ্ধিমান। কিছু ঘটনা বলি শোন। একবার এক বিয়ে বাড়িতে গিয়ে মামা দেখলেন, তিনি মোটেই আদর যত্ন পাচ্ছেন না। এমনই সময় সাহিত্য অনুরাগী কয়েকজন ছেলে-ছোকরা পেয়ে গেলেন। এদের পেয়ে ভালো এক বুদ্ধি বের করে ফেললেন লেবু মামা। জানালেন কবি কাজী নজরুলের খুব কাছের মানুষ তিনি। ব্যস, আর যায় কোথায়! শুরু হয়ে গেল জামাই আদর। কী যে মজার সব আদর-যত্ন; না পড়লে বুঝতে পারবে না।

ভাবছ লেবু মামা বুঝি মামা হবার পর ভাগ্নে ভাগ্নিদের আনন্দ দেওয়ার জন্য এ সব অদ্ভুত কার্যকলাপ করে। মোটেই না। সেয়ানা লেবু মামার ছোটবেলার একটা কাহিনী বলি শোন। লেবুদের ক্লাসে বাংলা পড়াতে এসে বিপাকে পড়লেন মৌলবি সাহেব। ছাত্ররা সব ফাঁকিবাজ আর প্রচণ্ড দুষ্ট। ছেলেদের শান্ত রাখতে একটা বুদ্ধি আঁটলেন তিনি। সংক্ষিপ্ত রচনা লিখতে দিলেন ছাত্রদের। বললেন, ‘মনে কর পাঁচশ করে টাকা দিলাম তোমাদের সবাইকে। সেই টাকা দিয়ে কে কী করবে লিখে দেখাও।’

কেউ লিখেছে গাঁয়ে স্কুল দেবে, গরিব ছেলেমেয়েরা যাতে বিনা বেতনে পড়তে পারে। আবার কেউ লিখেছে ব্যবসা করবে। আর লেবু মামা কী লিখেছে জান?

‘পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে।’

বোঝ অবস্থা!

আরেকবারের আরেক ঘটনা বলি।

ছোট দুই ভাই-বোন সহ লেবু মামাকে বনভোজনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁর খালা। কিন্তু এক গোলমাল পাকিয়ে ফেলায় লেবু মামার ছোট ভাইকে শাস্তিস্বরূপ না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হল। কিন্তু কী আশ্চর্য! বনভোজনের জায়গায় যাওয়ার পর দেখা গেল, খাবার ঝুড়ি থেকে বের হয়ে এসেছে ছোট্ট দীপু! লেবু মামাই এই কাণ্ডটি ঘটিয়েছিলেন। কী সর্বনাশ!

লেবু মামা এমনই। আর এমন না হলে লেবু মামাকে নিয়ে মোহাম্মদ নাসির আলী লিখবেনই বা কেন? লেবু মামার এমন সব মজার কাহিনী নিয়ে লেখা গল্পের বই-‘লেবু মামার সপ্তকাণ্ড’। বইটিতে লেবু মামার এমন মজার মজার সাতটি কাণ্ডের বর্ণনা আছে। লেবু মামা সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাইলে পড়ে নিতে পার 'লেবু মামার সপ্তকাণ্ড' বইটি।

বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৬৮ সালে; কিন্তু এখনও লেবু মামা সকলের প্রিয় মামা। লেবু মামাকে তোমার পছন্দ হবেই হবে।