২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীর সুন্দর ১০টি মথ

পোকার কথা শুনলেই কেমন গা গুলিয়ে উঠে, তাই না? তবে সব পোকা কিন্তু দেখতে কদাকার না। কিছু পোকা আছে এতই সুন্দর যে দেখলে মনে হবে, খানিকক্ষণ দাঁড়িয়ে দেখি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 11:27 AM

Updated : 13 Oct 2022, 12:38 PM

আজ তোমাদের তেমনই সুন্দর কিছু মাথের কথা বলব। মথেরা দেখতে প্রায় প্রজাপতির মতো হলেও এরা কিন্তু আসলে প্রজাপতি নয়। প্রজাপতিরা যখন কোনো গাছে বা পাতায় বসে, তার ডানা বন্ধ করে বসে আর মথেরা ডানাটা ছড়িয়ে দিয়ে বসে। যেন পাখা মেলে তোমাকে দেখাতে চায় সে কত সুন্দর!

১.) টেক্সাস ওয়াস্প মথ:

ছবি দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছ, নানা রঙে রাঙানো এই পতঙ্গটি পৃথিবীর অন্যতম সেরা সুন্দর পতঙ্গ! পায়ে যেন ঝালর দেওয়া মোজা পরেছে। আর কত সুন্দর করেই না আঁকা আছে রঙগুলো ওর ওপরে! এর বৈজ্ঞানিক নাম Horamapanthalon।

নাম শুনেই বুঝতে পারছ, এর বসবাস আমেরিকার টেক্সাস প্রদেশের আশে-পাশে। তবে সমগ্র উত্তর আমেরিকাতেই এদের দেখা যায়। 

 ২) গার্ডেন টাইগার মথ:

ভেবেছ ডোরা শুধু বাঘের গায়েই থাকে? মোটেই না। ডোরা কাটা একটা মথও কিন্তু আছে। যেমন চেহারা তেমনই গুণ। যতই ছোট প্রাণী হোক, বাঘের চেয়ে সে মোটেও কম ভয়ঙ্কর না। এর শরীরে অনেক বিষাক্ত তরল থাকে, যা সে ব্যবহার করে আত্মরক্ষার্থে। কিন্তু দূর থেকে চেয়ে দেখলে দেখতে পাবে সে তার প্রায় ৬৫ মিলিমিটার লম্বা নানা রঙের পাখা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক! এর বৈজ্ঞানিক নাম Actiacaja।

৩.) স্কারলেট টাইগার মথ:

 কালোর মাঝে ফুটে আছে হলুদ আর সাদা সাদা ছোপ, মাঝে ছড়িয়ে আছে তার লাল অংশ। যেন মাঝে কাজ করা একটা রাজকীয় জামা। তাই এই মথটিকে কোনো পোকা বলে মনেই হয় না। যেন কোনো রাজকন্যার জন্য বানিয়ে রাখা রাজ পোশাক। এর বৈজ্ঞানিক নাম Callimorphadominula। এর দেখা মিলতে পারে ইউরোপে এবং আমাদের খুব কাছেই-- মধ্য ও পশ্চিম এশিয়ায়।

৪.) অ্যালসাইডিস আগাথিরসাস:

 নীল রঙ ভালো লাগে কার কার? নীল রঙের প্রাণীরা এমনিই দেখতে খুব বেশি সুন্দর হয়। মখমল কাপড়ের মতো নীলের মাঝেও অন্য আরও রঙ যেন আরও বাড়িয়ে দেয় এর রূপ। এই পতঙ্গ পাওয়া যায় ইন্দোনেশিয়া থেকে নিউ গিনি পর্যন্ত।

৫.) ব্রাহমিন মথ:

খুব ভালো করে ছবিটা খেয়াল কর তো। কত সুন্দর করে পাখাগুলো আঁকা, দেখেছ? প্রথম দেখায় কেউ বুঝি রূপকথার পাখির ডানাই ভেবে বসবে! এর মতো সুন্দর ডিজাইনের পতঙ্গ পৃথিবীতে বিরল। এ পতঙ্গ খুঁজে পাবে ভারত, চীন, মায়ানমার, তাইওয়ান এবং জাপানে। বৈজ্ঞানিক নাম Brahmaeawallichii।

৬.) ক্রোকার’স ফ্রোদার:

সাধারণভাবে ক্রোকার’স ফ্রোদার নামে পরিচিত এই পতঙ্গকে খুঁজে পাওয়া যায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস আর কুইন্সল্যান্ডে। সেই সঙ্গে নিউ গিনি আর নিউ ব্রিটেনেও এদের দেখা মেলে। সুন্দর ডানাবিশিষ্ট এই পতঙ্গ তার পুরো ডানা মেলে দিলে তা ৫০ মিলিমিটার পর্যন্ত হয়। এদের বৈজ্ঞানিক নাম Amerila crockery।

৭.) স্মল এমপেরর মথ:

স্মল এমপেরর মথ কিন্তু একই সঙ্গে বর্ণিল এবং সুন্দর। প্রথম দেখায় হয়তো তোমরা এর পাখায় চোখ আছে ভেবে ভুল বুঝতে পার। এটা এ পতঙ্গের এক অনন্য বৈশিষ্ট্য। পাখাজুড়ে ছড়িয়ে আছে চোখের মতো ডিজাইন। এর বৈজ্ঞানিক নাম  Pavoniapavonia। এই পতঙ্গ পাওয়া যায় প্যালিআর্কটিক অঞ্চল অর্থাৎ ইউরোপ আর এশিয়ার উত্তর থেকে মধ্যভাগে।

৮.) মাদাগাস্কান সানসেট মথ:

দিনের বেলা কিন্তু খুব কম সংখ্যক পতঙ্গই ঘুরে বেড়ায়। তাদের মধ্যে একটি হল মাদাগাস্কান সানসেট মথ। ছবি দেখে তোমরা সম্ভবত রঙ গুণতে গুণতে হারিয়ে গিয়েছ। নানা রঙে রঙিন এই পতঙ্গকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় পতঙ্গদের একটি হিসেবে। তবে নামের কারণ কী ধরতে পেরেছ? না পারলে মথটির ছবি নিয়ে কোন সূর্যাস্তের ছবির সঙ্গে মিলিয়ে দেখ। ঠিক একই রঙগুলো পাবে। এদের বৈজ্ঞানিক নাম Chrysiridiarhipheus।

৯.) লুনা মথ:

 একটা কথা আছে- “সরলতাই সৌন্দর্য”। একথাটি বারবার মনে হবে লুনা মথকে দেখলে। রঙ খুব বেশি গাঢ় না হলেও দেখতে অসামান্য সুন্দর লাগে ওদের। উত্তর আমেরিকায় দেখা মিলবে মহাদেশের অন্যতম লম্বা ডানাবিশিষ্ট এ পতঙ্গের। এর ডানা প্রায় সাড়ে চার সেন্টিমিটার পর্যন্ত হয়।  এদের বৈজ্ঞানিক নামActiasluna।

১০.) হর্নেট মথ:

এই রঙিন এবং স্বাস্থ্যবান পোকাটির নাম কিন্তু অদ্ভুত! দেখতেও কেমন যেন মৌমাছির মতো । কিন্তু এরা আসলে মৌমাছি না। হর্নেটদের বিষাক্ত কাঁটা থাকে। অথচ আমাদের এ স্বাস্থ্যবান বন্ধু কিন্তু পুরোই আলাদা। সে পুরোপুরিই নিরীহ প্রাণী। বৈজ্ঞানিক নাম Sesiaapiformis।  তবে একে হর্নেট ক্লিয়ারউইং নামেও ডাকে কেউ কেউ।