২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারাতে বসা পাখিগুলো

একসময় মানুষের ঘুম ভাঙত পাখির ডাক শুনে। আহা! কি মধুরই না ছিল সেইসব দিনগুলো। পাখির কলকাকলি শুনে ঘুম ভাঙলে মনটাই তো ভালো হয়ে যায়। অথচ আজকাল পাখিদের দেখা পাওয়াই মুশকিল। গ্রামে যদিও বা কিছু পাখি দেখতে পাওয়া যায়, ঢাকা শহরে তো এক কাক ছাড়া অন্য কোনো পাখি খুঁজে পাওয়াই ভার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মেহেদী বাবু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 05:44 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

এর মানে বুঝতে পারছ তোমরা? পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। পৃথিবী থেকে দিন দিন পাখিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এর জন্য দায়ী আমরাই, অর্থাৎ মানুষেরা। মানুষ পরিবেশ দূষণ করছে, বন-জঙ্গল কেটে উজাড় করে দিচ্ছে, আর বেচারা পাখিরা বাসা-বাড়ি হারাচ্ছে। আর নির্বিচারে পাখি শিকার তো আজও চলছে। এসব কারণেই পাখিরা দিন দিন সংখ্যায় কমে যাচ্ছে। কিছু কিছু পাখি তো পৃথিবী থেকে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। আর বিলুপ্তির পথে আছে অনেকগুলোই। এসব বিলুপ্তপ্রায় প্রজাতির পাখিদের মধ্যে অনেকগুলোর হাতে গোনা আর মাত্র কয়েকটা অবশিষ্ট আছে। কী দুঃখের কথা, বলো তো! আচ্ছা, আজকে চলো তোমাদের পরিচয় করিয়ে দেই এরকম বিলুপ্তপ্রায় কয়েকটি প্রজাতির পাখির সাথে।

স্পিক্স’স ম্যাকাও

ম্যাকাও মানে যে টিয়া পাখি, এটা তো তোমরা জানোই। এই স্পিক্স’স ম্যাকাও-ও এক ধরনের টিয়ে। আর এদের স্পিক্স নামটা দেয়া হয়েছে এক জার্মান পরিবেশবিদের নামে; তার নাম ছিলো জোহান ব্যাপ্টিস্ট ভন স্পিক্স। তিনিই প্রথম এই পাখিটি আবিষ্কার করেছিলেন কিনা! হালকা নীল রঙের এই পাখীটি স্পিক্স সাহেব ব্রাজিলে খুঁজে পেয়েছিলেন সেই ১৮১৭ সালে। অর্থাৎ এখন থেকে প্রায় দুইশ বছর আগে। কিন্তু ২০০০ সালের মধ্যেই এই পাখির সংখ্যা এতটাই কমে গেল যে এদের এখন আর দেখাই যায় না। আর এদের বিলুপ্তির প্রধান কারণটা কি জানো? বলছি দাঁড়াও।

এই টিয়ে কিন্তু আবার যে সে গাছে থাকে না। ‘সারাইবেরা’ নামের এক ধরনের গাছ আছে, শুধু ওই গাছেই থাকে। অভিজাত পাখি কিনা! কিন্তু গোল বেঁধেছে, মানুষ এই সারাইবেরা গাছটা এত এত কাটতে লাগল, যে ওরা আর থাকার জন্য সারাইবেরা গাছই খুঁজে পাচ্ছে না। তোমাকে যদি থাকার জায়গাই দেওয়া না হয়, তুমি বাঁচবে কি করে বলো তো দেখি? সেই সঙ্গে মানুষের শিকারও হচ্ছে এরা। তবে মন খারাপ কোরো না। বিজ্ঞানীদের কাছে এখনও প্রায় ৮৫টি স্পিক্স’স ম্যাকাও আছে। আর তারাও এদেরকে খুব করে সংরক্ষণ করছে যাতে এরা হারিয়ে না যায়।

সেবু ফ্লাওয়ারপ্যাকার

সেবু ফ্লাওয়ারপ্যাকার পাখিটি একমাত্র ফিলিপাইনের সেবু দ্বীপেই পাওয়া যায়। তাই দেখো না, সুন্দর এই পাখিটির নামের সঙ্গেই ‘সেবু’ দ্বীপের নাম জুড়ে দেওয়া হয়েছে! হরেক রঙের এই সেবু ফ্লাওয়ারপ্যাকার দেখলে তুমি মুগ্ধ না হয়ে পারবেই না। এর মাথাসহ শরীরের উপরের অংশটুকু কালো রঙের, পিঠে আর বুকের মাঝখানের কিছুটা অংশ লাল, পিঠের লাল রঙের পর থেকে একটা সবুজ রেখা আবার চলে গিয়েছে একেবারে লেজ পর্যন্ত। এদের লেজ আর পাখা কালচে নীল রঙের আর শরীরের নিচের অংশটুকু ধূসর অথবা সাদা রঙের হয়।

বিংশ শতাব্দির শুরুর দিকে, মানে গত শতকের গোড়ার দিকের কথা। তখন আর এই সুন্দর ফ্লাওয়ারপ্যাকারদের দেখাই পাওয়া যেত না। সবাই তো ধরেই নিয়েছিল, সুন্দর এই পাখিটিকে আর দেখা যাবে না। ওমা! হঠাৎ করেই ১৯৯২ সালে সেবু ফ্লাওয়ারপ্যাকার আবার খুঁজে পাওয়া গেল। ওই সেবু দ্বীপেরই তাবুনান নামের এক জায়গায়। সর্বশেষ ২০০৭ সালেও এই পাখি দেখা গিয়েছিল। ২০০৫ সালের এক হিসাবে তখন সেবু ফ্লাওয়ারপ্যাকারদের সংখ্যা ছিল ৯৫ কি ১০০টা। কিন্তু মানুষের উৎপাতের কারণে এই পাখিও এখন হুমকির সম্মুখীন। বল তো দেখি, এই দুষ্টু মানুষগুলোকে নিয়ে কি করা যায়!

হাওয়াইয়ান ক্রো

হাওয়াইয়ান ক্রো আসলে যে কী, সে তো বুঝতেই পারছ, এক ধরণের কাক। তবে নাম শুনে আবার ভেবে বসো না যে, হাওয়া-বাতাসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে! আসলে হয়েছে কি, এই বিশেষ জাতের কাক আবার একমাত্র হাওয়াই দ্বীপপুঞ্জেই থাকে। অন্য কোথাও এরা থাকতেই চায় না। তাই ওদের নামের সাথে ‘হাওয়াই’ দ্বীপের নামও সেঁটে দেওয়া হয়েছে। তবে এই হাওয়াইন ক্রো-এর কিন্তু আরেকটা নামও আছে-- ‘আলালা’। কেমন অদ্ভুত নাম, তাইনা? এই নামের কিন্তু একটা মজার গল্পও আছে। ওদের এই অদ্ভূত নাম দিয়েছে হাওয়াইয়ের প্রাচীন অধিবাসীরা। ওরা মনে করত, আলালা, মানে এই হাওয়াইয়ান কাক আসলে ওদের পারিবারিক দেবতা।

অন্যান্য কাকের মতোই হাওয়াইয়ান ক্রো-এর রঙও কালো। আর লম্বায় প্রায় ২০ ইঞ্চি পর্যন্ত হয়। দুঃখের কথা কি জানো? ২০০২ সালেই এই পাখি পৃথিবীর বন-জঙ্গল থেকে বিলুপ্ত হয়ে যেতে শুরু করে। কী একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে এক এক করে সব হাওয়াইন ক্রো মারা যেতে থাকে। তাই ২০০৫ সালে অনেক টাকা খরচ করে হাওয়াইয়ান এই কাকেদের বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়। লাভ খুব একটা হয়েছে বলা যাবে না। এখন পৃথিবীতে প্রায় ৭৮টি ‘আলালা’ সংরক্ষিত অবস্থায় বেঁচে আছে।

ব্ল্যাক স্টিল্ট

তোমরা কখনও ‘রণ-পা’ দেখেছো? অনেকেই হয়তো দেখেছ, কিন্তু এই খটমটে নাম শুনে আর চিনতে পারছ না। ঐ যে, পায়ে ইয়া লম্বা বাঁশের নকল পা লাগিয়ে সেই লম্বা লম্বা পা ফেলে হেঁটে যায় না? ওই লম্বা লম্বা নকল পাকেই বলে রণ-পা। ব্ল্যাক স্টিল্ট পাখির লম্বা লম্বা পা দেখলে প্রথমেই তোমার এই রণ-পা’র কথাই মনে পড়বে। আর তাই ওর নামই দেয়া হয়েছে কালো রণ-পা। কেন, জানো না, স্টিল্ট মানে যে রণ-পা? এদের আরও একটা নাম আছে, সেই নামটা আবার বেশ মজার - ‘কাকি’!

এই পাখিটি আবার শুধুমাত্র নিউজিল্যান্ডেই বাস করে। সেখানেও খুব বেশি নেই। বলা হয়, পৃথিবীর বিলুপ্তপ্রায় পাখিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হুমকির মুখে আছে এই লম্বা-ঠ্যাঙে ব্ল্যাক স্টিল্ট। প্রায় ২০ বছর ধরে বিজ্ঞানীরা এদের সংরক্ষণ করার চেষ্টা করছেন। তারপরও এদেরকে খুব একটা পাওয়া যাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে পানি দূষণ। ওরা আবার থাকে নদী সংলগ্ন পলিমাটিতে। আর নদীর পানি দূষিত হলে ওরা সেখানে থাকবে কি করে, বলো? এছাড়া কুকুর, বিড়াল আর অন্যান্য শিকারি প্রাণীদের আক্রমণেও ওরা প্রচুর মারা যায়। ২০১০ সাল পর্যন্ত প্রায় ৮৫টি ব্ল্যাক স্টিল্ট পাখিকে সংরক্ষণ করা হয়েছে।

কাকাপো

কাকাপো নামের এই পাখিটি আবার দেখতে বেশ অদ্ভুত। বলতে পার, এটা হল গিয়ে পেঁচা আর টিয়াপাখির মিশ্রণ। পাখিটির সারা গায়ে টিয়াপাখির মত রঙবেরঙের পালক আছে ঠিকই; কিন্তু আকার-আকৃতিতে আর স্বভাব-চরিত্রে এটি একদম পেঁচার মতো। নিশাচর এই পাখিটি কেবল নিউজিল্যান্ডেই দেখা যায়। কাকাপোর গায়ের পালকে রয়েছে হলুদ আর সবুজ রঙের ফুলঝুরি। বড়-সড় ধূসর ঠোঁট, ছোট ছোট পা অথচ সেই তুলনায় বড় বড় পায়ের পাতা, ছোট্টো পাখা আর ছোট্টো একটা লেজ মিলিয়ে পাখিটিকে দেখতেও খুব আজব লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? কাকাপো-ই পৃথিবীর একমাত্র প্রজাতির টিয়াপাখি যেটি কিনা উড়তেই পারেনা! কী দুঃখের কথা, বল তো! তবে কাকাপো কিন্তু খুব দ্রুত লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে পারে, একদম বানরের মতো! আর আরও মজার কথা হচ্ছে, নামার সময় এরা আবার প্যারাস্যুটের মতো ভাসতে ভাসতে নিচে নামতে পারে।

পিংক পিজিয়ন

কবুতর তো তোমাদের খুবই পছন্দের একটা পাখি, তাই না? তোমাদের মতো কবুতর আমারও খুব পছন্দের পাখি। এমনিতেই কবুতর কত্তো সুন্দর, তার উপর যদি সেটা হয় গোলাপি রঙের, তাহলে তো রীতিমত মুগ্ধ হতে হয়। এদের মাথা, কাঁধ আর শরীরের নিচের অংশ গোলাপি পালকে ঢাকা থাকে। ঠোঁটটাও হয় গোলাপি রঙের। অবশ্য পিংক পিজিয়নের পাখা আর লেজ লালচে-বাদামী রঙের হয়। অসাধারণ সুন্দর এ পাখিটিও দিন দিন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাসস্থান ধ্বংসের কারণে আর শিকারি প্রাণীদের হাতে মারা পড়ে পড়ে এই পাখি ’৯০-র দশকে অনেক কমে গিয়েছিল। পরে বিজ্ঞানীরা টের পেয়ে ওদের সংরক্ষণ করতে শুরু করেন। পাখিশুমারি অনুযায়ী, ২০০৫ সাল নাগাদ বন-জঙ্গলে পিংক পিজিয়ন ছিলো মাত্র ৩৬০টি।

মৌরিতিয়াস কেস্ট্রেল

আচ্ছা, মৌরিতিয়াস দেশটা কোথায় তা কি তোমরা জানো? মৌরিতিয়াস হচ্ছে আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত ভারত মহাসাগরের একটা দ্বীপ দেশ। মৌরিতিয়াস কেস্ট্রেল পাখি শুধু মৌরিতিয়াসের জঙ্গলেই পাওয়া যায় তো, তাই এর নামের সঙ্গে দেশটির নামও জুড়ে দেওয়া হয়েছে। এই দেশে আরও একটি পাখি পাওয়া যেত, ওরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। ওই পাখির নাম ছিলো ডোডো। তোমরা যারা ডোডো পাখির গল্প শোননি, তাদেরকে আরেকদিন ডোডো পাখির গল্পও শোনাব। আজকে কেস্ট্রেল পাখির গল্প শোন।

মৌরিতিয়াস কেস্ট্রেল পাখিটি প্রকৃতপক্ষে এক ধরণের ঈগল। তবে এরা সাধারণ ঈগলের চেয়ে অনেক ছোট আকারের হয়। ছোট বলতে কিন্তু আবার একদম ছোট্টোটিও নয়। এদের লম্বা একটা লেজ আর প্রায় দেড় ফুটি ডানাও আছে। ডোডো পাখির মতো এই দুর্লভ পাখীটিও দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। দায়ী কারা? আর কারা, মানুষেরা! সেই ১৯৯৪ সালেই পাখিটিকে বিলুপ্তপ্রায় বলে ঘোষণা করা হয়েছিলো। এখন বেঁচে আছে প্রায় ৮০০টি মৌরিতিয়াস কেস্ট্রেল।

দ্য মৌরিতিয়াস/ ইকো প্যারাকিট

মৌরিতিয়াস বা ইকো প্যারাকিট এক ধরনের টিয়া পাখি। তবে টিয়া পাখিদের যেরকম অনেক লম্বা একটা লেজ থাকে এদের লেজটা মোটেও সেরকম নয়। এদের লেজ লম্বায় অনেক ছোট হয়। স্থানীয়ভাবে এই পাখিকে ‘ক্যাটওভার’ নামেও ডাকা হয়। ১৯৮০ সালের দিকেই মৌরিতিয়াস পাখি হুমকির মুখে পড়ে। কারণ, মানুষ নিজেদের প্রয়োজনে গাছ কেটে কেটে এদের সব বাসস্থান ধ্বংস করে ফেলেছিল। হয়তো এরা সত্যি সত্যিই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। কিন্তু পরে এদের সংরক্ষণের জন্য পদক্ষেপও নেওয়া হয় এবং সেই পদক্ষেপও নেয় মানুষেরাই। ১৯৯০ সালের দিকে এদের সংখ্যা দাঁড়িয়েছিলো মাত্র ৫০-৬০টিতে। তবে এখন এদের সংখ্যা বেড়েছে। শুধু পশ্চিম মৌরিতিয়াসের জঙ্গলেই ইকো প্যারাকিট আছে প্রায় ২৮০-৩০০টি।

পাখিরা প্রকৃতির এক অনিন্দ্যসুন্দর সৃষ্টি। পাখিদের উপস্থিতি আমাদের চারপাশের প্রকৃতি আর পরিবেশকে অনেক সুন্দর করে তোলে। কিন্তু দিন দিন যেভাবে পাখিদের সংখ্যা কমছে তাতে দেখা যাবে যে একদিন পৃথিবীতে আর কোনো পাখিই নেই। সেটা কি কারও ভালো লাগবে বলো? নিশ্চয়ই তোমাদের খুব মন খারাপ হবে, তাইনা? সেই সাথে পরিবেশের উপরও খুব খারাপ প্রভাব পড়বে। তাই প্রত্যেকের উচিত পাখি সংরক্ষণে অনেক সচেতন হওয়া।