প্রিয় কবির কবিতায় শিশুরা
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শিশুদের খুব ভালোবাসতেন। শিশুদের সঙ্গে অতি সহজেই তিনি মিশে যেতে পারতেন। তাঁর ভালোবাসা এতটাই নিখাদ ও আন্তরিক ছিল যে শিশুর সঙ্গে মিশতে গিয়ে তিনি নিজেও শিশু হয়ে যেতেন। তাঁর আচরণ ও কথাবার্তা হয়ে যেত নিতান্ত শিশুসুলভ।
নজরুলের মধ্যে শিশুসুলভ সারল্য ছিল। শুধু তা-ই নয়, তার মনটা ছিল শিশুর প্রতি আশ্চর্য সংবেদনশীল। তিনি দেখতেন শিশুর মধ্যে ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন আর মনে প্রাণে বিশ্বাস করতেন শিশুর জীবন অসীম সম্ভাবনাময়। তারা চেষ্টা করলেই পারবে তাদের সম্ভাবনাময় জীবন কাজে লাগাতে। এ কথাটিতে তিনি সুদৃঢ়ভাবে আস্থা রেখেই লিখেছেন--
‘আমি চেয়ে আছি তোদের পানে রে ওরে ও শিশুর দল,
নতুন সূর্য আসিছে কোথায় বিদারিয়া নভোতল।’
অথবা
‘তুমি নও শিশু দুর্বল, তুমি মহৎ ও মহীয়ান
জাগো দুর্বার, বিপুল বিরাট অমৃতের সন্তান।’
বিষয়বস্তু ও ছন্দমাধুর্যে ছড়াটি ছোটদের খুবই প্রিয় বলেই এখনও আবৃত্তি করতে গিয়ে প্রথমেই বেছে নেয় সেটি। আর একটি বিশেষ দিক এ কবিতায় লক্ষণীয়। তা হচ্ছে অনুতাপ। এ কবিতার নায়ক লিচু চুরি করতে গেছে, ধরা পড়েছে মালীর হাতে, শাস্তি— পেয়েছে। পরে সে বুঝতে পারল, চুরিতে যাওয়াটা ভালো হয়নি এবং অনুতপ্ত হয়ে নিজে নিজেই বলছে--
যাবো ফের? কান মলি ভাই
চুরিতে আর যদি যাই,
তবে মোর নামই মিছা।
কুকুরের চামড়া খিঁচা
সে কি ভাই যায়রে ভুলা-
মালীর ওই পিটনী গুলা,
কি বলিস? ফের হপ্তা?
তওবা, নাক খপ্তা।
বিভিন্ন সময় তোমরা তোমাদের দাদু-নানুর সাথে কৌতুকে মেতে ওঠ। মজা করার জন্যে কিংবা দাদু-নানুকে জব্দ করার জন্যে বেছে নাও বিভিন্ন কায়দা। এ ধরনের একটা সরস ছবি নজরুলের ‘খাঁদু-দাদু’। নানার নাতি তার মাকে বলছে--
অমা! তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং?
খাঁদা নাকে নাচছে ন্যাদা নাক ড্যাঙা ড্যাং ড্যাং।
ওঁর নাকটাকে কে করল খাঁদা র্যাঁদা বুলিয়ে?
চামচিকে ছা বসে যেন ন্যাজুড় ঝুলিয়ে!
বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং!
অমা! আমি হেসেই মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং
ওঁর খ্যাদা নাকের ছেঁদা দিয়ে টুকি কে দেয় ‘টু’।
ছোড়দি বলে সর্দি ওটা, এরাম! ওয়াক থুঃ।
কাছিম যেন উপুর হয়ে ছাড়িয়ে আছেন ঠ্যাং।
অমা! আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং।
দুষ্টু শিশুরা সাধারণত জিজ্ঞাসু দৃষ্টিতে মাকে দেখে এবং ফাঁক পেলেই শুরু করে দেয় প্রশ্ন-- মা, চাঁদটা এত সাদা কেন, সূর্যটা লাল কেন, এটা এরকম কেন, ওটা ওরকম হল কেন ইত্যাদি ইত্যাদি। রাতে ঘুমানোর সময়ও ঘুমায় না ওরকম প্রশ্নে যেতে থাকে। কিন্তু মা তো তাকে ঘুম পাড়াতে চান। তাই কি আর করা? ছড়া শোনাতে হয়--
ঘুমপাড়ানী মাসী পিসি ঘুম দিয়ে যেও
বাটা ভরে পান দেব গাল ভরে খেয়ো।
ঘুম আয়রে, ঘুম আয় ঘুম।
শিশুকে ঘুম পাড়াবার জন্যে যেমন নজরুল লিখেছেন ‘ঘুমপাড়ানী গান’ তেমনি ঘুম থেকে জাগাবার জন্যেও লিখেছেন উল্লেখযোগ্য ছড়া ‘প্রভাতী’--
ভোর হল দোর খোল
খুকুমণি ওঠরে
ঐ ডাকে যুঁই শাঁখে
ফুলখুকী ছোটরে।
আগেই জেনেছ, নজরুল ছেলেবেলায় ছিলেন খুবই দুরন্ত। ফলে স্কুলের বাঁধা-ধরা নিয়মের প্রতি তাঁর খুব একটা শ্রদ্ধা ছিল না। ইশকুলের বন্দী জীবন তাঁকে প্রায় অসহিষ্ণু করে তুলত। তাই নজরুলের কবিতার শিশু শুধু ছুটি পাওয়ার জন্যে প্রতিটি দিন ‘রবিবার’কেই কামনা করে। ‘পুতুলের বিয়েতে’ শিশুটির নামতা পাঠ কিছুতেই হয়ে ওঠে না। তার কাছে নামতা এক পাহাড়স্বরূপ। নামতা মুখস্থ হয় না বলেই সে মার খায়। তাই নিজে নিজে সে কল্পনা করে--
আমি যদি বাবা হতাম, বাবা হত খোকা
না হলে তার নামতা পড়া মারতাম মাথায় টোকা।
আরেক কবিতায়, শিশুটি স্কুল থেকে ফিরেছে। পথে দেখা হল এক তালগাছের সঙ্গে। তালগাছটি এক পায়ে দাঁড়িয়ে আছে। সে তালগাছকে জিজ্ঞেস করে--
ঝাঁকড়া চুলো তালগাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই?
আমার মতন পড়া কি তোর মুখস্থ হয় নাই?
আমাদের প্রিয় কবি লিখেছেন অনেক। বড়দের জন্য যেমন লিখেছেন, ছোটদের জন্যও তেমনি লিখেছেন অনেক অনেক ছড়া, কবিতা, গল্প আর নাটক। তোমাদের প্রতি তার অন্তরের টান অগাধ ছিল বলেই তিনি যা উপহার দিয়েছেন, তা হয়ে উঠেছে ঝরঝরে, প্রাণস্পর্শী। প্রিয় কবির লেখাগুলো তোমাদের যদি পড়া না হয়ে থাকে, তাহলে শিগগির বাবা কিংবা মাকে বল জোগাড় করে দিতে আর পড়ে ফেল ঝটপট। পড়ে যে আনন্দ পাবেই, একথা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়!
