ছোট্ট জ্যোতির বিশাল আলোকপ্রভা
ভারতের নাগপুর শহর। চারজন স্বাস্থ্যবান স্বাভাবিক বাচ্চার মা রঞ্জনা আমগেকে ডাক্তার জানালেন তার আবার একটি সন্তান হবে। অভিজ্ঞ মা রঞ্জনা বেশ আঁচ করতে পারছিলেন তার এবারের সন্তানটি ঠিক আগেরগুলোর মতো স্বাভাবিক নয়।
তিনি আবার গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার তাকে আল্ট্রাসনোগ্রাম করলেন। কিন্তু কোনো বাচ্চা সেখানে দেখা গেল না। এমনকি পুরো নয় মাস পেটে থাকার পরও কোনো মেশিনে স্ক্যান করে পেটের ভেতর বাচ্চাটিকে সনাক্ত করা গেল না। ডাক্তাররা ভাবলেন, হয় পেটের শিশুটি মরে গিয়েছে অথবা অন্য কোনো সমস্যা হয়েছে। আসলে হয়ত কোনো বাচ্চাই রঞ্জনার পেটে নেই!
তোমরা হয়ত জান, বাচ্চারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে থাকতে পারে। সেটি সাধারনত নয় মাসের একটি সময়সীমা হয়। এ সময়ের পরও বাচ্চাটি যদি নিজে থেকে বের না হয়ে আসে তবে তাকে অপারেশন করে বের করা হয়। অথচ রঞ্জনার পেট ১০ মাসেও যখন স্ক্যান করে কোনো বাচ্চার ছবি পাওয়া গেল না, ডাক্তাররা ঘোষণাই করে দিলেন এখানে আসলে পানি জমেছে, এখানে কোনো মানুষের অস্তিত্ব থাকতেই পারে না। যদিও বা কোনো বাচ্চা এখানে থেকে থাকে, সেটি আর বেঁচে নেই। কারণ, মায়ের পেটে থাকার নয় মাসের সময়সীমা পেরিয়ে গেছে বহু আগেই।
১৬ ডিসেম্বর, ১৯৯৩ সাল। ডাক্তাররা অবশেষে সিদ্ধান্ত নিলেন রঞ্জনার পেটে অপারেশন করে সমস্যা খুঁজে বের করা হবে। সবাইকে অবাক করে দিয়ে পেট থেকে বের হল ছোট্ট এক মেয়ে শিশু। মেয়েটির নাম রাখা হল জ্যোতি। ওজন তার মাত্র ৩ পাউন্ড। রঞ্জনার হাতে বাচ্চা বুঝিয়ে দেওয়ার সময় ডাক্তাররা জানিয়ে গেলেন এই শিশুটি খুবই দুর্বল, বড়জোর সে ১০মিনিট বাঁচবে।
ছোট্ট সেই শিশু জ্যোতিকে নিয়েই আমাদের আজকের গল্প। শূণ্য থেকে শুরু করার গল্প। কঠিন পরিস্থিতিতেও হেরে না যাওয়ার গল্প। ডাক্তারদের সকল অনুমান ভুল প্রমাণ করে জ্যোতি কিন্তু বেঁচে আছে আজও। এখন তার বয়স ২১ বছর প্রায়। বয়স একুশ বছর হলে কী হবে? জ্যোতি দেখতে মোটেই একজন একুশ বছরের মেয়ের মতো না। জ্যোতির উচ্চতা আটকে আছে সাড়ে তেইশ ইঞ্চিতে যা একটি দুই বছরের বাচ্চার স্বাভাবিক উচ্চতার থেকেও কম।
গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ইতোমধ্যেই জ্যোতিকে পৃথিবীর সবচেয়ে কম উচ্চতার জীবিত নারী হিসাবে নথিভুক্ত করেছে। যদিও পৃথিবীর সবচেয়ে কম উচ্চতার নারীর নাম লুসিয়া জারাতে। তিনি ১৮৯০ সালে মৃত্যুবরণ করেন। তাই সবচেয়ে কম উচ্চতার জীবিত নারীর উপাধি এখন জ্যোতির কাছে। সেসব কথা বরং বাদ থাকুক। তোমাদের শোনাই ছোট্ট জ্যোতির বিশাল সাহস আর ব্যাক্তিত্বের গল্প।
পৃথিবীতে একজন মানুষ যখন অন্যদের থেকে দেখতে আলাদা হয়, তখন অন্যরা তাকে নানাভাবে হেয় করার চেষ্টা করে। তাকে খুব করে বুঝিয়ে দেওয়া হয় যেহেতু সে অন্য সবার মতো না তাই তাকে কথায় কথায় কষ্ট দেওয়াই যায়। তার অক্ষমতা নিয়ে হাসি ঠাট্টা করা যায়, তার পরিবারকে বাজে কথা বলা যায়, তার মা-বাবার দোষ খুঁজে বের করা যায়। জ্যোতিকেও বাইরে এমন মানুষের সঙ্গে চলতে হয়েছে যারা তাকে কষ্ট দিয়েছে, তাকে বাজে কথা বলেছে। একবারও তারা ভাবেনি জ্যোতি নিজের ইচ্ছায় এমন হয়নি বরং সৃষ্টিকর্তাই ওকে এমন করে বানিয়েছেন।
ঘরে অবশ্য পরিস্থিতি এত খারাপ না। পরিবারের সবাই জোতিকে বেশ আদর করেই বড় করেছে। বাড়ির সবচেয়ে ছোট হওয়ায় ও বলতে গেলে সবার কোলে কোলেই থাকে সবসময়। আর থাকবে নাই বা কেন? জ্যোতি যে এক জীবন্ত পুতুল। তার বুদ্ধি, হাস্যরসবোধও বেশ ভালো। বাসার সবাইকে সবসময় আনন্দে মাতিয়ে রাখে ও।
ভারতে কিন্তু স্বাভাবিক মেয়ে শিশুরাও নানারকম অন্যায়ের শিকার হয়। পরিবারেই তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়। ছেলেদের থেকে তাদের কম যোগ্য ভাবা হয় এবং মায়ের পেটের শিশুটি মেয়ে জানা গেলে পেটেই তাকে মেরে ফেলার মতো নৃশংস কাজও করা হয় অহরহই। তবে এসব ঘটনার ছায়াও কখনও জ্যোতির উপর পরতে দেয়নি ওর পরিবার। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা নিজেদের বাড়িতে একটি প্রদীপ সর্বক্ষণ জ্বালিয়ে রাখে জ্যোতির জন্মের পর থেকেই। তারা বিশ্বাস করে এই প্রদীপের শিখা যতদিন এভাবে জ্বলবে জ্যোতির জীবনপ্রদীপেও কোনো অশুভ ছায়া পরবে না।
এতসব ভালোবাসা আর সমাদরের কারণে জ্যোতির আত্মবিশ্বাসও হয়েছে দেখার মতো। হতে পারে তার উচ্চতা কম অথবা সে দেখতে মোটেই একুশ বছরের মেয়েদের মতো না। কিন্তু তার স্বপ্ন অনেক অনেক বড়। জ্যোতি ছোটবেলা থেকেই চায় ভারতীয় চলচ্চিত্র জগতের একজন হতে। ওর কথায় বা কাজে কোন আড়ষ্টতা নেই, নিজের স্বপ্নের জগতের নায়িকা ও নিজেই।
পৃথিবীর সবচেয়ে কম উচ্চতার নারীর খেতাব পাওয়ার পর আমেরিকার একটি টিভি শোতে উপস্থাপক জ্যোতিকে জিজ্ঞেস করেন, ‘তোমার নাকি স্বপ্ন বলিউডে কাজ করার?’ জ্যোতি পূর্ণ আত্মবিশ্বাসে জবাব দেয়, ‘না। এখন তো আমি অনেক বিখ্যাত হয়ে গেছি। আমেরিকাতেও প্রায় সবাই আমাকে চিনে ফেলেছে। তাই আমি এখন আর বলিউডে কাজ করতে চাই না। আমি এখন হলিউডেই কাজ করতে চাই।’
জ্যোতি নিজের এই আত্মবিশ্বাস বয়ে নিয়ে গিয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে। যদিও সে নিজে একমাত্র হিন্দি ভাষাই জানে, কিন্তু পৃথিবীর অনেক দেশের, অনেক ভাষার মানুষ তার কথা শুনতে আগ্রহী। তাদের এই ভালোবাসায় জ্যোতি ছুটে বেড়াচ্ছে এদেশ থেকে ওদেশ। তার এই চমৎকার ব্যক্তিত্বের জন্য ভারতীয় রিয়ালিটি শো 'বিগ বস'-এর সিজন সিক্স-এ জ্যোতিকে আনা হয়েছিল একজন অতিথি প্রতিযোগী হিসেবে। জ্যোতি সেই অনুষ্ঠানও মাতিয়ে দেয় নিজগুণে। সম্প্রতি এ বছর অগাস্টে 'আমেরিকান হরর স্টোরি' নামের টিভি শোতেও জ্যোতিকে যুক্ত করা হয়েছে। অর্থ্যাৎ জ্যোতির হলিউডে কাজ করার স্বপ্নও প্রায় পূরণ হওয়ার পথে।
শুরুতে বলেছিলাম যারা আর দশজন সাধারণ মানুষের মতো না, তাদের সঙ্গে সমাজের মানুষের খারাপ ব্যাবহারের কথা। তোমরা হয়ত ভাবছিলে কই আমরা তো কখনও অন্যকে হেয় করি না! কিন্তু আসলে আমরা সবাই এগুলো করি। অনেক সময় না বুঝেই করে ফেলি। এমনকি আমাদের ভাষায় কিছু প্রবাদ আছে সেগুলোতে জ্যোতির মতো যারা স্বাভাবিক না তাদের অক্ষমতাকে নিয়ে হাসি-ঠাট্টা করা হয়। এমন একটা প্রবাদ হচ্ছে, ‘বামুন হয়ে চাঁদে হাত দেওয়া’। আমরা যেন ধরেই নিয়েছি যে সৃষ্টিকর্তা যাদের আমাদের মতো সহজ স্বাভাবিক করেননি তারা বুঝি কিছুই পারবে না। কিন্তু দেখ জ্যোতিকে, সে শুধু উচ্চতায়ই খাট না বরং সে পৃথিবীর সবচেয়ে কম উচ্চতার মানুষ। কিন্তু জ্যোতি শুধু যে চাঁদকে ছুঁয়েছে তা-ই না, ও তারকাদের মাঝে নিজের অবস্থানও তৈরি করে নিয়েছে।
জ্যোতি যখন বিভিন্ন দেশে যায় সাক্ষাৎকার দিতে, অভিনয়ের কাজে এবং নিজের চিন্তা-চেতনার আলোক ছড়াতে, তখন ওর সঙ্গে ওর বাব-মা এবং কোনো একজন ভাই বা বোন যায়। তারা সবাই জ্যোতিকে নিয়ে গর্ব করে। তারা বিশ্বাস করে জ্যোতি সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের জন্য একটি উপহার। তাদের এই বিশ্বাস জ্যোতির জন্মের পর থেকেই ছিল। তাই তারা জ্যোতিকে সেইভাবেই আদর-যত্ন করে রাখত শুরু থেকেই।
তোমাদের আশপাশেও হয়ত জ্যোতির মতো কেউ না কেউ আছে। তারা কেউ হয়ত দেখতে পায় না, কেউ চলতে পারে না, কেউ কথা বলতে পারে না। হতে পারে তাদের উচ্চতা কম অথবা অন্য কোনোদিক দিয়ে তারা ঠিক অন্য সব স্বাভাবিক মানুষের মতো নয়। তোমরা কখনও তাদের কষ্ট হয় এমন কিছু করবে না। সবসময় চেষ্টা করবে তাদের জীবনকে সহজ করতে। ভাববে, এমনটা তো তোমার সঙ্গেও হতে পারত। আর আজকে সে তোমার থেকে কম বলে সারা জীবন কম থাকবে এমনও কিন্তু নয়। দেখ জ্যোতিকে, ছোট্ট মেয়েটি কার থেকে কোন অংশে কম?
কেউ যদি জ্যোতির মতোই হয়ে থাকো, কখনও এটা নিয়ে মন খারাপ করবে না। নিজের উপর বিশ্বাস করবে। অন্যরা যা দুইবারে করে তুমি দশবার করবে। কিন্তু থেমে যাবে না কিছুতেই। জয় তোমার হবেই।
