ক্রিকেট বলের কথা
বেসবল খেলা নিশ্চয়ই তোমরা দেখে থাকবে। অনেকটা ক্রিকেটের মতোই। দুই দলে ভাগ হয়েই ওরা খেলে।
একদল ব্যাটিং করে, আরেকদল করে বোলিং। ক্রিকেটের মতোই আম্পায়ারও থাকে। আর থাকে মাঠভর্তি দর্শক! কারণ খেলাটাও যে বড়-সড় কোনো মাঠেই হয়। এতো মিলের মাঝেও কিন্তু বিশাল একটা অমিল আছে। আর অমিলটা হল বল নিয়ে। ক্রিকেট খেলায় বহুবার ব্যাটসমানরা ছক্কা পিটিয়ে বল গ্যালারিতে পাঠায়। যতবারই পাঠাক না কেন, প্রতিবারই সেই বল মাঠে ফেরত পাঠাতে হয়। কিন্তু বেসবল খেলায় বল যদি গ্যালারিতে চলেই যায়; আর তুমিই যদি সেটা পেয়ে যাও, তাহলে নিশ্চিন্ত মনে ওটা সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারবে। ফেরত দিতে হবে না! দারুণ না ব্যাপারটা?
ভয় পেয়ো না, বেসবল আর ক্রিকেট বল নিয়ে একগাদা পার্থক্য শোনাব না আজ তোমাদের। বরং ক্রিকেট বল নিয়ে মজার মজার কিছু কথা জানাব। ক্রিকেট বলকে পেটাতে দেখলে আমরা সবাই খুশি হই। বিশেষ করে যখন দেখি বড় কোনো দলের বিপক্ষে সাকিব-তামিম-মুশফিকরা বেধড়ক পেটাচ্ছে। আবার সেই বলই যখন মাশরাফির দারুণ এক সুইংয়ে বিপক্ষ ব্যাটসম্যানের স্ট্যাম্প উড়িয়ে দেয়, তখনও আনন্দিত হই। শুধু পেস বোলিং কেন, রাজ্জাক কিংবা সাকিবের ঘূর্ণি বলেও যখন ব্যাটসমান বোকা বনে যায়, তখনও তো মজাই লাগে আমাদের, তাই না? কাণ্ডটা দেখো একবার-- এত মজা করে আমরা ক্রিকেট ম্যাচগুলো দেখি অথচ ক্রিকেট বলের অনেক কথাই জানি না। ব্যাপারটা কি ভালো দেখায়, বলো? আজ তাহলে চল, ক্রিকেট বল নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক।
বলের ওপরের চামড়ার রঙটা বহুদিন ধরে শুধু লাল রঙেরই ছিল। এরপর যখন দিবা-রাত্রি ক্রিকেট ম্যাচ শুরু হল, তখন থেকেই সাদা রঙের বল ব্যবহারের শুরু। রাতের বেলা ফ্লাড লাইটের আলোয় লাল রঙের বল সহজে দেখা যায় না। আর সেজন্যই লালের বদলে অন্য কোনো রঙ খোঁজা হচ্ছিল। এজন্য হলুদ আর কমলা রঙের বল দিয়ে খেলা চালিয়ে শেষ পর্যন্ত সাদাকেই বেছে নেওয়া হয়েছে। হুমম, এখন নিশ্চয়ই প্রশ্ন করবে, প্রথম কবে তাহলে দিবা-রাত্রির ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? যতদূর জানা যায়, ১৯৭৯ সলের ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল প্রথম দিবা-রাত্রি ম্যাচ।
এসজি কিংবা ডিউক বল পেস বোলারদের বেশ উপকার করে। কারণ কুকাবুরা বলের তুলনায় এই বলের সিম (বলের উপরের সুতা) বেশ ভালো হয়। যা কিনা বাতাসে সুইং কিংবা পিচে পড়ে আরও ভালো সুইং করতে পারে। আর বল যত পুরনো হতে থাকে, দেখবে যে, ফিল্ডাররা খুব ভালো করে শুধু একদিকেই ঘষতে থাকে। এতে করে বলের একদিক পুরনো হয়, অন্যদিক চকচক করতে থাকে। আর তাতেই ফাস্ট বোলাররা রিভার্স সুইং করতে পারে।
যাক বল নিয়ে অনেক কথাই হল। এবার তোমাদের আরেকটা অবাক করা গল্প বলে আজ শেষ করি। ২০০৪ সালের নভেম্বর মাসে শ্রীলঙ্কায় একটা ক্রিকেট বল তৈরি করা হয়। বলটা ছিল হীরার তৈরি! ওজন ৫৩.৮৩ ক্যারেট আর পুরো ১২৫ গ্রাম দিয়ে স্বর্ণের বলের সিম বানানো হয়েছিল!
