২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার না মানা প্রাণী!

ইদানিং কী গরমটাই না পড়ছে, দেখেছ? মাঝে-মাঝে নিশ্চয়ই ইচ্ছে করছে ফ্রিজের ভেতরে গিয়ে খানিকক্ষণ চুপটি করে বসে থাকতে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সাদিয়া ইসলাম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 03:19 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

আবার কখনো কখনো মনে হচ্ছে গরম না, সারাবছর শীতকালটা থাকলেই যেন সবচেয়ে ভাল হয়। খুব আরাম করে লেপ মুড়ি দিয়ে মায়ের কোলের কাছে গুটিশুটি মেরে শুয়ে থাকা যায়।

কিন্তু শীতকাল আসলেও কি কম ঝামেলা নাকি? তখন আবার শীতের চোটে দাঁতে দাঁতে এমন কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যে মনে হয় গরমকালটা আসলেই এবার বাঁচা যায়। সত্যিই খুব অদ্ভূত ব্যাপার তাই না? গ্রীষ্মকালে ভালো লাগে শীতকে আর শীতকালে গ্রীষ্মকে। কী ভাবছ? সবারই বুঝি এমন হয়? এমন কোনো প্রাণীই কি নেই যাদের ঠাণ্ডা-গরমের কোনো ঝামেলাই নেই?

আছে। সত্যিই এমন কিছু প্রাণী আছে, যাদের কাছে শীত-গ্রীষ্ম সব হার মেনে যায়। অনেক ঠাণ্ডা আর অনেক গরমেও যাদের কোনো সমস্যাই হয় না। আর এমন ঠাণ্ডা-গরমকে বুড়ো আঙুল দেখান কিছু প্রাণীর কথাই আজ তোমাদের বলব--

১. বনব্যাঙ বা উড ফগ: আলাস্কার এই বিশেষ প্রজাতির ব্যাঙগুলো প্রচুর ঠাণ্ডাতেও থাকে একদম স্বাভাবিক। ৬ ডিগ্রী ফারেনহাইট (-১৪.৬ ডিগ্রী সেলসিয়াস) থেকে শুরু করে ০ ডিগ্রী ফারেনহাইট (-১৮ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রাতেও এদের কোনোই সমস্যা হয় না। এক গবেষণা অনুসারে গুনে গুনে টানা সাত মাস এরকম তাপমাত্রায় রাখার পরও খুব একটা রকমফের হয়নি এদের।

আসলে খুব ঠাণ্ডা পড়লে এই ব্যাঙগুলো নিজেদের শরীরে একধরনের গ্লুকোজ তৈরি করে নেয়। ফলে ওদের শরীরের পানি খরচ হয় খুবই কম। শুধু তাই না, বরফ থেকে একেবারে নিজস্ব উপায়ে এই ব্যাঙগুলো নিজেদের শরীরের এই গ্লুকোজ তৈরি করে নিতে পারে। আর তাই খুব ঠাণ্ডাতেও দিনের পর দিন স্বাভাবিকভাবে বেঁচে থাকতে কোনো সমস্যাই হয় না ওদের।

২. রেড ফ্ল্যাট বার্ক বিটেল: নর্থ ক্যারোলিন থেকে আর্কটিক সার্কেল-- সবজায়গাতেই পাওয়া যায় এই খটমটে নামের প্রাণীটিকে। -১৪৮ ডিগ্রী ফারেনহাইট (-১০০ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রাতেও জমে যায় না এরা। আর এজন্যে বিটেলরা নিজেদের শরীরেই তৈরি করে ঠাণ্ডা প্রতিরোধকারী একধরনের প্রোটিন এবং গ্লিসেরল। শরীরে পানি কম হয়ে গেলে এই প্রোটিন আর গ্লিসেরলের মাধ্যমেই নিজেদেরকে স্বাভাবিক রাখে বিটেলরা। অনেকে অবশ্য মনে করে, শরীরের মধ্যে থাকা একধরনের ব্যাকটেরিয়ার কারণেই এত ঠাণ্ডাতেও জমতে পারে না বিটেলরা। ৩. সাহারা ডেজার্ট অ্যান্ট: না, ঠাণ্ডা না। বরং এই পিঁপড়াগুলো বিখ্যাত এদের গরমকে সহ্য করার ক্ষমতার জন্য। তাও আবার যেন তেন রকম গরম না। ভয়ানক গরম। ১২২ ডিগ্রী ফারেনহাইটেও এদের এতটুকু সমস্যা হয় না। এরা বেশ স্বাভাবিকভাবে এমন গরমে চলাফেরা করতে পারে। লম্বা লম্বা পাগুলোই অবশ্য গরমকে বধ করতে সাহায্য করে এদের। সাহারা ডেজার্ট অ্যান্টই একমাত্র পিঁপড়া যারা কিনা ১১৩ ডিগ্রী ফারেনহাইটেও কড়া সূর্যের নীচে দৌড়ে দৌড়ে নিজের খাবার খুঁজে বেড়ায়। ৪. ওয়াটার বিয়ার, টারডিগ্রেড বা পানিভাল্লুক: এই প্রাণীগুলো কেবল ঠাণ্ডা অথবা গরম না, সহ্য করতে পারে দুটোকেই। -৪৫৯ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় যেমন এরা স্বাভাবিক থাকে, তেমনি ৩০২ ডিগ্রী ফারেনহাইটেও মানিয়ে নেয় নিজেকে সহজেই। গরম ঝর্ণা থেকে জমাট বরফ- সব জায়গাতেই দেখতে পাওয়া যায় এদের। তবে আশ্চর্যের ব্যাপার হল, পৃথিবীতে জন্ম নেওয়া এই ছোট্ট প্রাণীগুলোকে দেখতে পাওয়া যায় মহাকাশেও। ২০০৭ সালে সুইডিশ গবেষক কে. ইনজিমার জনসন ফোটন এম-থ্রি নামের মহাকাশযানে করে এদের মহাকাশে পাঠায়। বায়ুহীনস্থানে মহাজাগতিক রশ্মির সংস্পর্শেও এদের কোনো ক্ষতি হয় নি। তবেই বোঝ, কী রকম কঠিন প্রাণ এদের!