এই জামাটা তোমার
লিফটে একাকী উঠতে শিখেছে তিথি। আগে একটু ভয় করলেও এখন আর ভয়-টয় করে না।
সেদিন তার মা বলে,‘ও তিটি, যা তো মনু মামার দোকান থেকে একটা ভরসা ম্যাচ নিয়ে আয়।’ তিথি নাচতে নাচতে দৌড় শুরু করে। মা বলে, ‘অ্যাই তিটি, ট্যাকা নিয়্যা যা!’ মায়ের ডাকে টাকার কথা মনে পড়ে তিথির। তোমরা আবার তিথিকে তার মায়ের মতো তিটি বলো না। তিথির মা তিথি বলতে পারে না। বলে তিটি। তিনি যে বাসায় কাজ করেন, সে বাসার মালিক বলে, ‘তিথির মা, তুমি মেয়েটাকে সুন্দর করে ডাকতে পারো না? তিথির মা বলে, ‘আমি তো সুন্দর করেই ডাকি ভাইজান!’
‘সুন্দর করে কই ডাকলা, মেয়ের নাম তিথি আর তুমি বলো তিটি। আচ্ছা, চিঠি বলো তো তিথির মা?’
‘চিটি।’
‘বলো তো পিঠেপিঠি?’
‘পিটেপিটি।’
‘অ্যাই রে, খাইছে আমারে!’
‘ভাইজান, আপনি আমারে লজ্জা দিয়েন না তো।’ এই বলে তিথির মা কাপড়ের আঁচলে মুখ ঢেকে রান্না ঘরের দিকে চলে যায়। আর তিথি ম্যাচের বায়নায় লিফটে উঠে আকাশ-পাতাল খেলা শুরু করে। বলবে, আকাশ-পাতাল খেলাটা আবার কেমন? বলছি, এই খেলাটা শুরুর আগে তোমাকে কিন্তু দু’জন মানুষকে ফাঁকি দেওয়া শিখতে হবে। তাদের একজন হচ্ছে দারোয়ান। আরেকজন লিফটম্যান। যাদের বাড়িতে লিফটম্যান নেই তারা শুধু দারোয়ানকে ফাঁকি মারাটা শিখতে পারলেই হয়ে যাবে। তবে তিথির তখন কাউকে ফাঁকি দিতে হয়নি। সে তো ম্যাচের জন্যই যাচ্ছে। তো তিথি লিফটের জিএফ বাটন টিপে একবার নিচে নামে। আবার ৬ টিপে উপরে ওঠে। দরজা খোলার আগেই ক্লোজ বাটনে টিপে আবার গ্রাউন্ড ফ্লোরের বাটন চেপে দেয়। এভাবে উপর-নিচ ওঠানামার খেলাটার সে নাম দিয়েছেÑ আকাশ পাতাল খেলা। তো সে নিচে নেমে একবার ৬ বাটন টিপতেই লিফট সাঁই সাঁই করে উপরে যেতে শুরু করে। যাচ্ছে তো যাচ্ছেই। তিথিও আর জিএফ বাটন চাপে না। উঠতে উঠতে মেঘের ভেতর ঢুকে গেল লিফট। ওমা, তার গায়ে মেঘ লেগে লেগে যায়। মেঘ আবার বৃষ্টি হয়ে গায়ে ঝরে পড়ে। একটু সাদা মেঘ। সামনে এগোতেই কালো মেঘ। আরেকটু এগিয়ে দেখে নীল মেঘ। তারপরের মেঘ দেখতে অনেকটা লালচে টাইপের। এমন রাজ্যের মেঘে ঢাকা আকাশে লিফট উঠতে থাকে। মেঘের ভেতর থেকে সিনডারেলার মতো একটা পরী আসে। তিথির দিকে তাকিয়ে হাসে। মনু মামা ফটো তোলার সময় যেমন করে হাসে ঠিক তেমন করে। তিথিকে একটা ব্যাগ দেয়। সোনালি ব্যাগ। পরীটা তিথির মুখের নরম জায়গাটা ধরে ‘গুলু গুলু’ বলে আদর করে দেয়। জানো, এই আদর পেয়ে না তিথি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। সে ঘুমুচ্ছে আর ঘুমুচ্ছে। হঠাৎ দারোয়ান এসে বলে, ‘অ্যাই মাইয়্যা, ওঠ; এটা কি খাট-পালং নাকি? যা ঘরে গিয়া ঘুমা।’
তিথি হাতের পিঠ দিয়ে চোখ মুছে হাই তুলতে তুলতে বসে। আরে, সত্যিই তো সোনালি একটা প্যাকেট তার কোলে। সে একবার দারোয়ানের দিকে তাকায় আবার সোনালি প্যাকেটটা দেখে। দারোয়ান একটু এগিয়ে প্যাকেটটা ধরতে চায়। তিথি দেয় না। বাসায় এনে লুকিয়ে রাখে। ঈদের আগের রাতে চুপিচুপি প্যাকেটটা খুলতে বসে। একটু খুলতেই অদ্ভুত ঘ্রাণে ঘর ভরে যায়। সবাই চলে আসে রান্নাঘরে-- যেখানে তিথি ঘুমায় তার মায়ের সঙ্গে। বাড়িওয়ালা আঙ্কেল বলে, ‘ও তিথি, কী আছে রে এই ব্যাগে?’
‘আমি তো জানি না।’ এই বলে তিথি ব্যাগটা তার দিকে বাড়িয়ে দেয়। আঙ্কেল বলে, ‘এতো সুন্দর ব্যাগটা কই পেলি তুই?’ ‘আকাশে। সেদিন লিফটে করে আমি তো আকাশে গিয়েছিলাম। একটা সিন্ডারেলা পরী আমাকে দিল প্যাকেটটা।’
আঙ্কেল তার দিকে তাকিয়ে বলে,‘ভালো তো। তুই নিজেই খোল ব্যাগটা।’
ব্যাগ আরেকটু খুলতেই নীল একটা কাগজ বেরিয়ে আসে। যাতে লেখাÑ এই জামাটা তোমার।
ব্যাগ খোলার পর ডানাওয়ালা একটা জামা পায় তিথি। সবার পছন্দ হয় জামাটা। এবার ঈদে এই জামাটাই পরবে তিথি। তোমরাও চাইলে পরীদের কাছ থেকে ঈদের জামা গিফট পেতে লিফটে উঠে আকাশ-পাতাল খেলা শুরু করে দিতে পারো! ঈদ তো এখনও বেশ দূরে; খেলাটা শুরু করেই দেখ না...!
